২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় জয়ে এশিয়া কাপ শুরু লিটনদের

মাঝারি রান তাড়ায় আগ্রাসনের পথে না ছুটে নিয়ন্ত্রিত ও পেশাদার ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।

বড় জয়ে এশিয়া কাপ শুরু লিটনদের
ম্যাচ জেতানো জুটি গড়েন লিটন ও হৃদয়। ছবি: এসিসি ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 12:26 AM

Updated : 26 Aug 2026, 02:16 PM

টসের সময় রাসেল আর্নল্ড যখন বললেন ‘গা গরমের ম্যাচ’, খানিকটা আপত্তিই জানালেন লিটন কুমার দাস। বাংলাদেশ অধিনায়ক বললেন, এই ধরনের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই তাদের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচেও পড়ল সেটিরই প্রতিফলন। মাঝারি রান তাড়ায় আক্রমণাত্মক ব্যাটিংয়ের তাড়া দেখা গেল না লিটন ও তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে। গতিময়তার পথে না ছুটে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের কৌশল বেছে নিলেন দুজন। দল পেল প্রত্যাশিত বড় জয়ের দেখা। 

আবু ধাবিতে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল বাংলাদেশ। 

শেখ জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার হংকং ২০ ওভারে তোলে ১৪৩ রান। আগের ম্যাচে আফগানদের কাছে ৯৪ রানে গুটিয়ে যাওয়া দলের জন্য এটি বেশ উন্নতিই বলতে হবে।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন। তবে গতি, বাউন্স আর আগ্রাসন মিলিয়ে সেরা বোলার ছিলেন নিঃসন্দেহে তানজিম। 

রান তাড়ায় পেশাদারিত্বের ছাপ রেখে বাংলাদেশ জিতে যায় ১৪ বল বাকি রেখে। 

এই টুর্নামেন্টের আগে প্রস্তুতি ক্যাম্পে বাড়তি জোর দেওয়া হয়েছিল ফিটনেসে। সেই ফিটনেসের পরীক্ষা প্রথম ম্যাচেই হয়ে গেল লিটন ও হৃদয়ের। আবু ধাবির প্রচণ্ড গরমে দুজন প্রচুর রান নিলেন দৌড়েই। 

ম্যাচ মুঠোয় আনার পর শেষ দিকে দারুণ কিছু শট খেলে দ্রুততায় ফিফটিতে পৌঁছে যান লিটন। তবে দলকে জয়ের দুয়ারে নিয়ে অধিনায়ক ফেরেন ৩৯ বলে ৫৯ রান করে।

হৃদয়ের সঙ্গে তার জুটিতে আসে ৭০ বলে ৯৫ রান। 

বাংলাদেশের রান তাড়ার শুরুটা হয় প্রথম ওভারে পারভেজ হোসেন ইমনের জোড়া বাউন্ডারিতে। তবে দুই ওপেনারের কেউ ভালো কিছু করতে পারেননি।

পারভেজ তৃতীয় ওভারে একটি ছক্কা মেরে আউট হয়ে যান ১৪ বলে ১৯ রান করে। মন্থর উইকেটে ছন্দ না পেয়ে তানজিদ হাসান ফেরেন ১৮ বলে ১৪ করে।

সেখান থেকেই লিটন ও হৃদয়ের জুটি। উইকেটের আচরণ বুঝে হংকংয়ের মিডিয়াম পেসাররা স্লোয়ার ও কাটার করেছেন প্রচুর, স্পিনাররা ধীরগতিতে ডেলিভারি করে বল রেখেছেন আঁটসাঁট লেংথে। লিটন ও হৃদয় অস্থির না হয়ে এক-দুই নিয়ে ধরে রেখেছেন রান রেটের প্রত্যাশিত গতি।

জুটির রান যখন পঞ্চাশ পেরিয়ে যায়, তখনও দুজনের বাউন্ডারি কেবল তিনটি।

এরপর লিটন দেখান নিজের ব্যাটের ধার। ২৫ বলে ২৭ রানে থাকা ব্যাটসম্যান পরের ৮ বলেই ২৩ রান করে পৌঁছে যান ফিফটিতে।

ইনিংসটির পথে দুই দফায় মাহমুদউল্লাহকে ছাড়িয়ে যান লিটন। পূর্বসূরীকে পেরিয়ে টি-টোয়েন্টিতে ছক্কার রেকর্ডে বাংলাদেশের শীর্ষে উঠে যান অধিনায়ক। এছাড়াও এই সংস্করণে রানের তালিকায় মাহমুদউল্লাহকে ছাড়িয়ে তিনি উঠে যান দুইয়ে।

