২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুতর অসুস্থ আইরিশ অলরাউন্ডার সিমি সিং

গণমাধ্যমের খবর, সিমি সিং গুরুতর লিভার সমস্যায় ভুগছেন এবং তার সেরে উঠতে লিভার প্রতিস্থাপনের প্রয়োজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2024, 08:59 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

মারাত্মক শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করছেন সিমি সিং। গণমাধ্যমের খবর, গুরুতর লিভার সমস্যায় ভুগছেন আয়ারল্যান্ডের এই অলরাউন্ডার। সেরে উঠতে তার লিভার প্রতিস্থাপনের প্রয়োজন।

৩৭ বছর বয়সী সিমি সিংয়ের অসুস্থতার কথা বৃহস্পতিবার ক্রিকেট আয়ারল্যান্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে।

“আমরা খুব খারাপ খবর পেয়েছি যে, আমাদের বন্ধু সিমি সিং বর্তমানে প্রাণঘাতী স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করছেন। ক্রিকেট আয়ারল্যান্ড এবং বৃহত্তর আইরিশ ক্রিকেট সম্প্রদায়ের পক্ষ থেকে সিমিকে আমাদের শুভকামনা জানাতে চাই এবং তার জন্য আমরা প্রার্থনা করি। তিনি নতুন এক লড়াই শুরু করেছেন।”

আয়ারল্যান্ডেই কিছুদিন ধরে শারীরিক সমস্যা ভুগছেন সিমি সিং। চলতি গ্রীষ্মের শুরুতে চিকিৎসার জন্য নিজের শেকড় ভারতে যান তিনি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গুরগাওয়ের মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন আছেন সিমি সিং। তার স্ত্রী আগামদীপ তাকে লিভারের অংশ দান করবেন বলে খবর।

সিমি সিংয়ের শ্বশুর পারবিন্দর সিং টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, “খুব শীঘ্রই লিভার প্রতিস্থাপন করা হবে। চিকিৎসকরা আশাবাদী, ইতিবাচক ফল আসবে এবং তাকে নতুন জীবন দেবে।”

আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৩৫ ওয়ানডে ও ৫৩ টি-টোয়েন্টি খেলেছেন সিমি। দলটির জার্সিতে ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাঠে নামেন এই স্পিনিং অলরাউন্ডার।