২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গিল-রাহুলের সেঞ্চুরিতে রান-পাহাড়ের পথে ভারত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ৩ উইকেটে ৩৬৮ রান নিয়ে শেষ করেছে স্বাগতিকরা।

গিল-রাহুলের সেঞ্চুরিতে রান-পাহাড়ের পথে ভারত
লোকেশ রাহুল ও শুবমান গিলের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ছুটছে ভারত। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 06:12 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

নড়বড়ে শুরুর পর ভাগ‍্যকে পাশে পেলেন লোকেশ রাহুল। কঠিন সময় কাটিয়ে দিয়ে আস্থার সঙ্গে খেলে করলেন সেঞ্চুরি। চারে নেমে সাবলীল ব‍্যাটিংয়ে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন অধিনায়ক শুবমান গিল। তাদের ব‍্যাটে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহের ভিত পেল ভারত। 

চান্ডিগড়ে শনিবার প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৬৮। একাদশ সেঞ্চুরিতে ১১ চার ও এক ছক্কায় ১৪৩ বলে ১০৩ রানে ব‍্যাট করছেন গিল। ৭০ বলে তিন ছক্কা ও দুই চারে ৫০ রানে খেলছেন রিশাভ পান্ত। তাদের জুটিতে ১২১ রান এসেছে ১৫১ বলে। 

টস জিতে ব‍্যাট করতে নেমে শুরুতে বেশ ভুগতে হয় রাহুলকে। কয়েকবার একটুর জন‍্য বল ব‍্যাটের কানা নেয়নি, অল্পের জন‍্য লাগেনি স্টাম্পে। একাদশ ওভারে ক‍্যাচ দিয়েও বেঁচে যান তিনি। কট বিহাইন্ডের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেননি আফগান অধিনায়ক। পরে দেখা যায়, ব‍্যাটে মৃদু স্পর্শ ছিল বলের! 

একবার জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি ইয়াশাসভি জয়সওয়াল। ৩২ বলে ২৪ রান করে কট বিহাইন্ড হন বাঁহাতি এই ওপেনার। 

রাহুল ও সাই সুদার্শানের জুটি ভাঙতে পারত বেশ আগেভাগেই। ব‍্যক্তিগত ২০ রানে প্রথম স্লিপে রাহমানউল্লাহ গুরবাজের হাতে জীবন পান সুদার্শান। দ্বিতীয় উইকেটে ১৮৫ বলে রাহুলের সঙ্গে তিনি গড়েন ১৩৯ রানের জুটি। 

অফ স্টাম্পের বাইরে মোহাম্মাদ সালিমের হাফ-ভলিতে কিপারের গ্লাভসে ধরা পড়েন সুদার্শান! ১৩ চারে ১০৪ বলে তিনি করেন ৮১ রান। ভাঙে জমে যাওয়া চমৎকার জুটি।

গিলের সঙ্গে রাহুলের আরেকটা ভালো জুটিতে এগিয়ে যেতে থাকে ভারত। ৮৬ বলে পঞ্চাশ স্পর্শ করা রাহুল তিন অঙ্কে যান ১৬৪ বলে। পরের বলেই শর্ট এক্সট্রা কাভারে ধরা পড়েন অভিজ্ঞ ওপেনার। দ্বাদশ সেঞ্চুরিতে ১৬৫ বলে ১১ চারে তিনি করেন ১০০ রান। 

প্রথম দিন সেটাই আফগানিস্তানের শেষ সাফল‍্য। 

আইপিএলে ব‍্যাট হাতে ব‍্যর্থ পান্ত ক্রিজে যাওয়ার কিছুক্ষণ পর, আব্দুল মালিকের এক ওভারে মারেন তিন ছক্কা। গিলের সঙ্গে তার জুটিতে রান আসে বেশ দ্রুত।   

৬৮ বলে পঞ্চাশ স্পর্শ করেন গিল। প্রায় একই তালে এগিয়ে ১৩৮ বলে স্পর্শ করেন ১০০। দ্বিতীয় দিন তার ও পান্তের সামনে বড় ইনিংসের হাতছানি। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৬৮/৩ (জয়সওয়াল ২৪, রাহুল ১০০, সুদার্শান ৮১, গিল ১০৩*, পান্ত ৫০*; জিয়া ১৫-২-৬১-১, ওমারজাই ১৪-৩-৪২-০, সালিম ১৩-১-৬৭-২, খারোটে ২০-০-৯৫-০, মালিক ৬-০-৩৭-০, হাশমাতউল্লাহ ১৭-০-৬১-০)