টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ভেন্যুর পিচকে ‘অসন্তোষজনক’ বলল আইসিসি
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ট্যারোবার ব্রায়ান লারা একাডেমির উইকেটের বিষয়ে এই রায় দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
তীব্র সমালোচনার মুখে পড়া নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড নিয়ে অবশেষে রায় দিয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ভেন্যুর পিচকে ‘অসন্তোষজনক’ বলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। ট্যারোবার ব্রায়ান লারা একাডেমির উইকেট নিয়েও এসেছে একই রায়।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে অনুষ্ঠিত হয় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে ভারত। টুর্নামেন্ট শেষের প্রায় দুই মাস পর পিচ নিয়ে নিজেদের রায় দিল আইসিসি।
বিশ্বকাপের গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচ হয় নাসাউ স্টেডিয়ামে। যার মধ্যে প্রথম দুটির পিচকে ‘অসন্তোষজনক’ বলেছে আইসিসি। ওই দুই ম্যাচে কোনো দলই ১০০ রান পার করতে পারেনি। শ্রীলঙ্কাকে ৭৭ রানে গুঁড়িয়ে ৬ উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। আর আয়ারল্যান্ডকে ৯৬ রানে গুটিয়ে ভারত পায় ৮ উইকেটের জয়।
নিউ ইয়র্কে দ্বিতীয় ম্যাচে অসম বাউন্সের পিচের কারণে দুই দলের বেশ কয়েকজন শরীরে আঘাত পান। জশ লিটলের বল হাতে লাগায় রোহিত শার্মাকে সতর্কতামূলকভাবে আহত অবসরে পাঠানো হয়। রিশাভ পান্তের শরীরেও ছোবল দেয় লিটলের বল। আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরের আঙুলে লাগে জাসপ্রিত বুমরাহর শর্ট বল।
ওই সময়ের জিম্বাবুয়ে গ্রেট অ্যান্ডি ফ্লাওয়ার নিউ ইয়র্কের পিচকে ‘বিপজ্জনক’ বলেছিলেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন পিচের আচরণ দেখে ‘হতবাক’ হয়েছিলেন। অনেক সমালোচনা হয় নাসাউ স্টেডিয়ামের আউটফিল্ড নিয়েও।
সমালোচনার মুখে পরে অবশ্য নাসাউ স্টেডিয়ামের পিচ নিয়ে কিছু কাজ করে আইসিসি। এতে সেখানে হওয়া পরের ম্যাচগুলোর পিচকে ‘সন্তোষজনক’ বলেছে তারা, যার মধ্যে ছিল ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ।
তবে বড় চমক হয়ে এসেছিল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সেমি-ফাইনালের পিচ। ব্রায়ান লারা স্টেডিয়ামে ওইদিন আফগানিস্তানকে ৫৬ রানে গুটিয়ে ৯ উইকেটের জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
ওই ম্যাচের উইকেটে কিছু বল এতটাই নিচু ছিল যে ব্যাটসম্যানদের জন্য ডিফেন্ড করাও ছিল বেশ কঠিন। আবার একই জায়গা থেকে কিছু বলা করে বাউন্স। ম্যাচ শেষে আফগান কোচ জোনাথন ট্রট সমালোচনা করে বলেছিলেন, ‘এমন পিচে আপনি সেমি-ফাইনাল খেলতে চাইবেন না।’
আন্তর্জাতিক ম্যাচের সব পিচকেই রেটিং দেয় আইসিসি; খুব ভালো, ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক এবং আনফিট। গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে হওয়া ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমি-ফাইনালের উইকেটকে ‘সন্তোষজনক’ বলেছে তারা।
টুর্নামেন্টের ফাইনাল হয় বারবাডোজের কেনসিংটন ওভালে। রোমাঞ্চ ও উত্তেজনায় ঠাসা শিরোপা নির্ধারণী ম্যাচে ১৭৬ রান করে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারায় ভারত। ওই পিচকে ‘খুব ভালো’ রায় দিয়েছে আইসিসি।
