২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি নির্বাচন পেছানোসহ তিন প্রস্তাব ক্রীড়া উপদেষ্টার কাছে

মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া কয়েকজন এখন তিনটি প্রস্তাবনা তুলে ধরতে চান ক্রীড়া উপদেষ্টার কাছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 09:36 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল অনুযায়ী বড় কোনো কার্যক্রম ছিল না বৃহস্পতিবার। তবু সকাল থেকেই বিসিবি ভবনের সামনে জড়ো হন কয়েকশ মানুষ। সাধারণত ক্রিকেট ম্যাচ চলাকালীন এমন ভিড় দেখা যায়, কিন্তু এখন তো মিরপুরে কোনো খেলা নেই! কারণ খুজঁতে গিয়ে জানা যায়, বিসিবি নির্বাচনে সুষ্ঠ নির্বাচনের আহ্বান জানিয়ে তারা মানববন্ধন করবেন মূল ফটকের দুই পাশে। 

তবে কার সমর্থনে তারা এসেছেন বা কে আসতে বলেছে, এ নিয়ে কোনো উত্তর মিলল না ঠিকঠাক।

বিকেল তিনটার দিকে বিসিবি ভবনে প্রবেশ করেন মনোনয়নপত্র প্রত্যাহার করা দুজন প্রার্থী—ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর ও বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু এবং বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস। তাদের সঙ্গে ছিলেন ওল্ড ঢাকা ক্রিকেটার্সের কাউন্সিলর মো: ইব্রাহীম খলিল। তিনি ক্লাব ক্যাটাগরিতে প্রার্থী ছিলেন না, তবে মঙ্গলবার ১৫ ক্লাবের কাউন্সিলরশীপ বাতিল চেয়ে দায়ের করা রিটে তার নামও আছে।

রফিকুল ইসলাম বাবুদের সঙ্গে এই ক্লাব সংগঠকদের অনেককে দেখা গিয়েছিল গতকাল, যখন তারা ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন। সাবেক অধিনায়ক তামিম ইকবালও তখন মনোনয়নপত্র তুলে নিয়েছিলেন। নির্বাচনের দিন চারেক বাকি থাকা অবস্থায় মনোনয়নপত্র প্রত্যাহারের পর স্বাভাবিকভাবেই কৌতূহল জাগে, আবার তারা কেন বিসিবিতে! 

যদিও শুরুতে তারা জানান, বিসিবি প্রধান নির্বাহীর সঙ্গে চা খাওয়ার জন্য এসেছেন, পরে ওপরে ঘুরে এসে জানান, প্রধান নির্বাহীই অনুপস্থিত। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রফিকুল ইসলাম বাবু জানান, বিসিবি নির্বাচন ঘিরে গত কয়েক দিনের বিতর্কগুলো বাদ দিয়ে ক্রিকেটের স্বার্থে তারা ক্রীড়া উপদেষ্টার কাছে তিন প্রস্তাবনা তুলে ধরতে চান। 

“আমরা প্রথম যে প্রস্তাবনটা দিচ্ছি সেটা হলো, এখন যে বর্তমান কমিটি আছে, ইচ্ছা করলেই এটার মেয়াদ বাড়িয়ে নির্বাচনের বিতর্কের সমাধান করা যেতে পারে। আরেকটি পথ আছে যে, রিসিডিউল করা। রিসিডিউল করলে এখানে যারা যোগ্য সংগঠক আছে, যারা বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা বিভিন্ন কারণে কাউন্সিলরশিপ বাতিল হয়েছে, তারা কিন্তু তাহলে আবার আসতে পারে। কাউন্সিলরশিপ বা এখানে ভোটে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার একটা সুযোগ আছে।”

“আরেকটি জিনিসি আছে আমি ঠিক জানি না…অ্যাডহক কমিটি করেও কিন্তু বিসিবি কিছুদিন চালানো যেতে পারে। কিছু দিনের জন্য। সাম্প্রতিক সঙ্কটগুলি সমাধান করার জন্য ক্রিকেটের স্বার্থে এটা কিন্তু আমরা করতে পারি।”

