২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুটকে প্রথম দেখেই টেন্ডুলকার বলেছিলেন, ‘ইংল্যান্ডের ভবিষ্যৎ অধিনায়ক’

জো রুটের অভিষেক টেস্ট দেখেই সাচিন টেন্ডুলকারের মনে হয়েছিল, বড় ক্রিকেটার পেয়ে গেছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 11:07 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

সাচিন টেন্ডুলকার আর জো রুটের নাম এখন নিয়মিতই বসছে একই বন্ধনীতে। দুটি নাম পাশাপাশি উচ্চারিত হচ্ছে প্রচুর। টেন্ডুলকারের রান কবে ছাড়িয়ে যেতে পারেন রুট, তুমুল চর্চা হচ্ছে সেটি নিয়ে। এই আলোচনার স্রোতে টেন্ডুলকার ফিরে গেলেন রুটের সেই শুরুর সময়টায়। অভিষেক টেস্টেই ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যানকে দেখে ভারতের ক্রিকেট ইশ্বরের মনে হয়েছিল, বড় এক ব্যাটসম্যান পেয়ে গেছে ইংল্যান্ড।

রুটের টেস্ট অভিষেক ভারতের বিপক্ষেই নাগপুরে ২০১২ সালে। টেন্ডুলকার ততদিনে খেলে ফেলেছেন ১৯৩ টেস্ট।

অভিষেক ইনিংসে ভারতের চার স্পিনারের আক্রমণ সামলে ছয়ে নেমে প্রায় পাঁচ ঘণ্টা ক্রিজে কাটিয়ে ২২৯ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন রুট। ড্র ম্যাচে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন তিনি ২০ রানে।

টেন্ডুলকার পরে আর সাত টেস্ট খেলে বিদায় নিয়েছেন ১৫ হাজার ৯২১ টেস্ট রানকে সঙ্গী করে। টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি রানের রেকর্ড তার অনেক আগে থেকেই ছিল। তার অবসরের পর মনে হচ্ছিল, রানের এই রেকর্ড হয়তো ভাঙবে না কখনোই।

ইংল্যান্ডের অ্যালেস্টার কুককে নিয়ে অবশ্য কিছুদিন আলোচনা হয়েছে এই রেকর্ড ভাঙার সম্ভাব্য একজন হিসেবে। তবে সেই কুক অবসর নিয়ে ফেলেছেন প্রায় সাড়ে তিন হাজার রান পেছনে থেকেই। টেন্ডুলকারের ক্যারিয়ারের দৈর্ঘ্য ও তার রান সংখ্যার ওজন তাতে যেন আরও বিশেষ হয়ে উঠেছে। 

অথচ একজন জো রুটের হাত ধরে টেন্ডুলকারের সেই রেকর্ড ভেঙে যাওয়াই এখন কেবল মনে হচ্ছে সময়ের ব্যাপার। টেস্ট ইতিহাসের দ্বিতীয় সফলতম ব্যাটসম্যান তিনি হয়েই গেছেন এর মধ্যে। টেন্ডুলকারকে ছাড়াতে প্রয়োজন আর ২ হাজার ৩৭৯ রান।

এই রানও কম নয়। তবে রুটের ব্যাটে রানের যে স্রোত বইছে কয়েক বছর ধরে, তার যে বয়স (৩৪) তাতে, টেন্ডুলকারের ম্যাচ সংখ্যা আর রান সংখ্যা, দুটিই রুট ছাড়িয়ে যাবেন বলে ধরে নিয়েছেন অনেকেই।

টেন্ডুলকার অবশ্য সেই আলোচনায় গেলেন না। রেডিটের সঙ্গে ‘আস্ক মি এনিথিং’ সেশনে তাকে জিজ্ঞেস করা হয়, রুটকে প্রথম দেখে কেমন মনে হয়েছিল।

টেন্ডুলকার জানালেন, খাঁটি সোনা তিনি চিনে ফেলেছিলেন দ্রুতই।

“১৩ হাজার রান পেরিয়ে যাওয়া অসাধারণ এক অর্জন। সে এখনও খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তাকে যখন প্রথম দেখি নাগপুরে ২০১২ সালে তার প্রথম টেস্টে, আমি সতীর্থদের বলেছিলাম যে ইংল্যান্ডের ভবিষ্যৎ অধিনায়ককে দেখছে তারা।”

রুটের কোন ব্যাপারটি তার নজর কেড়েছিল বেশি, সেটিও শোনালেন টেন্ডুলকার।

“আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল, সে যেভাবে উইকেট ঠিকভাবে পড়তে পেরেছিল এবং যেভাবে স্ট্রাইক বদল করছিল। তখনই আমি বুঝতে পেরেছিলাম, সে অনেক বড় ক্রিকেটার হবে।”