এমন দিনে মনে একটিই খচখচ থাকবে তার। দলের জয় সঙ্গে নিয়ে ফিরতে পারলেন না।

ইনিংসজুড়ে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের পর হুট করে খেই হারান তিনি শেষ সময়ে। জয় থেকে দুই রান দূরে থাকতে বোল্ড হয়ে যান স্লগ করার চেষ্টায়।

হৃদয় দলকে জিতিয়ে ফেরেন ৩৬ বলে ৩৫ রানে অপরাজিত থেকে। প্রথম স্কোরিং শটের পর আর বাউন্ডারি পাননি তিনি। কিন্তু দলের জন্য উপহার দেন কার্যকর ইনিংস।

বাংলাদেশের সেরা বোলার ছিলেন তানজিম হাসান। ছবি: এসিসি ফেইসবুক।

বাংলাদেশের সেরা বোলার ছিলেন তানজিম হাসান

ম্যাচের প্রথম ভাগে টস হেরেও ব্যাটিং পেয়ে খুশি হয়েছিলেন হংক অধিনায়ক ইয়াসিম মুর্তাজা। আগে ব্যাটিংই যে তিনি চেয়েছিলেন।

তাদের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ওভারে অল্পের জন্য এলবিডব্লিউ হওয়া থেকে রক্ষা পান জিশান আলি। পরের ওভারেই আনশুমান রাথ ফেরেন তাসকিন আহমেদের শিকার হয়ে।

তিনে নেমে বাবর হায়াত ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কায় ওড়ান তানজিম হাসানকে। পরের বলেই অভিজ্ঞ ব্যাটসম্যানের স্টাম্প এলোমেলো করে হুঙ্কার ছোড়েন আগ্রাসী এই পেসার।

ওপেনার জিশান এক প্রান্তে ধুঁকছিলেন। ৮ ওভার শেষে তার রান ছিল ২২ বলে ৮। এরপর হঠাৎ জেগে ওঠেন তিনি। রিশাদের বলে ছক্কা ও চারসহ পরের ৭ বলে করেন তিনি ২০ রান।

এরপরই অবশ্য তাকে (৩৪ বলে ৩০) থামান তানজিম। দারুণ ক্যাচ নেন মুস্তাফিজুর রহমান।

১২ ওভার শেষে হংকংয়ের রান রেট ছিল ছয়ের নিচে। ইয়াসিম মুর্তাজা ক্রিজে গিয়ে দলের ইনিংসে গতি দেন। বেশ কয়েকটি ভালো শট খেলেন হংকং অধিনায়ক। দুটি করে ছক্কা ও চারে ১৯ বলে ২৮ করে রান আউট হন বাঁহাতি ব্যাটসম্যান।

আরেক প্রান্তে নিজাকাত খান খেলছিলেন স্রেফ এক-দুই নিয়ে। ষোড়শ ওভার শেষে ৩১ বল খেলেও তার ছিল না বাউন্ডারি। শেষ দিকে দুটি বাউন্ডারি ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে। হংকংয়ের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার শেষের আগের ওভারে আউট হন ৪০ বলে ৪২ করে। 

শেষ দুই বলে দুটি উইকেট নিয়ে রিশাদ শেষ করেন তার চার ওভার। তাসকিনের শেষ ওভারে ৯ রান নিয়ে ১৪০ পার করে হংকং। 

আগের ম্যাচের তুলনায় এই রান করতে পেরে তারা খুশিই হবেন। তবে লড়াইয়ের মতো রান সেটি নয়, দেখিয়ে দিয়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: 

হংকং: ২০ ওভারে ১৪৩/৭ (জিশান ৩০, রাথ ৪, বাবর ১৪, নিজাকাত ৪২, ইয়াসিম ২৮, আইজাজ ৫, কিঞ্চিত ০, চাল্লু ৪*, এহসান ২*; শেখ মেহেদি ৪-০-২৮-০, তাসকিন ৪-০-৩৮-২, তানজিম ৪-১-২১-২, মুস্তাফিজ ৪-০-২২-০, রিশাদ ৪-০-৩১-২)। 

বাংলাদেশ: ১৭.৪ ওভারে ১৪৪/৩ (পারভেজ ১৯, তানজিদ ১৪, লিটন ৫৯, হৃদয় ৩৫*, জাকের ০*; আয়ুশ ৩-০-৩২-১, আতিক ৩.৪-০-১৪-২, এহসান ৩-০-২৮-০, ইয়াসিম ৪-০-৩৯-০, আইজাজ ৩-০-১৪-০, কিঞ্চিত ১-০-১১-০)।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: লিটন কুমার দাস।