২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা সিরিজে ফেরা হচ্ছে না বুমরাহর

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও ভারতের এই পেসারের খেলা নিয়ে রয়েছে সংশয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 07:07 PM

Updated : 09 Jan 2023, 07:07 PM

আরও বিলম্বিত হচ্ছে ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহর মাঠে ফেরা। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না এই ফাস্ট বোলার।

আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও তার খেলা নিয়ে রয়েছে সংশয়। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ২৯ বছর বয়সী পেসারের ম্যাচ ফিটনেস ফিরে পেতে আরও এক মাস সময় লাগতে পারে।

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই সোমবার এক বিবৃতিতে বুমরাহকে শ্রীলঙ্কা সিরিজ থেকে সরিয়ে নেওয়ার কথা জানায়।

“ওয়ানডে সিরিজের আগে গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দিতে বুমরাহ প্রস্তুত ছিলেন। বোলিং স্বাভাবিক অবস্থায় আনতে তার আরও কিছুটা সময় লাগবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পিঠের চোটে গত বছরের সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে বুমরাহ। ফলে খেলতে পারেননি গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য গত ২৭ ডিসেম্বর ভারতের ঘোষিত দলে ছিলেন না বুমরাহ। এক সপ্তাহ পর ৩ জানুয়ারি তাকে ওয়ানডে দলে যোগ করার কথা জানায় বোর্ড।

“পেসারের (বুমরাহ) পুনর্বাসন শেষ হয়েছে এবং এনসিএ তাকে ফিট ঘোষণা করেছে। তিনি শিগগিরই ভারতের ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন।”

এখন আগামী ১৮ জানুয়ারি নিউ জিল্যান্ডের বিপক্ষে শুরু ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, কুলদিপ যাদব, আকসার প্যাটেল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, আর্শদিপ সিং।