২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও চূড়ার পথে ছুটছেন স্মৃতি মান্ধানা

রেকর্ড গড়া সেঞ্চুরির পর ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছেন ভারতের তারকা ওপেনার।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও চূড়ার পথে ছুটছেন স্মৃতি মান্ধানা
ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি গড়েন স্মৃতি মান্ধানা। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 03:55 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে স্মৃতি মান্ধানার রেকর্ড গড়া সেঞ্চুরির প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন ভারতের এই তারকা ওপেনার।

মান্ধানা পেছনে ফেলেছেন তাহলিয়া ম্যাকগ্রাকে। মঙ্গলবার প্রকাশিত নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৭৫৭ রেটিং পয়েন্ট নিয়ে চারে নেমে গেছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।

বাঁহাতি ব্যাটার মান্ধানার রেটিং পয়েন্ট ৭৭১, যা তার ক্যারিয়ার সেরা। দুই নম্বরে থাকা হেইলি ম্যাথিউসের চেয়ে স্রেফ ৩ ও শীর্ষে থাকা বেথ মুনির চেয়ে ২৩ পয়েন্ট পেছেন আছেন মান্ধানা।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতের ম্যাচ বাকি আরও চারটি। মান্ধানার সামনে তাই শীর্ষে ওঠার খুব ভালো সুযোগ। গত মাসে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চূড়ায় ওঠেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। 

ট্রেন্ট ব্রিজে গত শনিবার প্রথম টি-টোয়েন্টিতে ১৫ চার ও ৩ ছক্কায় ৬২ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মান্ধানা। এই সংস্করণে তার প্রথম সেঞ্চুরি এটি। ভারতের প্রথম ও বিশ্বের পঞ্চম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি তিনি।

ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও গড়েন মান্ধানা। হারমানপ্রিত কৌরের চোটের কারণে ওই ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি।

২১০ রানের পুঁজি গড়ে ৯৭ রানের বিশাল জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে যায় ভারত।

দল হারলেও ওই ম্যাচে ৩ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল। চার নম্বরে আছেন তিনি। এখানে শীর্ষে পাকিস্তানের সাদিয়া ইকবাল। 

ব্রিস্টলে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। এটি হতে যাচ্ছে ভারতের হয়ে মান্ধানার ১৫০তম টি-টোয়েন্টি ম্যাচ।