পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন নোমান
চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই পেসার খুররাম শাহজাদ।
এক সিরিজ পর পাকিস্তানের টেস্ট দলে ফিরেছেন ৩৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার নোমান আলি। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই পেসার খুররাম শাহজাদ।
ঘরের মাঠে তিন টেস্টের সিরিজের প্রথমটির জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সবশেষ ঘরের মাঠেই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হয়ে সমালোচনার মুখে পড়লেও নেতৃত্বে টিকে গেছেন শান মাসুদ। ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন টপ-অর্ডার ব্যাটসম্যান কামরান গুলাম ও পেসার মোহাম্মদ আলি।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরলেও ফিটনেস সমস্যায় খেলতে পারেননি আমের জামাল। ২৮ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডারও আছেন ইংল্যান্ডের বিপক্ষে দলে। গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে অভিষেক সিরিজে ব্যাট-বলে আলো ছড়ান তিনি। ৩ ম্যাচে ব্যাট হাতে করেন ১৪৩ রান, উইকেট নেন ১৮টি।
২৪ বছর বয়সী খুররাম বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। ওই ম্যাচেই শরীরের বাম পাশে চোট পান তিনি।
দলে ফেরা নোমান সবশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে, কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। অস্ট্রেলিয়া সফরের মাঝপথে চোট পেয়ে ছিটকে পড়েছিলেন তিনি। ছিলেন না বাংলাদেশ সিরিজের দলে।
এখন পর্যন্ত ১৫ টেস্টে তার শিকার ৪৭ উইকেট। লেগ স্পিনার আবরার আহমেদের সঙ্গে দলে দ্বিতীয় বিশেষজ্ঞ স্পিনার তিনি।
মুলতানে আগামী ৭ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট।
প্রথম টেস্টের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, বাবর আজম, মির হামজা, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলি, সাইম আইয়ুব, সালমান আলি আঘা, সারফারাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি।
