মহারাজের স্পিনে পর্যদুস্ত অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সামনে পাত্তাই পেল না স্বাগতিকরা।
ম্যাচ শুরুর আগে কাগিসো রাবাদাকে হারানোর বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। তবে তারকা পেসারের অভাব দলকে বুঝতেই দিলেন না কেশাভ মহারাজ। কিছুটা মন্থর ও স্পিন সহায়ক উইকেটের সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামালেন বাঁহাতি স্পিনার। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে বড় জয়ে ওয়ানডে সিরিজ শুরু করল প্রোটিয়ারা।
কেয়ার্নসে মঙ্গলবার প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার জয় ৯৮ রানে। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে সফরকারীরা।
এইডেন মার্করাম, টেম্বা বাভুমা ও ম্যাথু ব্রিটস্কের পঞ্চাশ ছাড়ানো ইনিংসে ২৯৬ রানের পুঁজি গড়ে টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা। ৯ চারে ৮২ রান করেন মার্করাম। ৬৫ রানের ইনিংসে ৫টি চার মারেন বাভুমা। ১ ছক্কা ও ৭ চারে ৫৬ বলে ৫৭ রান আসে ব্রিটস্কের ব্যাট থেকে।
অফ স্পিনে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ৫৭ রানে নেন ৪ উইকেট। ম্যাচের দ্বিতীয়ভাবে ছড়ি ঘুরিয়ে ৩৩ রান খরচায় ৫ উইকেট নেন মহারাজ। তার স্পিনের সামনে মুখ থুবড়ে পড়া স্বাগতিকরা গুটিয়ে যায় ১৯৮ রানে।
ওয়ানডেতে এই প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন মহারাজ। এই সংস্করণে তার আগের সেরা ৩৩ রানে ৪ উইকেট।
অস্ট্রেলিয়ার মাটিতে দক্ষিণ আফ্রিকার প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন মহারাজ।
এই সংস্করণে অস্ট্রেলিয়ায় পাঁচ উইকেট নেওয়া চতুর্থ ফিঙ্গার স্পিনার তিনি। ১৯৯১ সালে বাঁহাতি স্পিনে ভারতের রাভি শাস্ত্রি (৫/১৫), ১৯৯৬ সালে অফ স্পিনে পাকিস্তানের সাকলায়েন মুশতাক (২৯/৫) এবং একই বছর বাঁহাতি স্পিনে ওয়েস্ট ইন্ডিজের জিমি অ্যাডামস (৩৭/৫) পেয়েছিলেন এই স্বাদ।
রান তাড়ায় জয়ের সম্ভাবনা কখনোই জাগাতে পারেনি অস্ট্রেলিয়া। তাদের ইনিংসে পঞ্চাশ ছুঁতে পারেন কেবল একজন, ১০ চারে ৯৬ বলে ৮৮ রান করেন অধিনায়ক মিচেল মার্শ। ৩৫ রানও নেই আর কারো নামের পাশে।
ম্যাচের শেষের মতো শুরুটাও দারুণ ছিল দক্ষিণ আফ্রিকার। মার্করাম ও রায়ান রিকেলটনের ৯২ রানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত পায় তারা। ৩ চারে ৩৩ রান করা রিকেলটনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন হেড।
৫৪ বলে ফিফটি ছুঁয়ে সেঞ্চুরিতে চোখ রেখে এগোচ্ছিলেন মার্করাম। কিন্তু তাকে হতাশ করেন বেন ডোয়ার্শিস, কট বিহাইন্ড হয়ে মাঠ ছাড়েন প্রোটিয়া ওপেনার।
