এমন ‘ভীতু’ অস্ট্রেলিয়াকে আগে দেখেননি ভন
অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের ধরনে বিরক্ত হয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বললেন, অস্ট্রেলিয়াকে এতটা ভয় নিয়ে খেলতে আগে কখনো দেখেননি তিনি।
ইংল্যান্ডে গত সফরের মতো এবারও অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। শেষ টেস্ট জিতে সিরিজ জয়ের পথেও তারা আপাতত খানিকটা এগিয়ে প্রথম ইনিংসে লিড নিয়ে। কিন্তু অস্ট্রেলিয়ানদের ব্যাটিংয়ের ধরনে বেজায় বিরক্ত মাইকেল ভন। সাবেক ইংল্যান্ড অধিনায়কের মতে, অস্ট্রেলিয়াকে এতটা ভয় নিয়ে খেলতে আগে কখনোই দেখেননি তিনি।
সিরিজ নির্ধারণী ওভাল টেস্টে ইংল্যান্ডের ২৮৩ রানের জবাবে অস্ট্রেলিয়া শুক্রবার প্রথম ইনিংসে অলআউট হয় ২৯৫ রানে। তবে লিড পাওয়ার দিনে অস্ট্রেলিয়ানদের ব্যাটিংয়ের ধরন নিয়েই আপত্তি ভনের।
বিশেষ করে, প্রথম সেশনের ব্যাটিং দেখে অস্ট্রেলিয়াকে অচেনা মনে হয়েছে ভনের। ব্যাট থেকে দিনের প্রথম রানটি আসে ২৬ বল খেলার পর। প্রথম ঘণ্টায় রান ওঠে ১৪ ওভারে ২১। শেষ পর্যন্ত প্রথম সেশনে অস্ট্রেলিয়া ২৬ ওভার ব্যাট করে যোগ করে ৫১ রান। উইকেট হারায় তারা একটি।
আগের টেস্টের সেঞ্চুরিয়ান ও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের দুই নম্বর ব্যাটসম্যান মার্নাস লাবুশেন আউট হন ৮২ বলে ৯ রান করে। সিরিজের সফলতম ব্যাটসম্যান উসমান খাওয়াজা ৪৭ রান করেন ১৫৭ বল খেলে ও ২৩৭ মিনিট ক্রিজে কাটিয়ে।
বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে কথোপকথনে ২০০৫ অ্যাশেজ জয়ী ইংল্যান্ড অধিনায়ক ভন বললেন, অস্ট্রেলিয়ার এমন রূপ তিনি আগে দেখেননি।
“ছাইদানি (অ্যাশেজ) তারা দেশে নিয়ে যাচ্ছে, তবে অস্ট্রেলিয়াকে এতটা ভয় নিয়ে খেলতে আমি কখনোই দেখিনি। এমনিতে তারা অনেক আগ্রাসী ও খেলাকে সামনে এগিয়ে নিয়ে যায়।”
“এখানে তারা স্রেফ উইকেটে পড়ে থেকে লম্বা সময় ব্যাট করার চেষ্টা করেছে। এটা ভুলেই গেছে যে, বোলারদের ওপর কিছুটা চাপ ফিরিয়েও দিতে হয়। আজকে সকালে তারা যেভাবে ব্যাট করেছে, আমার দেখা অস্ট্রেলিয়ার সবচেয়ে বাজে ব্যাটিং এটি। তারা কখনও এভাবে খেলে না।”
ইংল্যান্ড যথারীতি এই টেস্টেও ‘বাজবল’ ঘরানার ক্রিকেট খেলে ২৮৩ রান তোলে স্রেফ ৫৪.৪ ওভার ব্যাটিং করেই। ওভারপ্রতি রান তোলে তারা ৫.১৭। অস্ট্রেলিয়ার ২৯৫ রান আসে ১০৩.১ ওভারে। ওভারপ্রতি রান তাদের ২.৮৫।
তবে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের ধরনে বিস্ময় বা প্রশ্নে কিছু দেখছেন না স্টুয়ার্ট ব্রড। সব দল ‘বাজবল’ অনুসরণ করবে, এমন আশা করা উচিত নয় বলেই মনে করেন ইংল্যান্ডের অভিজ্ঞ এই পেসার।
“তারা তাদের খেলার ধরনেই অটল থেকেছে, যে ধরনে তারা সাফল্য পেয়ে আসছে অনেক বছর ধরে। ব্যাপারটি তো এরকম নয় যে, অন্য দলকেও আমাদের খেলার ধরন অনুসরণ করতেই হবে। আমাদের জন্য এটা কার্যকর। কিন্তু দিনশেষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া, ঘরোয়া গ্রীষ্মের সবগুলো ম্যাচ তারা জিতেছে। আমরা ভিন্ন ঘরানায় খেলি বলেই তারা তাদের নিজস্ব ঘরানা তো বদলাবে না।”
