মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ‘স্থগিত হচ্ছে’ শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ
সংযুক্ত আরব আমিরাতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা দল দুটির।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সীমিত ওভারের সিরিজ মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে প্রবল শঙ্কা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাচ্ছে সিরিজটি।
আগামী ১৩ থেকে ২৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের।
গত ২৮ ফেব্রয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে ইরানে বিমান হামলা শুরু করে। জবাবে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসালই ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
সিরিজ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য এখনও দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কিংবা শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)। তবে ক্রিকইনফো জানতে পেরেছে, চলমান সংকটের কথা ভেবে সিরিজটি আপাতত আরব আমিরাতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ডই।
বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা চললেও, লজিস্টিক জটিলতার কারণে এখন অন্য কোথাও সিরিজটি সরিয়ে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ।
টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হওয়ার কথা মাঠের লড়াই। আগামী ১৩, ১৫ ও ১৭ মার্চ শারজাহতে আছে ম্যাচ তিনটি। আর ওয়ানডেগুলো হওয়ার কথা দুবাইয়ে, ২০, ২২ ও ২৫ মার্চ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আফগানিস্তানের বিদায়ের পর দলটির নেতৃত্বে আসে পরিবর্তন। রাশিদ খানকে সরিয়ে অধিনায়ক করা হয় ইব্রাহিম জাদরানকে। তার নেতৃত্বে এটিই প্রথম সিরিজ হওয়ার কথা ছিল আফগানদের।
মধ্যপ্রাচ্যের এই সংঘাতের কারণে গত সপ্তাহে আইসিসি মেন’স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের লিগ-টু এর ছয়টি ম্যাচ স্থগিত করা হয়। যেখানে খেলার কথা ছিল স্বাগতিক নেপাল, আরব আমিরাত ও ওমানের।
যুদ্ধাবস্থার প্রভাব পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। বিমান যোগাযোগ ব্যাহত হওয়ায় পরিকল্পনা মতো ভারত ছাড়তে পারেনি বেশ কয়েকটি দল। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল তো এখনও কলকাতায় আটকে আছে। চার্টার ফ্লাইটে মঙ্গলবার ভোরে ভারত ছাড়বে তারা।
আহমেদাবাদে রোববার পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। ফাইনালে নিউ জিল্যান্ডকে উড়িয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে রেকর্ড তৃতীয় শিরোপা জিতেছে ভারত।