মনোনয়ন প্রত্যাহারের পরও এখন এমন প্রস্তাবনার ভাবনা, সেই ব্যাখ্যাও দিলেন রফিকুল ইসলাম বাবু। 

‘‘আমরা চাই বাংলাদেশের ক্রিকেটটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ক্রিকেট ১৮ কোটি মানুষের ভালোবাসার জায়গা। সারা বাংলাদেশের মানুষ বিসিবি নির্বাচনের খবর রাখছে। সবাই জানে কী হচ্ছে বিসিবিতে। নির্বাচনটা যেভাবে হয়ে যাচ্ছে, নির্বাচনের সিডিউল পরিবর্তন বা কাউন্সিলরদের নাম জমা, জেলা বিভাগের কাউন্সিলরদের নাম জমার পরেও তাদের বাতিল করা, ১৫টি ক্লাবকে বাতিল করা; এই যে এগুলো নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে, সেটি কিন্তু ক্রিকেটকেই ক্ষতি করবে। ’’

‘‘আমরা চাই এগুলির অবসান হোক। সুন্দর নির্বাচন হোক। সেটার জন্যই আজকে কিছু বলব। আপনার দেখেন ১৫টি ক্লাবের কাউন্সিলর বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছে। ১৫টি ক্লাবের কাউন্সিলর বাতিল চাওয়ার রিট মানেই এই ক্লাবগুলোর কোনো অস্তিত্ব নেই। যদি কেউ বলে থাকে ক্লাব আছে, লিগে খেলবে, কিন্তু কাউন্সিলর থাকবে না। এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না যে, ক্লাব আছে কাউন্সিলর নেই। এটা একটা উদ্দেশ্যপ্রনোদিত কাজ হতে পারে। ’’

গেল কিছুদিন ধরে এই ক্রিকেট সংগঠক বিসিবি নির্বাচনে ক্রীড়া উপদেষ্টার বড় প্রভাব দেখছিলেন, সেখানে এখন সমস্যা সমাধানে তিনি ক্রীড়া উপদেষ্টাকেই ‘অভিভাবক’ হিসাবে দেখতে চাইছেন। 

‘‘সুষ্ঠভাবে নির্বাচনের স্বার্থে অনেক সময় অনেক কিছু পরিবর্তন করে অনেক সময় সমাধান করা যায়। এখানে অনেক মিডিয়া বা অনেকেই বাইরে একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে; সঙ্গে অন্য একটি গ্রুপকে। আসলে বিষয় এটা না।”

“ক্রীড়া উপদেষ্টা এখন শুধু ক্রিকেট না, সমস্ত খেলাধুলার অভিভাবক। আমরা উনার কাছে বলব যে সমস্যা হয়েছে, এটা কীভাবে সমাধান করা যায়। উনি আমাদের অভিভাবক, উনাকে আমরা আলাদা রাখি। আমাদের কী সমস্যা হয়েছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করি।’’

আজ কয়েকজন ক্লাব সংগঠককে নিয়ে বিসিবি নির্বাচনের অচলাবস্থা সমাধানে ক্রীড়া উপদেষ্টার শরণাপন্ন হওয়ার কথা বললেন তিনি। তখন প্রশ্ন ওঠে-এই প্রস্তাবে তামিম ইকবালও একমত কি না। তিনি অবশ্য তামিমকে নিয়ে সরাসরি কিছু বললেন না। 

“কাউকে বাদ বা যোগ করছি না। আমরা চাই দেশের স্বার্থে সবাই একমত হোক। আমরা শুধু সমাধান চাই। তাই যা বলছি, ক্রিকেটের স্বার্থে সব সংগঠকের পক্ষ থেকেই বলছি। তামিমের কাছে যেমন অনেক খেলোয়াড় তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে, আমার কাছেও খেলোয়াড়রা এসেছে। আমি কারও নাম আলাদা করে বলছি না—সবাই মিলে কথা বলছি।”