বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, ২২ বছর পর টেস্ট ম্যাচ হবে ডারউইনে।
দুটি ভেন্যু ও সম্ভাব্য সময় জানানো হয়েছিল আগেই। এবার দিনক্ষণও চূড়ান্ত হলো। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ গত ডিসেম্বরে বলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দুটি হবে ডারউইন ও ম্যাকাইতে। বুধবার জানানো হয়, ডারউইনের মারারা ওভালে প্রথম টেস্ট শুরু আগামী ১৩ অগাস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্ট ২২ অগাস্ট থেকে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই ম্যাচ দুটি।
এই সফর দিয়েই অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ। আগে একবারই সেখানে খেলার সুযোগ মিলেছিল। ২০০৩ সালে সেই সফরেও প্রথম টেস্ট হয়েছিল ডারউইনে, পরেরটি কেয়ার্নসে।
অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে তখন মূল ভেন্যু ছিল এই দুটিই। পরে কেয়ার্নস আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে লড়াইয়ে থাকতে পারেনি, ম্যাকাই হয়ে উঠেছে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভেন্যু।
এই দুটির কোনোটিই অবশ্য অস্ট্রেলিয়ার মূল টেস্ট ভেন্যু নয়। মূলত নিয়মিত ক্রিকেট মৌসুম শুরুর আগে কোনো সিরিজ হলেই নর্দার টেরিটরিতে তা আয়োজন করে থাকে ক্রিকেট অস্ট্রেলিয়া। জুলাই-অগাস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ান গ্রীষ্ম পুরোপুরি শুরু হয় না বলে এই সময়ে আগেও খেলা হয়েছে নর্দান টেরিটরিতে।
২০০৩ সালের জুলাইয়ে যেমন বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়েই ডারউইনের যাত্রা শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটে। পরের বছরের জুলাইয়েই এখানে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত সেটিই এই মাঠের শেষ টেস্ট।
ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ১৯৯২ বিশ্বকাপের ভারত-শ্রীলঙ্কা ম্যাচ ছিল, যা ভেসে যায় বৃষ্টিতে। এরপর দীর্ঘদিন আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি সেখানে।
পরে সংস্কার করে আধুনিক রূপে গড়ে তোলা হয় এই মাঠ। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে এখানে নিয়মিতই। গত অগাস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দিয়ে ছেলেদের ক্রিকেটের যাত্রাও শুরু হয় এখানে। এবার বাংলাদেশের ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হবে ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই মাঠের।
এই সফরটি হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। সেক্ষেত্রে হয়তো অস্ট্রেলিয়ার মূল ভেন্যুগুলোতেই খেলার সুযোগ পেত বাংলাদেশ। কিন্তু টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষে মার্চে ইংল্যান্ডের সঙ্গে বিশেষ একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের সফর তাই এগিয়ে আনা হয়েছে এই বছরের অগাস্টে।
২০০৩ সালের সফরে দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে দুই দলের ৬ টেস্টে বাংলাদেশের জয় ১টি, অস্ট্রেলিয়ার ৫টি। ২০২০ সালেও বাংলাদেশে টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার, তবে সেটি ভেস্তে যায় কোভিডের কারণে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য ব্যস্ততার মৌসুম শুরু হবে, যেখানে এক বছরের মধ্যে ১৯টি টেস্ট খেলবে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে বাড়বে আরও একটি ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের সিরিজ খেলবে তারা। এরপর দেশের মাঠে খেলবে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারত সফরে আছে ৫টি টেস্ট। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ সেই টেস্টের পর জুন-জুলাইয়ে অ্যাশেজে ৫ টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে সেটি হবে অ্যাশেজের আগেই।
এই বছর অস্ট্রেলিয়াও আসবে বাংলাদেশ সফরে। আগামী জুনে সেই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।
