১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্টাম্পে লাথি মারায় ক্লসেনের জরিমানা

ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে দক্ষিণ আফ্রিকার কিপার-ব্যাটসম্যানকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2024, 07:34 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

রান তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে একাই টানছিলেন হাইনরিখ ক্লসেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে মেজাজ ধরে রাখতে পারেননি তিনি, স্টাম্পে মেরে বসেন লাথি। এই কাণ্ডের জন্য দক্ষিণ আফ্রিকার কিপার-ব্যাটসম্যানকে শাস্তি দিয়েছে আইসিসি।

আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে ক্লসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ঘটে এই ঘটনা। কেপ টাউনে প্রতিপক্ষের ৩২৯ রান তাড়ায় সতীর্থদের ব্যর্থতায় প্রোটিয়াদের একটাই টানেন ক্লসেন। পাঁচ নম্বরে নেমে ৪ ছক্কা ও ৮ চারে ৭৪ বলে ৯৭ রান করে আউট হন তিনি ৪৪তম ওভারের প্রথম বলে। ম্যাচটি ৮১ রানে হেরে যায় স্বাগতিকরা।

নাসিম শাহকে পুল করে ক্যাচ তুলে দেন ক্লসেন। আউট হয়েই মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন তিনি, যা দৃষ্টি এড়ায়নি আম্পায়ারদের।

পরে আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ক্লসেনকে শাস্তি দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজটি এরই মধ্যে নিজেদের করে নিয়েছে পাকিস্তান। তৃতীয় ওয়ানডে আগামী রোববার জোহানেসবার্গে।