এরপর দলকে টানেন বাভুমা ও ব্রিটস্ক। আরেকটি ৯২ রানের জুটি উপহার দেন দুইজন। তাদের ব্যাটে দুইশ ছাড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকার রান। ৫০ বলে ফিফটি করা ব্রিটস্কের বিদায়ে ভাঙে তাদের প্রতিরোধ।
পরের ওভারেই জোড়া শিকার ধরেন হেড। ছক্কার চেষ্টায় লং-অফে ধরা পড়েন ট্রিস্টান স্টাবস। ক্রিজে গিয়েই মুখোমুখি প্রথম বলে ছক্কায় ওড়ান অভিষিক্ত ডেওয়াল্ড ব্রেভিস। টি-টোয়েন্টি সিরিজে বিস্ফোরক ব্যাটিং উপহার দেওয়া তরুণ ক্রিকেটার পরের বলে একই চেষ্টায় লং-অনে দেন ক্যাচ।
কয়েক ওভার পর ৫৪ বলে পঞ্চাশ স্পর্শ করা বাভুমার স্টাম্প ভেঙে দেন ডোয়ার্শিস। শেষ দিকে ১ ছক্কা ও ২ চারে ২৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন ভিয়ান মুল্ডার।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়া। হেড ও মার্শের শুরুর জুটিতে আসে ৬০ রান। অভিষিক্ত প্রেনেলান সুব্রায়েনের অফ স্পিনে হেড স্টাম্পড হন। এরপরই শুরু দলটির ব্যাটিং ধস। যার কারিগর ছিলেন মহারাজ।
ম্যাচে নিজের প্রথম বলে মার্নাস লাবুশেনকে এলবিডব্লিউ করে দেন তিনি। পরের ওভারে ক্যামেরন গ্রিনকে বোল্ড করা মহারাজ নিজের তৃতীয় ওভারে পরপর দুই বলে ফেরান জশ ইংলিস ও অ্যালেক্স কেয়ারিকে। পঞ্চম ওভারে অ্যারন হার্ডির স্টাম্প ভেঙে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।
পাঁচ ওভার শেষে মহারাজের বোলিং বিশ্লেষণ, ৫-১-১৩-৫। টানা ১০ ওভারের স্পেল করেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটার।
সপ্তদশ ওভারে ৮৯ রানে ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দলকে নিয়ে লড়াই করে যান মার্শ। তাকে লম্বা সময় সঙ্গ দেওয়া ডোয়ার্শিসকে ফিরিয়ে ৭১ রানের জুটি ভাঙেন নান্দ্রে বার্গার। এই পেসারই পরে থামান মার্শের ইনিংস। এরপর আর বেশিদুর এগোয়নি অস্ট্রেলিয়া ইনিংস।
দুই দলের দ্বিতীয় ওয়ানডে আগামী শুক্রবার।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৯৬/৮ (মার্করাম ৮২, রিকেলটন ৩৩, বাভুমা ৬৫, ব্রিটস্ক ৫৭, স্টাবস ০, ব্রেভিস ৬, মুল্ডার ৩১, মহারাজ ১৩, সুব্রায়েন ১, বার্গার ১; হেইজেলউড ৮-১-৩৬-০, ডোয়ার্শিস ৯-০-৫৩-২, এলিস ১০-০-৫৪-০, হার্ডি ২-০-২০-০, হেড ৯-০-৫৭-৪, জ্যাম্পা ১০-০-৫৮-১, লাবুশেন ২-০-১৪-০)
অস্ট্রেলিয়া: ৪০.৫ ওভারে ১৯৮ (হেড ২৭, মার্শ ৮৮, লাবুশেন ১, গ্রিন ৩, ইংলিস ৫, কেয়ারি ০, হার্ডি ৪, ডোয়ার্শিস ৩৩, এলিস ১৪, জ্যাম্পা ১১, হেইজেলউড ১*; বার্গার ৮-১-৫৪-২, এনগিডি ৪.৫-০-২৮-২, সুব্রায়েন ১০-০-৪৬-১, মহারাজ ১০-১-৩৩-৫, মার্করাম ৮-০-৩৫-০)
ফল: দক্ষিণ আফ্রিকা ৯৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: কেশাভ মহারাজ
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০তে এগিয়ে
