Published : 26 Dec 2025, 11:43 AM
আগের ম্যাচে বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ড গড়া ইনিংস খেলেছেন বৈভাব সুরিয়াভানশি। তবু ভিজায় হাজারে ট্রফিতে বিহারের দ্বিতীয় ম্যাচে শুক্রবার খেলছেন না ভারতের এই বিস্ময়-বালক। দল যখন খেলছে রাঁচিতে, ১৪ বছর বয়সী ক্রিকেটার তখন দিল্লিতে। সেখানে তিনি পাবেন রাষ্ট্রীয় সম্মাননা।
প্রাইম মিনিনস্টার’স ন্যাশনাল চিলড্রেন’স অ্যাওয়ার্ড বা প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কারের জন্য এবার মনোনীত হয়েছেন সুরিয়াভানশি। শিশু-কিশোরদের জন্য ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা এটি। বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ দক্ষতা ও অর্জনের জন্য দুটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয় ৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য।
দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠানটি হবে শুক্রবার। ভারতের রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী থাকবেন সেই আয়োজনে।
সুরিয়াভানশির শৈশবের কোচ মানিশ ওঝা হিন্দুস্তান টাইমসকে নিশ্চিত করেন, এই পুরস্কার নিতেই দিল্লিতে গেছেন ক্রিকেটবিশ্বে তোলপাড় ফেলে দেওয়া এই প্রতিভা। এই অনুষ্ঠানের পরও বিহার দলের সঙ্গে আপাতত আর যোগ দেবেন না বাঁহাতি ওপেনার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে ভারতের যুব দলের ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছেন কোচ ওঝা।
ভিজায় হাজারে ট্রফির উদ্বোধনী দিনে বুধবার ১৫ ছক্কায় ৮৪ বলে ১৯০ রানের ইনিংস খেলেন সুরিয়াভানশি। সেঞ্চুরি করেন ৩৬ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা সবচেয়ে কম বয়সে (১৪ বছর ২৭২ দিন) শতরানের রেকর্ড। ৫৯ বলে সেদিন পা রাখেন তিনি দেড়শতে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দেড়শর বিশ্বরেকর্ড তা।
রেকর্ড আর অর্জন অবশ্য তার প্রতিশব্দ হয়ে উঠেছে এখন। সব ধরনের ক্রিকেটেই তাক লাগিয়ে চলেছেন একের পর এক অসাধারণ পারফরম্যান্সে।
গত বছর থেকেই ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে আলো ছড়াতে শুরু করেন সুরিয়াভানশি। এই বছরটা তার কাটছে রূপকথার মতো। ১৩ বছর বয়সে আইপিএলের নিলামে দল পাওয়ার পর গত আইপিএলে তিনি আলোড়ন তোলেন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে। রাজস্থান রয়্যালসের হয়ে ৭ ম্যাচ খেলে ২৫২ রান করেন ২০৬.৫৫ স্ট্রাইক রেটে।
আইপিএলের পর বয়সভিত্তিক ক্রিকেটে রান ও রেকর্ডের স্রোত বইয়ে দিচ্ছেন তিনি। সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে। ইংল্যান্ডে যুব ওয়ানডে সিরিজে ৩৫৫ রান করেন ১৭৪ স্ট্রাইক রেটে।
এখনও পর্যন্ত ১৫টি যুব ওয়ানডে খেলে রান করেছেন তিনি ৫১.১৩ গড়ে ৭৬৭। স্ট্রাইক রেট ১৫৮.৭৯।
কদিন আগে যুব এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেন ১৪ ছক্কায় ৯৫ বলে ১৭১ রানের ইনিংস। এই মাসের শুরুতে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও বিহারের হয়ে করেন সেঞ্চুরি।