কিউই বোলারদের তুলোধুনা করে ১০ ওভারেই ভারতের জয়
দেড়শ ছাড়ানো লক্ষ্য তাড়ায় আভিশেক ও সুরিয়াকুমার উপহার দিয়েছেন বিস্ফোরক ইনিংস।
বোলারদের সম্মিলিত চেষ্টায় প্রতিপক্ষকে নাগালে রাখল ভারত। পরে দেড়শ ছাড়ানো লক্ষ্য তাড়ায় বিস্ফোরক ব্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস উপহার দিলেন আভিশেক শার্মা ও সুরিয়াকুমার ইয়াদাভ। তাতে স্রেফ উড়ে গেল নিউ জিল্যান্ড।
গুয়াহাটিতে রোববার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের জয় ৮ উইকেটে। সফরকারীদের ১৫৩ রান ১০ ওভারেই পেরিয়ে যায় স্বাগতিকরা।
দেড়শ ছাড়ানো লক্ষ্য তাড়ায় আইসিসির পূর্ণ সদস্যের দলগুলোর মধ্যে ভারতের চেয়ে বেশি বল বাকি থাকতে জিততে পারেনি কেউ। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৭ বল বাকি থাকতে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম তিন টি-টোয়েন্টি জিতে পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে সুরিয়াকুমারের দল।
টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। পূর্ণ সদস্যের দলগুলোর মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০১৬ থেকে ১৮ সাল পর্যন্ত পাকিস্তানও জিতেছিল টানা ১১ টি-টোয়েন্টি সিরিজ।
আগের ম্যাচে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়া আভিশেক এবার বিধ্বংসী রূপে নিজেকে মেলে ধরেন। ৫টি ছক্কা ও ৭টি চারে ২০ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার।
ইনিংসটির পথে ১৪ বলে ফিফটি স্পর্শ করেন আভিশেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে যা দ্বিতীয় দ্রুততম। সব দল মিলিয়ে যৌথভাবে তৃতীয়। রেকর্ডটি তার পূর্বসূরি ইউভরাজ সিংয়ের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন তিনি।
চলতি সিরিজে টানা দ্বিতীয় ফিফটিতে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন সুরিয়াকুমার। ৩টি ছক্কা ও ৬টি চারে ২৬ বলে ৫৭ রান করেন ভারত অধিনায়ক।
আভিশেকের সঙ্গে সুরিয়াকুমারের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৪০ বলে ১০২ রান।
টস হেরে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ড তৃতীয় বলেই হারায় উইকেট। মিড-অনে ডেভন কনওয়ের দুর্দান্ত ক্যাচ নেন হার্দিক পান্ডিয়া। পরের ওভারে বোলিংয়ে এসে রাচিন রাভিন্দ্রাকে ফিরিয়ে দেন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে টিম সাইফার্টের স্টাম্প ভেঙে দেন জাসপ্রিত বুমরাহ।
৩৪ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন চ্যাপম্যান ও গ্লেন ফিলিপস। চতুর্থ উইকেটে ৫৩ রানের জুটি গড়েন তারা। প্রায় এক বছর পর ভারতের হয়ে খেলতে নামা রাভি বিষ্ণই ভাঙেন তাদের প্রতিরোধ; দুইটি করে ছক্কা-চারে ৩২ রান করা চ্যাপম্যানকে কট বিহাইন্ড করে।
ড্যারিল মিচেলকে টিকতে দেননি পান্ডিয়া। লেগ স্পিনার বিষ্ণই বিদায় করেন ফিলিপসকে। এক ছক্কা ও ৬টি চারে ইনিংসের সর্বোচ্চ ৪৮ রান করেন ফিলিপস। মিচেল স্যান্টনারের ব্যাট থেকে আসে ১ ছক্কা ও ৩টি চারে ১৭ বলে ২৭ রান।
রান তাড়ায় প্রথম বলে বোল্ড হয়ে যান সাঞ্জু স্যামসন। ক্রিজে গিয়েই পাল্টা আক্রমণ শুরু করেন ইশান কিষান। ওই ওভারেই ম্যাট হেনরিকে দুই ছক্কার পর মারেন চার। আরেক প্রান্তে আভিশেকও দ্রুত রান বাড়ান।
চতুর্থ ওভারে ইশ সোধির বলে বাউন্ডারিতে ধরা পড়েন কিষান, তাতে ভাঙে ৫৩ রানের জুটি। এরপর আর দলের উইকেট পড়তে দেননি আভিশেক ও সুরিয়াকুমার।
পাওয়ার প্লের শেষ ওভারে জেকব ডাফিকে দুইটি চার ও একটি ছক্কা হাঁকান আভিশেক। ওই ছক্কায় ফিফটি স্পর্শ করেন তিনি। ওই ওভারে সুরিয়াকুমারও মারেন একটি ছক্কা। ওভারটি থেকে আসে ২২ রান।
প্রথম ৬ ওভার শেষে ভারতের রান ছিল ২ উইকেট হারিয়ে ৯৪ রান। আভিশেক ও সুরিয়াকুমারের ঝড়ে পরের চার ওভারে ৬১ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
দশম ওভারে ফিলিপসকে ছক্কা মারার দুই বল পর, চার হাঁকিয়ে ২৫ বলে ফিফটি স্পর্শ করেন সুরিয়াকুমার। পঞ্চাশ ছোঁয়ার পরের বলেই আরেকটি চারে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেন তিনি।
আগামী বুধবার চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৫৩/৯ (কনওয়ে ১, সাইফার্ট ১২, রাভিন্দ্রা ৪, ফিলিপস ৪৮, চ্যাপম্যান ৩২, মিচেল ১৪, স্যান্টনার ২৭, জেমিসন ৩, হেনরি ১, সোধি ২*, ডাফি ৪*; হার্শিত ৪-০-৩৫-১, পান্ডিয়া ৩-০-২৩-১, বিষ্ণই ৪-০-১৮-২, জাসপ্রিত ৪-০-১৭-৩, কুলদিপ ৩-০-৩২-০, দুবে ২-০-২৪-০)
ভারত: ১০ ওভারে ১৫৫/২ (স্যামসন ০, আভিশেক ৬৮*, কিষান ২৮, সুরিয়াকুমার ৫৭*; হেনরি ২-০-২৮-১, ডাফি ২-০-৩৮-০, জেমিসন ১-০-১৭-০, সোধি ২-০-২৮-১, স্যান্টনার ২-০-২৮-০, ফিলিপস ১-০-১৬-০)
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে ভারত।
