রেকর্ড গড়া বোলিংয়ে সান্ধুর অনন্য কীর্তি
ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ৬ উইকেট শিকারের স্বাদ পেলেন পাকিস্তানের এই স্পিনার, যে কীর্তি নেই আর কারও।
হংকংয়ের বিপক্ষে পাকিস্তানের বড় জয় অনুমিতই ছিল। প্রত্যাশিত সেই জয় আরও অনায়াস হয়ে উঠল নাশরা সান্ধুর দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে। দেশের হয়ে রেকর্ড গড়া বোলিং উপহার দিয়ে পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার নারী ক্রিকেটেও গড়লেন প্রথম একটি নজির।
উইমেন’স এশিয়া কাপে সোমবার হংকংয়ের বিপক্ষে দুবাইয়ে ৪ ওভারে স্রেফ ৭ রানে ৬ উইকেট শিকার করেন সান্ধু।
নারী টি-টোয়েন্টিতে এই প্রথম ৬ উইকেট নিতে পারলেন পাকিস্তানের কোনো বোলার। তাদের সেরা বোলিংয়ের আগের রেকর্ড ছিল ওমাইমা সোহাইলের। ২০২২ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে ১৩ রানে ৫ উইকেট শিকার করেছিলেন এই অফ স্পিনার।
টি-টোয়েন্টি ৫ উইকেট শিকারি পাকিস্তানি আছে আর কেবল একজন। ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন নিদা দার।
টি-টোয়েন্টির আগেই ওয়ানডেতে এক ম্যাচে ৬ উইকেটের স্বাদ পেয়েছেন সান্ধু। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি, নারী ক্রিকেটের এই দুই সংস্করণে ৬ উইকেটের কীর্তি নেই আর কোনো বোলারের।
ছেলেদের ক্রিকেটে অবশ্য দুজন বোলারের এই কীর্তি আছে। শ্রীলঙ্কার সাবেক স্পিনার অজান্তা মেন্ডিস ও ভারতীয় স্পিনার ইউজভেন্দ্রা চেহেল এই দুই সংস্করণেই ৬ উইকেট নিতে পেরেছেন।
সান্ধুর কীর্তি গড়া ম্যাচে ১৪৩ রানের পুঁজিতে ৭২ রানে ম্যাচ জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। ফাইনালের লড়াইয়ে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
