২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল ছাড়লেও অনিশ্চয়তা কাটেনি গিলকে নিয়ে

কালকাতা টেস্টের মাঝপথে হাসপাতালে ভর্তি হওয়া ভারতীয় অধিনায়কের গুয়াহাটি টেস্টে খেলা নিয়ে আছে শঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 09:22 AM

Updated : 26 Aug 2026, 05:08 PM

কলকাতা টেস্ট শেষ তিন দিনেই। তবে কলকাতা অধ্যায় শেষ হয়নি এখনও। দুই দল আপাতত থাকছে এই শহরেই। টেস্টের যেটি হওয়ার কথা পঞ্চম দিন, সেই মঙ্গলবারে ভারতীয় দলের অনুশীলনও আছে ইডেন গার্ডেন্সে। তবে সেই সেশনে শুবমান গিলের থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

ঘাড়ের সমস্যায় টেস্টের মাঝপথে হাসপাতালে ভর্তি হওয়া গিল ছাড়া পেয়ে ফিরেছেন টিম হোটেলে। তবে অনিশ্চয়তার মেঘ এখনও কাটেনি পুরোপুরি। গুয়াহাটিতে পরের টেস্টে ভারতীয় অধিনায়কের খেলা নিয়ে শঙ্কা আছে এখনও।

কলকাতা থেকে বুধবার গুয়াহাটিতে উড়ে যাবে ভারতীয় দল। তবে দলের সঙ্গে গিলের যাওয়ার আশা সামান্য। ঘাড়ের সমস্যা সারিয়ে ওঠার চেষ্টা থাকাদের বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ না করার পরামর্শই সাধারণত থাকে। 

গিলের অনুপস্থিতির চড়া মূল্য কলকাতা টেস্টে চুকাতে হয়েছে ভারতকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে তিন বল খেলেই ঘাড়ের সমস্যায় মাঠ ছেড়ে যান অধিনায়ক। পরে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

দুই ইনিংসের কোনোটিতেই তাকে আর ব্যাটিংয়ে পাওয়া যায়নি। প্রথম ইনিংসে ১৮৯ রান করে ভারত ৩০ রানের লিড পেলেও চতুর্থ ইনিংসে ১২৪ রান তাড়ায় হেরে যায় তারা ৩০ রানেই।

ম্যাচ শেষে কোচ গৌতাম গাম্ভির বলেন, গিলের অভাব তারা অনুভব করেছেন ব্যাটিংয়ে। গুয়াহাটিতে অধিনায়ককে পাওয়া যাবে কি না, সেটি নিশ্চিত করতে পারেননি তিনি। শুধু বলেছেন, নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা করে দেখা হবে অধিনায়কের অবস্থা।

গিল শেষ পর্যন্ত খেলতে না পারলে ভারতকে নেতৃত্ব দেবেন রিশাভ পান্ত। একাদশে আসবেন হয়তো সাই সুদার্শান, কলকাতায় যাকে বাদ দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সুযোগ থাকতে পারে দেবদুত পাডিক্কালের সামনেও। 

গত বছরের অক্টোবরে নিউ জিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে গিল খেলতে পারেননি ঘাড়ের সমস্যার কারণেই।