উইলিয়ামসের দারুণ সেঞ্চুরির পরও দক্ষিণ আফ্রিকার বড় লিড
৯ উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকার লিড ছাড়িয়ে গেছে দুইশ।
দ্রুত দুই ব্যাটসম্যানের বিদায়ে শন উইলিয়ামসকে চার নম্বরে উইকেটে যেতে হলো পঞ্চম ওভারেই। সেখান থেকে অভিজ্ঞ ব্যাটসম্যান করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তবে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় জিম্বাবুয়ে গুটিয়ে গেল আড়াইশ পেরিয়েই। বড় লিড পেল দক্ষিণ আফ্রিকা।
বুলাওয়ায়োতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন জিম্বাবুয়ে অলআউট হয় ২৫১ রানে। উইলিয়ামস একাই ১৩৭ রান করেন ১৬ চারে ১৬৪ বলে। বাকি ব্যাটসম্যানরা মিলে করেন কেবল ১০৫। অতিরিক্ত থেকে আসে ৯।
দক্ষিণ আফ্রিকা দিন শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৯ রানে। প্রথম ইনিংসের ১৬৭ রানের লিড মিলিয়ে ২১৬ রানে এগিয়ে আছে সফরকারীরা, হাতে উইকেট আছে ৯টি।
অনভিজ্ঞ দল নিয়ে অভিষিক্ত লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের রেকর্ড গড়া দেড়শ ছাড়ানো ইনিংস ও আটে নেমে কর্বিন বশের সেঞ্চুরিতে প্রথম দিন ৯ উইকেটে ৪১৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনে আর ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে দেয় প্রোটিয়ারা।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই টাকুদজোয়ানাশে কাইটানো ও নিকোলাস ওয়েলচকে হারায় জিম্বাবুয়ে। নতুন বলে দুজনকেই ফেরান অভিষিক্ত পেস বোলিং অলরাউন্ডার কোডি ইউসুফ।
ষষ্ঠ ওভারে বাঁহাতি পেসার কিউনা মাফাকার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে, পরের ওভারে মাঠ ছেড়ে যান ব্রায়ান বেনেট। সেখান থেকে ১৬০ বলে ৯১ রানের জুটিতে দলকে এগিয়ে নেন উইলিয়ামস ও অধিনায়ক ক্রেইগ আরভাইন।
৯০ বলে ৩৬ রান করা আরভাইনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন কেশাভ মহারাজ।
আরভাইনের বিদায়ের পর নিয়মিত উইকেট হারায় জিম্বাবুয়ে। বেনেটের কনকাশন বদলি হিসেবে সুযোগ পাওয়া প্রিন্স মাসভাউরে যেতে পারেননি দুই অঙ্কে।
এক প্রান্ত আগলে রেখে ১২২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন উইলিয়ামস। তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি এটি। জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডের তালিকায় এখন তিনি যৌথভাবে দুইয়ে আছেন গ্রান্ট ফ্লাওয়ার ও ব্রেন্ডান টেইলরের সঙ্গে।
১২টি সেঞ্চুরি করে চূড়ায় গ্রান্ট ফ্লাওয়ারের বড় ভাই অ্যান্ডি ফ্লাওয়ার।
দলের স্কোর আড়াইশর কাছে নিয়ে অষ্টম ব্যাটসম্যান হিসেবে উইলিয়ামস বিদায় নেন মহারাজের বলে স্টাম্পড হয়ে।
৫০ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার ভিয়ান মুল্ডার। ইউসুফ ও মহারাজের প্রাপ্তি ৩টি করে।
দ্বিতীয় ইনিংসে শুরুতেই ম্যাথু ব্রিটস্কিকে হারায় দক্ষিণ আফ্রিকা। তাকে ফিরিয়ে ম্যাচে পঞ্চম উইকেটের স্বাদ পান তানাকা চিভাঙ্গা।
দিনের বাকিটা কাটিয়ে দেন টনি ডি জর্জি ও মুল্ডার। আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের ১৫ মিনিট বাকি থাকতে শেষ হয় দিনের খেলা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪১৮/৯ ডিক্লে.
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৬৭.৪ ওভারে ২৫১ (বেনেট ১৯ আহত অবসর, কাইটানো ০, ওয়েলচ ৪, উইলিয়ামস ১৩৭, আরভাইন ৩৬, মাধেভেরে ১৫, মাসভাউরে ৭, সিগা ৯, মাসাকাদজা ৪, মাসেকেসা ১১*, মুজারাবানি ০, চিভাঙ্গা ০; ইউসুফ ১৪-২-৪২-৩, মাফাকা ১২-১-৫২-০, মুল্ডার ১৬-২-৫০-৪, বশ ৯-১-৩১-০, মহারাজ ১৬.৪-১-৭০-৩)
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ১৩ ওভারে ৪৯/১ (ব্রিটস্কি ১, ডি জর্জি ২২*, মুল্ডার ২৫*; মুজারাবানি ৭-১-২১-০, চিভাঙ্গা ৩-০-১৮-১, মাসাকাদজা ৩-০-১০-০)
