অভিষেকে ৭ উইকেট নিয়ে রেকর্ডের পাতায় অ্যাটকিনসন
টেস্ট ক্রিকেটে প্রথম দিনটিই দুর্দান্ত বোলিংয়ে রাঙালেন ইংল্যান্ডের এই পেসার।
অফ স্টাম্পের অনেক বাইরের বল স্টাম্পে টেনে আনলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। উল্লাসে মেতে উঠলেন গাস অ্যাটকিনসন। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডেলিভারিতেই উইকেট! সেটি কেবলই শুরু। একের পর এক ছোবলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ তছনছ করে দিলেন এই পেসার। আগুনে বোলিংয়ে অভিষেকেই জায়গা করে নিলেন রেকর্ড বইয়ে।
ইংলিশ গ্রীষ্মের প্রথম টেস্ট ম্যাচটি এবার একটু আলাদা। জেমস অ্যান্ডারসনের ক্যারিয়ারের শেষ ম্যাচ যে এটিই! কিংবদন্তির বিদায়ের মঞ্চেই নিজের আগমণী বার্তা জানিয়ে দিলেন নবীন অ্যাটকিনসন।
লর্ডস টেস্টের প্রথম দিন বুধবার ১২ ওভার বোলিং করে ৪৫ রানে ৭ উইকেট শিকার করেন অ্যাটকিনসন।
তার দাপটে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১২১ রানেই।
ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকে দ্বিতীয় সেরা বোলিং কীর্তি এটি। স্রেফ দুই রান বেশি দেওয়ায় নিজেকে নিতে পারেননি তিনি এই রেকর্ডের সবার ওপরে।
১৯৯৫ সালে এই লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৪৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন ডমিনিক কর্ক। তার সেই রেকর্ড এবার হুমকিতে পড়েও শেষ পর্যন্ত টিকে গেল।
ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকে ৭ উইকে নেওয়া বোলার এখন ৭ জন। গত জানুয়ারিতেই ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার টম হার্টলি।
২৬ বছর বয়সী অ্যাটকিনসনের কীর্তি গড়া বোলিংয়ের পথচলা শুরু ম্যাচের একাদশ ওভারে, ব্র্যাথওয়েটকে বোল্ড করে। এক ওভার পর তিনি ফিরিয়ে দেন কার্ক ম্যাকেঞ্জিকে। ড্রাইভ করে স্লিপে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে তার প্রথম ৩ ওভার থেকে রানই আসেনি কোনো।
৫ ওভারে ৪ মেডেনসহ ২ রান খরচায় ২ উইকেট নিয়ে প্রথম স্পেল শেষ করেন অ্যাটকিনসন।
লাঞ্চের পর ওয়েস্ট ইন্ডিজকে বলতে গেলে একাই গুঁড়িয়ে দেন এই পেসার। নিজের নবম ওভারে চার বলের মধ্যে তিন শিকার ধরে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। আলিক আথানেজ প্রথম স্লিপে ধরা পড়ার পরের বলেই বিদায় করেন তিনি অভিজ্ঞ জেসন হোল্ডারকে। হ্যাটট্রিক বলটি ঠেকিয়ে দিলেও পরের বলে কিপারের কাছে ক্যাচ দেন জশুয়া দা সিলভা।
২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে বেন স্টোকসের পর এই প্রথম টেস্ট ক্রিকেটে এক ওভারে তিন উইকেট নিলেন ইংলিশ কোনো বোলার।
পরের ওভারে চারটি চার হজম করেন অ্যাটকিনসন। পরের ওভারেই ঘুরে দাঁড়ান এই পেসার। প্রথম তিন বলের মধ্যে আলজারি জোসেফ ও শামার জোসেফকে ফিরিয়ে ৭ উইকেট হয়ে যায়তার।
লর্ডসে টেস্ট অভিষেকে ৭ বা এর বেশি উইকেট নেওয়া চতুর্থ বোলার অ্যাটকিনসন। ১৯৭২ সালে অস্ট্রেলিয়ান পেসার বব ম্যাসি দুই ইনিংসেই নিয়েছিলেন ৮টি করে উইকেট।
অ্যাটকিনসনের চমৎকার বোলিংয়ে ৩ উইকেটে ৮৮ রান থেকে ১২১ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৭ উইকেট হারায় তারা স্রেফ ৩৩ রানে।
