২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজহারকে ছাড়িয়ে পন্টিংয়ের আরও কাছে কোহলি

ওয়ানডেতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড এখন এককভাবে কোহলির।

আজহারকে ছাড়িয়ে পন্টিংয়ের আরও কাছে কোহলি
ভিরাট কোহলির এই ক্যাচে শেষ হয় পাকিস্তানের ইনিংস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2025, 07:22 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

হার্শিত রানার বলে ডিপ মিডউইকেটে খুশদিল শাহর ক্যাচ নিলেন ভিরাট কোহলি। পাকিস্তান গুটিয়ে গেল ২৪১ রানে। কোহলির রেকর্ড সমৃদ্ধ হলো আরেকটু। 

ওয়ানডেতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড (কিপারদের বাইরে) এখন এককভাবে কোহলির। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে দুটি ক্যাচ নিয়ে মোহাম্মদ আজহারউদ্দিনের পাশে বসেছিলেন তিনি। রোববার পাকিস্তানের বিপক্ষে দুটি ক্যাচ নেওয়ার পথে তিনি ছাড়িয়ে গেলেন পূর্বসূরিকে।

৪৭তম ওভারে নাসিম শাহর ক্যাচ নিয়ে আজহারকে টপকে যান কোহলি। শেষ ওভারে খুশদিলের ক্যাচ নেন তিনি। 

৩৩২ ইনিংসে ফিল্ডিং করে ১৫৬ ক্যাচ নিয়েছিলেন আজহার। ২৯৬ ইনিংসে কোহলির ক্যাচ হলো ১৫৮টি।

আর দুটি ক্যাচ নিলে বিশ্ব রেকর্ডের তালিকায় দুই নম্বরে রিকি পন্টিংকে ছুঁয়ে ফেলবেন কোহলি। ৩৭২ ইনিংসে ১৬০ ক্যাচ নিয়ে ক্যারিয়ার শেষ করেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক পন্টিং। ৪৪৩ ইনিংসে ২১৮ ক্যাচ নিয়ে চূড়ায় আছেন শ্রীলঙ্কার মাহেলা জায়াওয়ার্দেনে। 

কোহলির সামনে এখন ব্যাটিংয়ে একটি বিশ্ব রেকর্ডের হাতছানি। এ দিন ১৫ রান করতে পারলে সাচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ড গড়বেন তিনি, ২৮৭ ইনিংসে। 

অবশ্য এ দিন না পারলেও কোহলির সামনে রেকর্ডটি গড়ার সুযোগ থাকবে সামনেও। কেননা, টেন্ডুলকার ১৪ হাজারের সীমানা ছুঁয়েছিলেন ৩৫০ ইনিংসে, কুমারা সাঙ্গাকারার লেগেছিল ৩৭৮ ইনিংস।