রেকর্ড ১৪ ছক্কায় ভারতীয় ব্যাটসম্যানের বিধ্বংসী ১৬২*
রান তাড়ায় ৮৪ বলে অপরাজিত ১৬২ রানের ইনিংসে ১৩৬ রানই বাউন্ডারি থেকে করেছেন ভিষ্ণু ভিনোদ।
চার নম্বরে যখন ব্যাটিংয়ে নামলেন ভিষ্ণু ভিনোদ, সাত বলের মধ্যে দুই উইকেট হারিয়ে তখন চাপে কেরালা। তবে সব চাপ যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান। ২২ গজে যে রুদ্রমূর্তি ধারণ করলেন তিনি, তাতে পুড়ে ছাড়খার হলো প্রতিপক্ষের বোলিং।
ভারতের ঘরোয়া একদিনের ম্যাচে টুর্নামেন্ট ভিজায় হাজারে ট্রফিতে মঙ্গলবার পুদুচেরির বিপক্ষে রান তাড়ায় ৮৪ বলে অপরাজিত ১৬২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ভিনোদ। যেখানে ১৩টি চারের পাশে ছক্কা ১৪টি।
টুর্নামেন্টটির ইতিহাসে রান তাড়ায় এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটি। ২০২২ সালের নভেম্বরে জাম্মু ও কাশ্মীরের বিপক্ষে রান তাড়ায় আসামের হয়ে ১৭৪ রানের ইনিংসে ১২ ছক্কা মেরে এতদিন রেকর্ডটি ছিল রিয়ান পারাগের।
এই টুর্নামেন্টে আগে কিংবা পরে ব্যাটিংয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের তালিকায় ইশান কিষান ও সারফারাজ খানের সঙ্গে যৌথভাবে তিন নম্বরে আছেন ভিনোদ। যৌথভাবে দুই নম্বরে বৈভাব সুরিয়াভানশি ও নারায়ান জাগাদিসান (১৫ ছক্কা)। সবার ওপরে রুতুরাজ গায়কোয়াড় (১৬ ছক্কা)।
একটি জায়গায় রুতুরাজের পাশে বসেছেন ভিনোদ। টুর্নামেন্টটিতে দুজনেরই মোট ছক্কা এখন ১০৬টি করে। ভিনোদ খেলেছেন ৫৩ ইনিংস, রুতুরাজ ৫৬ ইনিংস। তাদের চেয়ে বেশি ছক্কা আছে কেবল একজনের। ৯৯ ইনিংসে ১০৮ ছক্কা নিয়ে চূড়ায় মানিশ পান্ডে।
এই তিন জন ছাড়া ছক্কার সেঞ্চুরি নেই আর কারো। ৫৬ ইনিংসে ৯১ ছক্কা নিয়ে তাদের পরে আছেন ইউসুফ পাঠান।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২৪৮ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ ওভারে সাঞ্জু স্যামসনকে হারায় কেরালা। পরের ওভারে বিদায় নেন আরেক ওপেনার রোহান। এরপরই ব্যাটিংয়ে নামেন ভিনোদ।
আর কোনো উইকেট পড়েনি কেরালার। বাবা অপরাজিতের (৬৩*) সঙ্গে অবিচ্ছিন্ন ২২২ রানের জুটিতে ২৯ ওভারেই দলকে ৮ উইকেটে জিতিয়ে দেন ভিনোদ।
৩৬ বলে পঞ্চাশ স্পর্শ করা ভিনোদ সেঞ্চুরি পূর্ণ করেন ৬৩ বলে, ৮১ বলে দেড়শ।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৯ ম্যাচে ভিনোদের অষ্টম সেঞ্চুরি এটি। এই অরপাজিত ১৬২ রান তার সর্বোচ্চ ইনিংস।
প্রতিপক্ষের রান আরেকটু বেশি হলে হয়তো ভিজায় হাজারে ট্রফিতে রান তাড়ায় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নিজের করে নিতেন ভিনোদ। ২০২১ সালের মার্চে মুম্বাইয়ের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে ২৮৫ রানের লক্ষ্য তাড়ায় ১২৩ বলে অপরাজিত ১৮৫ রানের ইনিংস খেলে রেকর্ডটি পৃথ্বী শর।
২০২৫ আইপিএলের আগে মেগে নিলামে ৯৫ লাখ রূপিতে ভিনোদকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। তবে সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ তিনি পাননি। ২০২৬ আইপিএলের মিনি নিলামের আগে তাকে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি।
