অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি-খরা নিয়ে লোকের কথায় কান দিচ্ছেন না রুট
‘পাঁচ বছর পর লোকের কথা কেউ মনে রাখবে না’, বললেন ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যান।
অ্যাশেজ সিরিজের সময় যত ঘনিয়ে আসছে, অস্ট্রেলিয়ায় জো রুটের সেঞ্চুরি-খরা নিয়ে আলোচনাও তত বাড়ছে। তবে এসব একদমই আমলে নিচ্ছেন না ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যান। নিজে রান করার পাশাপাশি সিরিজ জয়ই তার মূল লক্ষ্য।
ইংল্যান্ডের সবশেষ টেস্ট সিরিজে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টানা তিন সেঞ্চুরি করার পথে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন রুট। ১৫৮ টেস্টে তার সেঞ্চুরি এখন ৩৯টি। অস্ট্রেলিয়ায় ১৪ টেস্ট খেলে এই স্বাদ এখনও তিনি পাননি। দেশটিতে তার ফিফটি আছে ৯টি, সর্বোচ্চ ইনিংস ৮৯।
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও সাবেক কোচ ড্যারেন লিম্যান বলেছেন, রুটকে ‘সর্বকালের সেরাদের একজন’ হিসেবে বিবেচনা করতে হলে তাকে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে হবে।
ইংল্যান্ডের একশ বলের প্রতিযোগিতা দা হান্ড্রেড-এর গত আসরে খেলার সময় সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার বিদ্রূপ করেন রুটকে নিয়ে। ইন-সুইঙ্গারের বিপক্ষে রুটের দুর্বলতা আর অনেকবার এলবিডব্লিউ হওয়ার কথা তুলে ধরেন তিনি।
অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি নেই বলে গত মাসে ইংল্যান্ডের সর্বকালের সেরা একাদশে রুটকে রাখেননি সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্রেগ ব্লেওয়েট।
রুটের পক্ষেও অবশ্য কথা বলছেন অস্ট্রেলিয়ার কেউ কেউ। দেশটির সাবেক ওপেনার ম্যাথু হেইডেন যেমন গত মাসে বলেছেন, আসন্ন অ্যাশেজে রুট যদি সেঞ্চুরি না করেন, তাহলে তিনি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নগ্ন হয়ে হাঁটবেন।
হেইডেনের ওই মন্তব্য বাড়তি চাপের কি না, এমন প্রশ্নে বুধবার রুট হেসে বলেন, “হয়তো তাই।” ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান পরে বলেন, লোকের কথা কানে তুলছেন না তিনি।
“তারা যা বলতে চায় তাই বলবে, তাহলে এসব নিয়ে চিন্তা করার কী দরকার? এসব খুব একটা পার্থক্য তৈরি করে না। পাঁচ বছর পর যখন আমরা পেছনে ফিরে তাকাব, তখন কেউ মনে রাখবে না ম্যাথু হেইডেন আমাকে কী বলেছিলেন... গ্রেগ ব্লেওয়েট, মার্ক ওয়াহ, যেই হোক না কেন। তারা স্কোরলাইনের দিকে ফিরে তাকাবে এবং ভাববে, এটা ইংল্যান্ডের ঐতিহাসিক জয় বা তা নয়।”
“দিন শেষে এই সফর শুধু আমার বিষয় নয়। যদি আমি রান করি এবং অনেক রান করি, তাহলে অস্ট্রেলিয়ায় আমাদের সিরিজ জয়ের দারুণ সুযোগ তৈরি হবে। এটাই মূল লক্ষ্য।”
গত অ্যাশেজ সিরিজ ঘরের মাঠে ২-২ ড্র করে ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের গত কয়েক বছরের পারফরম্যান্স খুব বাজে। অস্ট্রেলিয়ায় সবশেষ তিনটি অ্যাশেজ সিরিজ তারা হেরেছে যথাক্রমে ৫-০, ৪-০ ও ৪-০ ব্যবধানে।
২০১৫ সালের পর থেকে কোনো অ্যাশেজ সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ সিরিজ জিততে পেরেছে তারা সেই ২০১০-১১ মৌসুমে।
আগামী ২১ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ।
