নিরাপত্তা শঙ্কায় বাতিল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান
খেলোয়াড়, দর্শক, ম্যাচ কর্মকর্তা এবং টুর্নামেন্টসংশ্লিষ্ট সব অংশীজনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে মাঠের খেলাকেই প্রধান্য দেওয়ার কথা জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতার জায়গা থেকেই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমক। সরকারের সঙ্গে আলোচনার পর জনসমাগম এড়িয়ে টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বুধবার রাতে একটি অনুষ্ঠানে এই ভাবনার কথা জানান। পরে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে, দেশের বর্তমান পরিস্থিতিতে জনসমাগম সংক্রান্ত সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে এবং খেলোয়াড়, দর্শক ও সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কোনো প্রাক–ইভেন্ট বা আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টুর্নামেন্ট শুরুর আগে বড় পরিসরের অনুষ্ঠান আয়োজন না হলেও প্রতিযোগিতার আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না। খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, দর্শক ও অন্যান্য অংশীজনদের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাই এখন গভর্নিং কাউন্সিলের প্রধান অগ্রাধিকার।
তবে উদ্বোধনী অনুষ্ঠান না হলেও সমাপনী অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ভিন্ন ভাবনা রয়েছে। টুর্নামেন্ট শেষে একটি জমকালো সমাপনী আয়োজন করতে আগ্রহী গভর্নিং কাউন্সিল।
ফাইনাল হবে আগামী ২৩ জানুয়ারি। নিরাপত্তা নিয়ে ভাবনার জায়গা তখনও থাকবে। জাতীয় নির্বাচনের তখন তিন সপ্তাহেরও কম সময় বাকি।
বিপিএলের দ্বাদশ আসরের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব অংশগ্রহণকারীর শারীরিক ও মানসিক প্রস্তুতিই এই মুহূর্তে পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দু। মাঠের ক্রিকেট যেন নির্বিঘ্নে এবং প্রতিযোগিতামূলকভাবে এগোয়, সেটিতেই সর্বোচ্চ মনোযোগ দেওয়া হচ্ছে।
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএলের দ্বাদশ আসর। এরপর ৫ জানুয়ারি থেকে চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হবে, আর ১৫ থেকে ২৩ জানুয়ারি ঢাকায় চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। গভর্নিং কাউন্সিল জানিয়েছে, উদ্বোধনী আয়োজন না থাকলেও মাঠের ক্রিকেটকে রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতামূলক করার কোনো ঘাটতি থাকবে না।
বুধবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে অতিথি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবারের বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান না থাকার ইঙ্গিত দেন।
“উদ্বোধনী অনুষ্ঠান হয়তো আমরা করব না। দেশের সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তার বিষয়টি এখানে বড়। আমাদের মূল কাজ হচ্ছে ক্রিকেটটা ভালোভাবে চালানো। তাই এই মুহূর্তে আমরা ক্রিকেটের দিকেই বেশি মনোযোগ দিচ্ছি।”
‘‘বিপিএলে বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। আজ (বুধবার) এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। প্রথমবারের মতো আমাদের মাননীয় উপদেষ্টা (নতুন দায়িত্বপ্রাপ্ত যুব ও ক্রীড়া উপদেষ্টা) ১৭টি ফেডারেশনের প্রতিনিধিদের ডেকেছিলেন। অল্প সময়ের জন্য উপস্থিত থাকলেও তার বক্তব্য ও দিকনির্দেশনা আমাদের জন্য ছিল ভীষণ অনুপ্রেরণাদায়ক। সামনে কীভাবে এগোতে হবে, সে বিষয়ে তিনি আমাদের আত্মবিশ্বাস ও শক্তি দিয়েছেন। আজকের বৈঠক নিয়ে আমরা খুবই সন্তুষ্ট।
