২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আভিশেকের সামনে রোহিত-রিজওয়ানের রেকর্ড ভাঙার হাতছানি

এশিয়া কাপের একটি রেকর্ডে ভিরাট কোহলি, পাথুম নিসাঙ্কা ও মোহাম্মদ রিজওয়ানকে ছাড়িয়ে যেতে পারেন তিনি।

আভিশেকের সামনে রোহিত-রিজওয়ানের রেকর্ড ভাঙার হাতছানি
ভারতের বিস্ফোরক ওপেনার আভিশেক শার্মা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 07:21 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

এবারের এশিয়া কাপটা স্বপ্নের মতো কাটছে আভিশেক শার্মার। ব্যাট হাতে রানের জোয়ার বইয়ে দিয়েছেন তিনি। টুর্নামেন্টের ফাইনালেও সেই স্রোত অব্যাহত রাখতে পারলে দারুণ কিছু রেকর্ড-কীর্তিতে নাম লেখানোর সুযোগ থাকবে ভারতীয় ওপেনারের সামনে।

এশিয়া কাপে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রান করেন আভিশেক। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সবচেয়ে বেশি ইনিংসে ত্রিশোর্ধ রান করার কীর্তিতে রোহিত শার্মা ও মোহাম্মদ রিজওয়ানের পাশে বসেন তিনি।

দুবাইয়ে রোববার টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। শিরোপার মঞ্চে ত্রিশ ছোঁয়া ইনিংস খেলতে পারলেই যা এককভাবে হয়ে যাবে আভিশেকের।

পূর্বসূরি রোহিত ও পাকিস্তানের রিজওয়ানের মতো টানা ৭ ইনিংসে ৩০ বা এর বেশি রান করেছেন আভিশেক। যে পথচলার শুরু হয়েছিল গত ৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ১৩৫ রানের ইনিংস দিয়ে। বাকি ছয়টি ৩০ ছোঁয়া ইনিংস খেলেন তিনি চলতি এশিয়া কাপে।

এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় গ্রুপ পর্বের তিন ম্যাচে যথাক্রমে ৩০, ৩১ ও ৩৮ রান করেন আভিশেক; প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমান। পরে সুপার ফোরের তিন ম্যাচেই পান ফিফটি স্বাদ; পাকিস্তানের বিপক্ষে ৭৪, বাংলাদেশ ম্যাচে ৭৫ ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ৬১ রানের ইনিংস।

২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রোহিত টানা ৭ ইনিংসে করেছিলেন ৭৪, ৩০, ৫৬, ৪৮, ৫৫, ৫৬ ও ৪০। আর ২০২১ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত রিজওয়ান করেছিলেন ৯১, ৬৩, ৩৭, ৭৬, ৪৬, ৭৯* ও ৩৩।

টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের এক আসরে আভিশেকের চেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংস নেই কারো। তার সমান তিনটি করে ফিফটি আছে ভিরাট কোহলি, রিজওয়ান ও পাথুম নিসাঙ্কার। আসছে ফাইনালে আরেকটি অর্ধশতকে রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ আভিশেকের সামনে।

এরই মধ্যে এশিয়া কাপ টি-টোয়েন্টির এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ে ফেলেছেন আভিশেক। চলতি আসরে ৬ ইনিংসে তার রান ৩০৯। এই প্রতিযোগিতায় এক আসরে তিনশ আর করার নজির নেই আর। দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান করেন রিজওয়ান, ২০২২ সালে ৬ ইনিংসে।