মায়ের কড়া নিষেধ, পিসিবিতে কাজ করবেন না শোয়েব আখতার
পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা উড়িয়ে দিলেন সাবেক এই ফাস্ট বোলার।
সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। পাকিস্তানের ক্রিকেট আঙিনায় ছড়িয়ে পড়েছে। পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে চলেছেন শোয়েব আখতার। তবে সেই গুঞ্জন হেসেই উড়িয়ে দিলেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) এই ধরনের কোনো কাজ করবেন না বলেও সাফ জানিয়ে দিলেন সাবেক এই ফাস্ট বোলার। মনে করিয়ে দিলেন তিনি মায়ের সতর্কবার্তার কথাও।
সম্প্রতি তুমুল আলোচিত-সমালোচিত ইংল্যান্ড সফরের পর থেকেই গুঞ্জন চলছে, পাকিস্তানের ক্রিকেটে আরেক দফায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। সেই পরিক্রমাতেই শোয়েবকে নিয়ে এই খবর ছড়িয়ে পড়তে থাকে।
তবে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে সর্বকালের সবচেয়ে গতিময় পেসার বলে বিবেচিত তারকা বললেন, এই খবর সত্যি নয়। অনুষ্ঠানের উপস্থাপক মনে করিয়ে দেন, শোয়েব একবার বলেছিলেন যে, তাকে পিসিবি ও পাকিস্তানের রাজনীতি থেকে দূরে থাকতে বলেছেন তার মা।
৫১ বছর বয়সী তারকা নিজেও তুলে আনলেন মায়ের সেই কথার প্রসঙ্গ।
“এরকম কিছুই হচ্ছে না। যা কিছু বলা হচ্ছে সবই অনুমাননির্ভর। আমি আমার বক্তব্যে অটল এবং (মায়ের) সেই পরামর্শেই অটল থাকব।
এই দাবিগুলোর কোনো সত্যতা নেই। পিসিবিতে যাওয়ার ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি আমার বক্তব্যে অবিচল। প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার বিষয়ে এই সমস্ত খবর শুনেছি আমিও। কিন্তু এগুলো সবই ভুয়া এবং এই ধরনের দাবির কোনো সত্যতা নেই। আমি শুধু পাকিস্তান ক্রিকেটের মঙ্গল চাই।”
শোয়েব আরও বলেন, পিসিবির সঙ্গে তার এসব নিয়ে কোনো ধরনের আলোচনাই হয়নি। তিনি ছুটি কাটাচ্ছেন দেশের বাইরে।
পিসিবিতে কাজ না করেও যে দেশের ক্রিকেটের উপকার করা যায়, সেটিই তুলে ধরলেন তিনি, “অবশ্যই পাকিস্তান ক্রিকেটের সেবা করতে চাই, কিন্তু আমি মনে করি, তা আরও অনেক উপায়েই করতে পারি।”
