পিসিবির ‘সিরিজ বাতিলের হুমকি’ নিয়ে ‘কিছুই জানতেন না’ সারফারাজ
‘সবকিছু ঠিকঠাক আছে। তখন আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম’, বলেছেন পাকিস্তানের প্রধান কোচ।
পাকিস্তানের প্রধান কোচ সারফারাজ আহমেদ বলেছেন, স্কাই স্পোর্টসে ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারের প্রেক্ষিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া ‘হুমকির’ বিষয়ে তিনি ও তার খেলোয়াড়রা ‘কিছুই জানতেন না।’
ইংল্যান্ড ও পাকিস্তানের চলমান লর্ডস টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতিতে, পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খানের একটি সাক্ষাৎকার সম্প্রচার করে স্কাই স্পোর্টস। সেখানে বাবার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন সুলেইমান ও কাশিম। গত তিন বছর ধরে কারাগারে বন্দি আছেন ইমরান খান।
বিবিসি লিখেছে, জানা গেছে সাক্ষাৎকারটি সম্প্রচার করা হলে লর্ডস টেস্ট ও তিন ম্যাচের এই সিরিজের বাকি অংশ বাতিল করার কথা ভেবেছিল পিসিবি।
সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটনের নেওয়া সাক্ষাৎকারটির একটি সংস্করণ শেষ পর্যন্ত স্কাই স্পোর্টসে সম্প্রচার করা হয় এবং বিরতির পর পাকিস্তানের ক্রিকেটাররা ম্যাচ চালিয়ে যেতে মাঠেও নামেন।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে সারফারাজ বলেন, “আমি কিছুই জানি না। আমি শুধু ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি।
“আপনি সাক্ষাৎকারটির কথা বলছেন? ওই ব্যাপারে আমরা কিছুই জানি না।”
প্রথম দিনের দ্বিতীয় সেশনে পাকিস্তানের ক্রিকেটারদের মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল কি-না, জানতে চাইলে দেশটির সাবেক এই উইকেটকিপার বলেন, “সবকিছু ঠিকঠাক আছে। তখন আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম।”
কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন ২১ বছর। ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে বিদায়ের দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, যা এখনও ক্রিকেটের ইতিহাসে একটি রূপকথা হয়ে আছে।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ২০২৩ সালের অগাস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী আছেন তিনি এবং দুর্নীতির অভিযোগে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করছেন, যে অভিযোগগুলো তিনি ও তার দল অস্বীকার করে আসছে।
পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও।
আথারটনের নেওয়া ১৮ মিনিটের সাক্ষাৎকারে সুলেইমান ও কাশিম তাদের বাবার প্রতি করা আচরণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের প্রতিক্রিয়ার সমালোচনা করেন।
সাক্ষাৎকারটি সম্প্রচারের আগে, এটি সম্প্রচারের পরিকল্পনা নিয়ে একটি অভিযোগ পায় স্কাই স্পোর্টস। এর আগে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও দা গার্ডিয়ানসহ বেশ কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, বিষয়টি নিয়ে স্কাই স্পোর্টসে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে পিসিবি।
এমন পরিস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট দপ্তরের কাছ থেকে সরকারি পরামর্শ গ্রহণ করে ইসিবি।
পাকিস্তানে, সরকারি সম্প্রচারমাধ্যম পিটিভি স্কাই-এর ফুটেজ ব্যবহার করে ম্যাচটি দেখাচ্ছে, তবে তারা সাক্ষাৎকারটি সম্প্রচার করেনি।
জানা গেছে, সাক্ষাৎকারটি নিয়ে শুক্রবার স্কাই আর কোনো অভিযোগ পায়নি।
