০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

নেপালে দুই লক্ষ্য পূরণ করে ইংল্যান্ডে তাকিয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধু লড়াই করতে নয়, ম্যাচ জিততে চায় বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 06:23 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

দুটি লক্ষ্য নিয়ে নেপালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই খেলতে গিয়েছিল বাংলাদেশ। পূরণ হয়েছে দুটিই। সেই সন্তুষ্টি আছে নিগার সুলতানার। তবে মূল পরীক্ষা তো বিশ্বমঞ্চে। বাছাইয়ে অপরাজিত থাকার পর এবার ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভালো কিছু করতে চান বাংলাদেশ অধিনায়ক।

নেদারল্যান্ডসকে হারিয়ে রোববার বাছাইয়ের অভিযান শেষ করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের চার ম্যাচ জয়ের পর সুপার সিক্সে প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলে নিগার সুলতানার দল। জয় ধরা দিয়েছে পরের দুই ম্যাচেও। সাত ম্যাচের সবকটি জিতে অপরাজিত থেকে আসর শেষ করেছে তারা।

নেপালের মুলপানি শেষ ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়াই জানালেন অধিনায়ক নিগার।

“নেপালে আসার আগে আমাদের দল হিসেবে লক্ষ্য ছিল প্রথমে কোয়ালিফাই নিশ্চিত করা। তারপর ব্যাক অব দ্য মাইন্ড এটা ছিল, আমরা এই টুর্নামেন্ট জিততে চাই, মানে অপরাজিত থাকতে চাই। আমরা এটা করতে পেরেছি। এখানে সম্পূর্ণ কৃতিত্ব মেয়েদের। মেয়েরা অসম্ভব ভালো খেলেছে টুর্নামেন্টজুড়ে। দুর্দান্ত পারফরম্যান্স করেছে। যার যেটা ভূমিকা ছিল তা করার চেষ্টা করেছে।”

বাংলাদেশ দলের বড় দুর্ভাবনার জায়গা সবসময়ই ছিল ব্যাটিং। তবে এবারের আসরে ব্যাটারদের পারফরম্যান্স ছিল তুলনামূলক অনেক ভালো। সেটিই বাড়তি তৃপ্তি দিচ্ছে অধিনায়ককে। 

“সবসময় আমাদের ব্যাটারদের নিয়ে অনেক সময় কথা হয়, আমরা ধারাবাহিক না। কিন্তু এই টুর্নামেন্টে ব্যাটাররা বেশ ভালোভাবে ডমিনেট করেছে। বোলাররাও সাথে সাথে অবদান রেখেছে, যে যেখানে পেরেছে। আমার কাছে মনে হয়েছে, দল হিসেবে আমরা আগের চেয়ে অনেক ভালো করেছি, অনেক ধারাবাহিক ছিলাম, দাপুটে ক্রিকেট খেলেছি, এজন্য অনেক বেশি আনন্দিত।”

বাছাইয়ে ভালো করা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। কিন্তু মূল বিশ্বকাপে গিয়ে মুখ থুবড়ে পড়ার নজির আছে বারবারই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলে বাংলাদেশের জয় মোটে ৩টি!

সেই ২০১৪ সালে দেশের মাঠে জয় ধরা দিয়েছিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর দীর্ঘ অপেক্ষা শেষে আরেকটি জয়ের মুখ দেখতে পারে তারা ২০২৪ আসরে স্কটল্যান্ডের বিপক্ষে। তবে এই তিনটি জয় ছাড়া প্রায় সব ম্যাচেই তারা হেরে গেছে বড় ব্যবধানে। 

এবারের বিশ্বকাপ আগামী জুন-জুলাইয়ে হবে ইংল্যান্ডে। কন্ডিশন যেখানে বাংলাদেশের জন্য হবে খুবই চ্যালেঞ্জিং। বিশ্বকাপেও এবার দারুণ কিছু উপহার দিতে চান নিগার। এজন্য প্রস্তুতি যেন ভালো হয়, সেই তাগিদ জানিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক। ু

 “এখন আমাদের লক্ষ্য সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে কীভাবে ভালো পারফরম্যান্স করতে পারি। এজন্য প্রস্তুতিটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাইব যে, বিশ্বকাপের আগে আমরা যদি আন্তর্জাতিক ম্যাচ খেলে যেতে পারি… কারণ,  আগে আমরা যতগুলো টুর্নামেন্ট খেলেছি, নিজেদেরকে ওভাবে প্রস্তুত করতে পারিনি।”

“আমরা শুধ লড়াই করার জন্য ইংল্যান্ডে যাব না। আমরা ওখানে ম্যাচ জিততে চাই এবং ইমপ্যাক্টফুল টি-টোয়েন্টি বিশ্বকাপ দেশের জন্য উপহার দিতে চাই। এজন্য দল হিসেবে এবং আমারো ব্যক্তিগতভাবে চাওয়া, যদি বিশ্বকাপের আগে যদি আমরা টি-টোয়েন্টিতে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট খেলতে পারি…যেমন কোনো ফ্রাঞ্চাইজি লিগ বা টুর্নামেন্ট… আমার মনে হয় দলকে উজ্জীবিত করবে, আমাদের প্রস্তুতির জন্যও ভালো হবে।”