১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বলছি না এখানেই শেষ, ফিরে আসব সেটাও বলছি না’, অবসর প্রসঙ্গে ধোনি

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচের পরও অবসর নিয়ে প্রশ্নে বরাবরের মতো রহস্য রেখে দিলেন ৪৩ বছর বয়সী ধোনি।

‘বলছি না এখানেই শেষ, ফিরে আসব সেটাও বলছি না’, অবসর প্রসঙ্গে ধোনি
২০২৬ আইপিএলে দেখা যাবে ধোনিকে? ছবি: চেন্নাই সুপার কিংস ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2025, 12:16 AM

Updated : 10 Sep 2026, 12:42 PM

গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ শেষেই কি অবসরের ঘোষণা দেবেন ধোনি? ম্যাচের আগে ও ম্যাচ চলাকালে প্রশ্নটি ছিল অনেকের মুখে। তবে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচের পরও অবসরের প্রসঙ্গে ফের পুরোনো কথাটাই বললেন মাহেন্দ্র সিং ধোনি। আপাতত রাঁচিতে ফিরে বাইক চালানো উপভোগ করবেন তিনি। তারপর কয়েক মাস সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন, পরের আইপিএলে ফিরবেন কি-না।

এবারের আসরে ভীষণ বাজে সময় কাটানো চেন্নাইয়ের শেষটা ভালো হয়েছে। তালিকার শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে রোববার ৮৩ রানে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

আহমেদাবাদে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে স্বাভাবিকভাবেই ধোনির অবসর প্রসঙ্গে প্রশ্ন করলেন সঞ্চালক হার্শা ভোগলে। ৪৩ বছর বয়সী কিপার-ব্যাটসম্যানের মুখ থেকে স্পষ্ট কোনো উত্তর পাওয়া গেল না এবারও।

“এটা আসলে (পরিস্থিতির ওপর) নির্ভর করে। আবারও আমি একই কথা বলব: আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য চার-পাঁচ মাস সময় আছে। কী করা দরকার, সেই সিদ্ধান্ত নেওয়ার কোনো তাড়াহুড়ো নেই।”

“প্রতি বছর, শরীর ফিট রাখার জন্য ১৫ শতাংশ বেশি পরিশ্রম করতে হয়, ভুলে গেলে চলবে না যে, এটা শীর্ষ পর্যায়ের ক্রিকেট। এটা পেশাদার ক্রিকেট, এখানে সেরাটা দিতে হয়। সবসময় পারফরম্যান্সই সবকিছু নয়। কারণ, যদি ক্রিকেটাররা শুধু পারফরম্যান্সের কারণে অবসর নিতে শুরু করে, তাহলে কেউ কেউ ২২ বছর বয়সে অবসর নিয়ে ফেলবে।”

পারফরম্যান্সের পাশাপাশি আরও কী কী বিষয় জরুরি, সেটাও তুলে ধরলেন গত কয়েক বছর ধরে শুধু আইপিএলেই খেলা সাবেক ভারতীয় অধিনায়ক। 

“আপনার কতটা ক্ষুধা আছে, ফিটনেস কেমন, আপনি দলে কতটা অবদান রাখতে পারবেন এবং দলে আপনার প্রয়োজন আছে কি না, সেটা দেখাও গুরুত্বপূর্ণ। তাই আমার হাতে যথেষ্ট সময় আছে। আমি রাঁচিতে ফিরে যাব, অনেক দিন ধরে বাড়িতে নেই, কিছুটা বাইক চালানো উপভোগ করব, কয়েক মাস সময় নেব এবং তারপর সিদ্ধান্ত নেব।”

“আমি বলছি না যে এখানেই আমার শেষ, আবার বলছি না যে আমি ফিরে আসব। যেমনটি বলেছি, আমার হাতে সময় আছে…।”

এবারের আইপিএলে ১৪ ম্যাচের মাত্র চারটিতে জিতে, ১০ দলের তালিকায় সবার নিচে থেকে আসর শেষ করেছে চেন্নাই। দলের মতো ধোনিও এবার ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি।

১৩ ইনিংসে কেবল ১৯৬ রান করতে পারেন তিনি ২৪.৫০ গড়ে। সর্বোচ্চ ইনিংস ৩০। স্ট্রাইক রেট ১৩৫.১৭। এমনিতে খারাপ না হলেও, যে পজিশন ও পরিস্থিতিতে তিনি ব্যাট করেন, সেটির জন্য এই স্ট্রাইকও রেট যথেষ্ট নয়।

আসরের মাঝপথে নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোট নিয়ে ছিটকে যাওয়ার পর থেকে দলকে নেতৃত্বও দেন আগামী জুলাইয়ে ৪৪ বছর পূর্ণ করতে যাওয়া ধোনি।