২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুমাইয়া-জেসিয়ার সেঞ্চুরি, সুমনার ৬ উইকেট

দুই ব্যাটারের সেঞ্চুরির দিনে অল্পের জন্য তিন অঙ্ক ছুঁতে পারেননি শারমিন সুলতানা ও জান্নাতুল ফেরদৌস তিথি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 06:47 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

খুব কাছে গিয়েও একরাশ হতাশা নিয়ে ফিরলেন শারমিন সুলতানা। তবে ভুল করলেন না বড় জুটিতে তার সঙ্গী সুমাইয়া আক্তার। চমৎকার ব্যাটিংয়ে তরুণ ব্যাটার পেলেন তিন অঙ্কের জাদুকরী স্পর্শ। তার শতরানের পর জান্নাতুল ফেরদৌস সুমনার দারুণ বোলিংয়ে জয়ের ধারা অব্যাহত রইল শেলটেক ক্রিকেট একাডেমির। 

ঢাকা প্রিমিয়ার উইমেন'স ক্রিকেট লিগে বুধবার সুমাইয়া ছাড়াও সেঞ্চুরির দেখা পান মোহামেডান স্পোর্টি ক্লাবের ভারতীয় ব্যাটার জেসিয়া আক্তার। শারমিনের মতো ৩ রানের আক্ষেপে পুড়তে হয় জান্নাতুল ফেরদৌস তিথিকে। এছাড়া দুই অভিজ্ঞ ফারজানা হক ও রিতু মনির ব্যাট থেকে আসে পঞ্চাশছোঁয়া ইনিংস।

বিকেএসপির এক নম্বর মাঠে দাপুটে পারফরম্যান্সে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ২১৯ রানে হারায় শেলটেক। ৩১৩ রানের লক্ষ্যে মাত্র সুমনার স্পিনে কাবু হয়ে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় পুলিশ।

তিন ম্যাচে শেলটেক জয়ের স্বাদ পেল সবকটিতে।

৯ ওভারে এক মেডেনসহ ২৪ রানে ৬ উইকেট নেন সুমনা। 

শেলটেককে তিনশ ছাড়ানো পুঁজি এনে দেওয়ার মূল দুই কারিগর সুমাইয়া ও শারমিন। আগের দুই ম্যাচে ফিফটি করা ইশমা তানজিম এ দিন ৪৬ রান করে আউট হন। 

দ্বিতীয় উইকেটে ১৬২ রানের জুটি গড়েন সুমাইয়া ও শারমিন। ৭ চারে ১২৬ বলে ৯৭ রান করে আউট হন শারমিন। 

শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১১৩ রান করেন সুমাইয়া। ৯৬ বলের ইনিংসটি ১৩ চারে সাজান তিনি। লিগের প্রথম ম্যাচে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন এই ব্যাটার। 

চার নম্বরে নামা অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৫ রান। 

ইউল্যাব ক্রিকেট মাঠে জেসিয়ার সেঞ্চুরিতে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ১৮২ রানে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৩৩৪ রানের লক্ষ্যে ১৫১ রানের বেশি করতে পারেনি আনসার ও ভিডিপি।

আগের ম্যাচে ঝড়ো ফিফটি করা জেসিয়া এবার শতরান স্পর্শ করেন ৭৫ বলে। সেখানেই না থেমে আরও এগিয়ে শেষ পর্যন্ত তিনি খেলেন ৯২ বলে ১৩২ রানের ইনিংস। ১৩ চারের সঙ্গে ৮টি ছক্কা মারেন ভারতীয় ব্যাটার।

দলের আর কেউ ফিফটি করতে পারেননি। শারমিন আক্তার ৪১ ও রুমানা আহমেদ খেলেন ৪৫ রানের ইনিংস।

আনসার ও ভিডিপির পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ইসমত আরা। মোহামেডান অধিনায়ক সালমা খাতুন ১০ ওভারে মাত্র ১২ রানে নেন ৪ উইকেট। রুমানার ঝুলিতে জমা পড়ে ৩ উইকেট। 

বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনী লিমিটেডকে ৫ উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় পায় গুলশান ইয়ুথ ক্লাব। ২৩১ রানের লক্ষ্য ৭ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা।

বল হাতে ২ উইকেটের পর ব্যাটিংয়ে ৬৪ রানের ইনিংস খেলে গুলশানের জয়ের নায়ক রিতু মনি। এ নিয়ে টানা তিন ম্যাচে সেরার স্বীকৃতি পেলেন অভিজ্ঞ অলরাউন্ডার।

আবাহনীর হয়ে ৯৭ রানের ইনিংস খেলেন তিথি। ১১৪ বলে ১৪ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি। টানা চতুর্থ পঞ্চাশছোঁয়া ইনিংসে ফারজানার ব্যাট থেকে আসে ১০৭ বলে ৬৬ রান। তিথি ও ফারজানার চতুর্থ উইকেট জুটির সংগ্রহ ১৬০ রান।

বিকেএসপির ৪ নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রকে ১২৩ রানে হারায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ২৬১ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ১৩৮ রানে গুটিয়ে দেয় তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি।

চার ম্যাচে বিকেএসপির এটি তৃতীয় জয়।

১২ চার ও ১ ছক্কায় ৬৩ বলে ৬৯ রান করেন বিকেএসপির ওপেনার মোসাম্মত ঈভা। ছয় নম্বরে নামা সাদিয়া আক্তার অপরাজিত ইনিংসে ৯২ বলে করেন ৭১ রান। ৫ চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন তিনি।

কলাবাগানের পক্ষে মিম খাতুনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ রান। বিকেএসপির বাঁহাতি স্পিনার অতশি মজুমদার ২৫ রানে নেন ৩ উইকেট।