১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়ানডে সিরিজের সফলতম বোলারকে টি-টোয়েন্টিতে ডাকল কিউইরা

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ক্রিস্টিয়ান ক্লার্ককে দলে যোগ করেছে নিউ জিল্যান্ড।

ওয়ানডে সিরিজের সফলতম বোলারকে টি-টোয়েন্টিতে ডাকল কিউইরা
সতীর্থদের সঙ্গে উদযাপনে ক্রিস্টিয়ান ক্লার্ক (ডানে)। ছবি: ব্ল্যাকক্যাপস ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 06:06 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ভারতের মাটিতে নিউ জিল্যান্ডের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পুরস্কার পেয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ডানহাতি এই পেসার।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টির জন্য ২৪ বছর বয়সী ক্লার্ককে দলে ডেকেছে কিউইরা।

ক্লার্কের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গত ১১ জানুয়ারি, ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে। ওই ম্যাচে একটি উইকেট নিতে পারেন তিনি। পরের দুই ম্যাচে ধরেন তিনটি করে শিকার।

তিন ম্যাচের সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ক্লার্ক। সিরিজটি ২-১ ব্যবধানে জেতে নিউ জিল্যান্ড। প্রথমবারের মতো ভারতে ওয়ানডে সিরিজের জয়ের ইতিহাস গড়ে তারা। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে ২২ ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়েছেন ক্লার্ক। এই সংস্করণে তার সেরা বোলিং ৩২ রানে ৩ উইকেট।

ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলার সময় পায়ের পেশিতে চোট পান স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন পেসার অ্যাডাম মিল্‌ন। টি-টোয়েন্টি সিরিজে এই দুইজনের খেলা নিয়ে রয়েছে প্রবল শঙ্কা।

ক্লার্ককে মূলত কাভার হিসেবে দলে ডেকেছে নিউ জিল্যান্ড। তিনি ছাড়া কিউইদের দলে পেসার আছেন ম্যাট হেনরি, জেকব ডাফি, জ্যাক ফোকস, কাইল জেমিসন। বিপিএল শেষে দলের সঙ্গে যোগ দেবেন পেস বোলিং অলরাউন্ডার জেমস নিশাম।

নাগপুরে বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ আগামী শুক্রবার ও রোববার। আর আগামী ২৮ ও ৩১ জানুয়ারি মাঠে গড়াবে শেষ দুই টি-টোয়েন্টি।