২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের ফাইনাল কলকাতার বদলে আহমেদাবাদে, বদলে গেল কোহলিদের ম্যাচের ভেন্যুও

টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশনেও একটি পরিবর্তন আনা হয়েছে।

আইপিএলের ফাইনাল কলকাতার বদলে আহমেদাবাদে, বদলে গেল কোহলিদের ম্যাচের ভেন্যুও
এবারের আসরে ঘরের মাঠে আর ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না কোহলিরা। ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 07:34 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

এবারের আইপিএলের প্লে-অফের ভেন্যু চূড়ান্ত করেছে আয়োজকরা। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচটি ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) মঙ্গলবার ঘোষণা করেছে প্লে-অফের ভেন্যু। 

মুল্যানপুরের নিউ পিসিএ স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে। একই মাঠে পরদিন হবে এলিমিনেটর ম্যাচ।

আহমেদাবাদে ১ জুন হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এখানেই অষ্টাদশ আসরের ফাইনাল ৩ জুন।

প্রাথমিকভাবে হায়দরাবাদ ও কলকাতায় হওয়ার কথা ছিল প্লে-অফের ম্যাচগুলো। ইডেন গার্ডেন্সে ২৫ মে হওয়ার কথা ছিল ফাইনাল। কিন্তু ভারত ও পাকিস্তানের যুদ্ধের প্রভাবে এক সপ্তাহের জন্য আসরটি স্থগিত হওয়ার পর আবার শুরু হলে বদলে যায় আয়োজকদের পরিকল্পনা।  

প্রাথমিক পর্বের শেষ ম্যাচের ভেন্যুও বদলে গেছে। আগামী ২৭ মে বেঙ্গালুরুতে ঘরের মাঠে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা ছিল ভিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। একই দিনে ম্যাচটি হবে এখন লাক্ষ্ণৌতে।

প্রতিকূল আবহাওয়ার কারণে এই পরিবর্তন আনা হয়েছে। গত শনিবার বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্স ও বেঙ্গালুরুর ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।

প্রাথমিক পর্বে কোহলিরা এখন তাদের শেষ দুটি ম্যাচই খেলবেন লাক্ষ্ণৌতে, এখানে আগামী শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবেন তারা।

বৃষ্টির প্রভাবের কথা মাথায় রেখে প্লেয়িং কন্ডিশনেও একটি পরিবর্তন আনা হয়েছে। আগে বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময়ে শুরু না হলে, পুরো ২০ ওভারের ম্যাচের অপেক্ষার জন্য বাড়তি সময় ছিল এক ঘন্টা। এখন সেটি বাড়িয়ে করা হয়েছে দুই ঘন্টা। মঙ্গলবার থেকে প্রাথমিক পর্বের বাকি ৯ ম্যাচে কার্যকর হবে এই নিয়ম। প্লে-অফের জন্য এই নিয়ম ছিল আগে থেকেই।

১০ দলের আসরে এরই মধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংস। শেষ চারের বাকি একটি জায়গার লড়াইয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স।