২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাথুরুসিংহের কাছে নিশ্চয়ই জাদুর কাঠি আছে’

জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চান্দিকা হাথুরুসিংহেকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে একরকম খোঁচাই দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2023, 06:56 PM

Updated : 04 Feb 2023, 06:56 PM

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে ফিরে কেমন করবেন চান্দিকা হাথুরুসিংহে তা নিয়ে নানান আলোচনা দেশের ক্রিকেটে। ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কোচ-ক্রিকেটারদের কাছ থেকে। এই আলোচনায় যোগ দিতে রাজি নন মোহাম্মদ সালাউদ্দিন। উল্টো হাথুরুসিংহেকে ফেরানো নিয়ে বোর্ডের মরিয়া ভাব নিয়ে একরকম খোঁচাই মেরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ।

চলতি মাসের প্রথম দিন থেকেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু হয়ে গেছে হাথুরুসিংহের। তবে তার বাংলাদেশে আসার কথা আগামী ২০ ফেব্রুয়ারি। হাথুরুসিংহেকে নিয়োগ দেওয়ার আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, ক্রিকেটারদের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা তাকে বাড়তি সুবিধা দেবে।

জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের মতে, হাথুরুসিংহে ফিরলে সবার জন্য ভালো কাজ হবে। এছাড়া বোর্ড সভাপতি নাজমুল হাসান জানান, অন্যান্য কোচদের প্রায় সবাই বিভিন্ন লিগের সঙ্গে সম্পৃক্ত থাকায় বাংলাদেশে পূর্ণ সময় দিতে পারবেন না। হাথুরুসিংহেকে ফেরানোর পেছনে এটিও প্রভাবক হিসেবে কাজ করেছে। 

অথচ প্রথম দফার দায়িত্বে বাংলাদেশের সঙ্গে হাথুরুসিংহের সম্পর্কের সমাপ্তিটা ছিল তিক্ততায় ভরপুর। প্রায় তিন বছর কাজ করার পর ২০১৭ সালের দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে আর বাংলাদেশে ফেরেননি হাথুরুসিংহে। দক্ষিণ আফ্রিকায় বসেই পাঠান নিজের পদত্যাগপত্র। 

বোর্ডের পক্ষ থেকে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া দেননি তিনি। পরে একবার দেশে এসে সম্পর্ক শেষ করার কাগুজে আনুষ্ঠানিকতা সারেন হাথুরুসিংহে। তখনও সংবাদমাধ্যমকে এড়িয়ে যান লঙ্কান কোচ। 

এমনভাবে চলে যাওয়া একজনকে ফেরানো নিয়েই প্রশ্ন ঘরোয়া ক্রিকেটের সফল কোচ সালাউদ্দিনের। শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লার ম্যাচের পর সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের দ্বিতীয়বার ফেরা বাংলাদেশ দলের জন্য কেমন হতে পারে জানতে চাওয়া হয় সালাউদ্দিনের কাছে। তার উত্তরে মিশে থাকল বোর্ডের প্রতি এক প্রকারের শ্লেষ। 

“আমার মনে হয়, আমরা যেভাবে হাথুরুসিংহেকে চেয়েছি, তার কাছে নিশ্চয়ই অনেক জাদুর কাঠি আছে। তা না হলে আসলে এভাবে আমরা... কেউ একজন হঠাৎ করে চলে গেছে, তাকে আবার আমরা জোর করে আনছি। নিশ্চয়ই (তার কাছে) জাদুর কাঠি কিছু আছে। আমি জানি না। তবে নিশ্চয়ই সবাই আশা করে অনেক ভালো ফল হবে।”

হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর এখন জাতীয় দলের জন্য একজন সহকারি কোচ খুঁজছে বিসিবি। সালাউদ্দিন কি এই পদে কাজ করতে ইচ্ছুক?

“আমার মনে হয়, বোর্ডের যারা (কোচ হিসেবে) দায়িত্বরত আছে, তাদের থেকে (সহকারি কোচ) নিলে সবচেয়ে ভালো হয়। তারা অনেক দিন ধরে বোর্ডে কাজ করছেন। বিভিন্ন কোচের সঙ্গে কাজ করছেন। তারা আসলে হাথুরুসিংহের সম্পর্কে জানে। তারা হয়তো তাকে সেরা কাজটা করতে পারবেন। আমি আসলে বয়সভিত্তিক পর্যায়ের ছেলেদের চিনি না, এইচপির ছেলেদেরও চিনি না। আমার একটা জায়গায় কাজ করতে হলে সব জ্ঞান লাগবে এবং প্রধান কোচ সম্পর্কে ধারণা থাকতে হবে। হাথুরুসিংহের মানসিকতা কেমন, সে কেমন কোচ তা আমি জানি না। আমি যার সাথে কাজ করব তার ব্যাপারে আমার জানা দরকার।” 

“আমার এখন যেই বয়স, নিজে থেকে মানিয়ে নেওয়ার মানসিকতা আমার আছে কি না, জানি না। কারণ গত ৫-১০ বছর ধরে প্রধান কোচ হিসেবে কাজ করছি। এখন সহকারি কোচের দায়িত্বটা আমি পারব কি না, আমার সেই সার্বিক ক্ষমতা আছে কি না সেটাও দেখতে হবে। কারণ সহকারি কোচদের কাজ অনেক বেশি। তো বোর্ডে যারা আছে, তাদের মধ্যে থেকে দিলে তারা সেরা ফলটা পাবে।”