২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে নাসিম শাহ

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি অংশে পাকিস্তানের এই পেসারকে পাওয়া নিয়ে জাগছে শঙ্কা।

হাসপাতালে নাসিম শাহ

নাসিম শাহ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2022, 09:51 PM

Updated : 28 Sep 2022, 09:55 PM

নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন নাসিম শাহ। পাকিস্তানের এই ফাস্ট বোলারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তাদের ‘ইন-হাউস মেডিকেল প্যানেল’ নাসিমকে পর্যবেক্ষণে রেখেছেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশে তার খেলা নির্ভর করছে মেডিকেল রিপোর্টের ওপর।

চলতি সাত ম্যাচ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে বুধবার মাঠে নেই নাসিম। বাকি দুই ম্যাচেও তাকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা। আসছে নিউ জিল্যান্ড সফরেও এই পেসারের খেলা এখন ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলবে পাকিস্তান। যেখানে অন্য দল বাংলাদেশ। ক্রাইস্টচার্চে সিরিজটি আগামী ৭ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৪ অক্টোবর। আগামী শনিবার নিউ জিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে পাকিস্তান দল।

সবশেষ এশিয়া কাপে দলকে ফাইনালে তোলার পেছনে বড় অবদান ছিল নাসিমের। পাঁচ ম্যাচে তার শিকার ছিল ৭ উইকেট। তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভালো করতে পারেননি তিনি। পরের তিন ম্যাচে একাদশেই জায়গা হয়নি তার।

অস্ট্রেলিয়া বিশ্বকাপের দলে আছেন নাসিম। আগামী ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বৈশ্বিক শিরোপা ঘরে তোলার অভিযান।