২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবিশ্বাস্য ব্র্যান্ডের ক্রিকেট’, ওমানের খেলায় মুগ্ধ সুরিয়াকুমার

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলের অধিনায়কের এমন প্রশংসা পেয়ে দারুণ উচ্ছ্বসিত বিশ নম্বরে থাকা ওমানের অধিনায়ক ও ক্রিকেটাররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 11:40 AM

Updated : 26 Aug 2026, 02:19 PM

জয়ের জন্য ২৪ বলে প্রয়োজন ৫৮ রান। উইকেট বাকি ৯টি। এই যুগের টি-টোয়েন্টি ক্রিকেটে এমন সমীকরণ মিলিয়ে জয় খুব কঠিন কিছু নয়। ভারতের মতো দলের বিপক্ষে অবশ্য ওমানের জন্য এটি নাগালের বাইরেই ছিল। তবে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলের সঙ্গে যেভাবে লড়াই করেছে ও সম্ভাবনা জাগিয়েছে তারা, র‌্যাঙ্কিংয়ের বিশে থাকা দলকে স্তুতিতে ভাসিয়েছেন ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।

এশিয়া কাপের ম্যাচটিতে শুক্রবার ব্যাটিংয়ের আগে বোলিংয়েও খারাপ করেনি ওমান। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে আটকে রাখে তারা ১৮৮ রানে। ইনিংসের শেষ বলে হার্শিত রানার ছক্কার পরও শেষ তিন ওভারে মাত্র ২১ রান তুলতে পারে টুর্নামেন্টের ফেভারিটরা। ফিফটি করতে পারেন কেবল সাঞ্জু স্যামসন।

রান তাড়ায় পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান তোলে ওমান। উদ্বোধনী জুটি ৫৬ রানে থামলে পরের জুটিতে রান আসে ৯৩!

শেষ পর্যন্ত ম্যাচ খুব জমাতে না পারলেও ১৬৭ রান পর্যন্ত যেতে পারে ওমান। বল হাতে দুই উইকেট শিকারের পর ব্যাটিংয়ে ওপেন করতে নেমে ৪৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেন আমির কালিম। ৪৩ বছর ৩০৩ দিন বয়সে ইনিংসটি খেলেন তিনি, পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে যা সবচেয়ে বেশি বয়সে ফিফটি।

তিনে নামা হাম্মাদ মির্জা ছিলেন আরও আগ্রাসী। তার ৫১ রানের ইনিংস আসে ৩৩ বলে। শেষ দিকে ৫ বলে ১২ করেন জিতেন রামানান্দি।

এই টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের কাছেও হেরে গ্রুপ থেকে শূন্য হাতে বিদায় নিচ্ছে ওমান। তবে পয়েন্ট কিছু না থাকলেও তাদের প্রাপ্তি যে আছে, সেই স্বীকৃতি ম্যাচ শেষে দিয়ে দিলেন সুরিয়াকুমার।

“সার্বিকভাবে বললে, আমার মনে হয় ওমান অবিশ্বাস্য ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। তবে সুলু স্যারকে (ওমানের সহকারী কোচ, মুম্বাইয়ের সাবেক ক্রিকেটার ও কোচ সুলাকশান কুলকার্নি ) চিনি বলেই জানতাম, কিছু একটা করার চেষ্টা করবে তারা। তাদের পারফরম্যান্স অসাধারণ ছিল এবং সত্যি বলতে, তাদেরকে দেখে উপভোগ করেছি আমি।”

ম্যাচ শেষে করমর্দনের সময় আমির কালিমকে জড়িয়ে ধরেন সুরিয়াকুমার। পরে তাকে দেখা গেছে ওমানের ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে কথা বলতে। পুরস্কার বিতরণীর সময় ভারতীয় ক্রিকেটারদের অনেকের সঙ্গেই কথা বলেছেন, ছবি তুলেছেন ওমানের ক্রিকেটাররা।

ওমানের অধিনায়ক জাতিন্দার সিং, যার জন্ম পাঞ্জাবের লুধিয়ানায়, তিনি উচ্ছ্বসিত ভারতীয় অধিনায়কের প্রশংসা ও সংস্পর্শ পেয়ে।

“সুরিয়া আমাদের সঙ্গে কথা বলেছেন খেলা নিয়ে, প্রশংসা করেছেন, আমাদের কাছে যেসবের মানে অনেক কিছু। টি-টোয়েন্টি ম্যাচের বিভিন্ন পর্যায়ে কীভাবে খেলতে হয়, এসব নিয়ে নানা প্রশ্ন করেছে আমাদের ছেলেরা। অনেকটা প্রশ্নোত্তর পর্বের মতো ছিল যেন। আমাদের অনেক প্রশংসা করেছেন তিনি। তার সঙ্গে কথা বলতে পারাটা দারুণ ছিল।”