Published : 30 Nov 2025, 01:03 PM
আভিষেক শার্মা ব্যাট হাতে কতটা বিধ্বংসী হতে পারেন, তা এখন গোটা ক্রিকেট বিশ্বেরই জানা। সংখ্যাগুলি তাই বিস্ময়কর নয়। বিস্ফোরক ব্যাটিংয়ে প্রতিক্ষের বোলিং তছনছ করে নিজের সেই সামর্থ্যেরই ছাপ আরেকবার রাখলেন ভারতীয় এই ব্যাটসম্যান। উপহার দিলেন টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ক্যারিয়ার সেরা বোলিং।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রোববার পাঞ্জাবের হয়ে ৫২ বলে অপরাজিত ১৪৮ রানের ইনিংস খেলেন আভিষেক। তার ইনিংসে চার ৮টি, ছক্কা ১৬টি।
টি-টোয়েন্টি ক্রিকেটে তার আগের সেরা ইনিংস ছিল ১৪১ রানে।
এই টুর্নামেনেট অনেক সময় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে অনেকেই জ্বলে ওঠেন। তবে আভিশেকের ইনিংসকে সেই কাতারে ফেলা যাবে না। প্রতিপক্ষ বাংলার বোলিং আক্রমণে আছে আছে মোহাম্মাদ শামি, আকাশ দিপ, শাহবাজ নাদিমের মতো নাম।
হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামে পাঞ্জাব। বাংলার বোলিং তুলাধুনা করে ১২ বলেই ফিফটিতে পৌঁছে যান আভিষেক।
টি-টোয়েন্টি ক্রিকেটে এর চেয়ে দ্রুততম ফিফটি আছে কেবল আর দুটি। ২০২৩ এশিয়া গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৯ বলে ফিফটি করেন নেপালের দিপেন্দ্রা সিং ঐরি, যে রেকর্ড ভাঙবে না কখনোই। এর ২০ দিন পরই সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রেলওয়েজের হয়ে ১১ বলে ফিফটি করে আশুশোষ শার্মা।
আভিষেকের মতোই ১২ বলে ফিফটি আছে ইউভরাজ সিং, ক্রিস গেইল, হাজরাতউল্লাহ জাজাই ও সাহিল চৌহানের।
ফিফটির পরও চলতে থাকে আভিশেকের অভিযান। পরের পঞ্চাশ করতে তার লাগে ২০ বল। তিন অঙ্কে পা রাখেন ৩২ বলে।
আভিশেকের নিজেরই অবশ্য এর চেয়ে দ্রুতগতিতে শতরান আছে। গত বছর এই মুশতাক আলি ট্রফিতেই ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি মেঘালয়ার বিপক্ষে। একই আসরে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন গুজরাটের উর্ভিল প্যাটেলও। ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ড যৌথভাবে এই দুজনেরই।

সেই উর্ভিল চার দিন আগেই আরেকটি সেঞ্চুরি করেছেন ৩১ বলে। এবার অভিশেকও জানান দিলেন তার উপস্থিতি।
টি-টোয়েন্টি ২৭ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড এস্তোনিয়ার সাহিল চৌহানের। বলার অপেক্ষা রাখে না, তিনি ভারতীয় বংশোদ্ভুত।
আভিশেক থামেননি সেঞ্চুরি পেরিয়েও। তাকে ফেরাতে পারেননি কেউ। শেষ পর্যন্ত অপরাজিত রয়ে যান ১৪৮ রানে।
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। গতবছরের মুশতাক আলি ট্রফিতে মেঘালয়ার বিপক্ষে হায়দরাবাদের হয়ে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন তিলাক ভার্মা।
টি-টোয়েন্টি ক্রিকেটে আভিশেকের এটি অষ্টম সেঞ্চুরি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি শতরানের রেকর্ডে তিনি যৌথভাবে এখন দুইয়ে। ৪৫০ ইনিংস খেলে ৮টি সেঞ্চুরি আছে রোহিত শার্মার। তার পাশে আভিশেক নাম লেখালেন মাত্র ১৫৭ ইনিংস খেলেই।
৯ সেঞ্চুরি করে ভারতীয়দের মধ্যে সবার ওপরে ভিরাট কোহলি, যিনি খেলেছেন ৩৯৭ ইনিংস।
শতরানের বিশ্বরেকর্ডে কোহলি যৌথভাবে তিনে আছেন রাইলি রুশোর সঙ্গে। ১১ সেঞ্চুরিতে দুইয়ে বাবর আজম। ২২ সেঞ্চুরি নিয়ে ক্রিস গেইলের জায়গা যেন অন্য কোনো গ্রহে।
আভিশেকের সৌজন্যে ২০ ওভারে পাঞ্জাব তোলে ৩১০ রান। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে যা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। গত বছর দুর্বল সিকিমের বিপক্ষে ২০ ওভারে ৩৪৯ করেছিল বারোদা।
প্রাভসিমরান সিংয়ের সঙ্গে উদ্বোধনী জুটিতেই ৭৫ বলে ২০৫ রানের জুটি গড়েন অভিশেক। প্রাভসিমরান ৩৫ বলে করেন ৭০ রান। পরে রামানদিপ সিং করেন ১৫ বলে ৩৯, সানভির সিং ৯ বলে ২২।
শামির ৪ ওভার থেকে রান আসে ৬১, আকাশ দিপের ৪ ওভারে ওঠে ৫৫।