২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসেলের রেকর্ড ভাঙলেন সুরিয়াভানশি

স্রেফ ৪৪০ বলে আইপিএলে হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান।

রাসেলের রেকর্ড ভাঙলেন সুরিয়াভানশি
আন্দ্রে রাসেল (বাঁয়ে) ও বৈভাব সুরিয়াভানশি। ছবি: আইপিএল ও রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 11:20 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় বৈভাব সুরিয়াভানশির অর্জনের মুকুটে যোগ হলো আরেকটি পালক। আইপিএলে বলের হিসাবে দ্রুততম এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান।

দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪৭ বলে ৯৬ রানের ইনিংসের পথে রেকর্ডটি গড়েন সুরিয়াভানশি।

রাজস্থান রয়্যালসের এই ওপেনারের হাজার ছুঁতে লাগল কেবল ৪৪০ বল। পাঁচশর কম বলে এই ঠিকানায় পৌঁছতে পারেননি আর কেউ। ৫৪৫ বলে হাজার ছুঁয়ে এতদিন রেকর্ডটি ছিল ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের।

ছয়শর কম বলে হাজার ছুঁয়েছেন আরও চার জন- টিম ডেভিড (৫৬০ বল), ট্রাভিস হেড (৫৭৫ বল), ফিল সল্ট (৫৭৫ বল) ও হাইনরিখ ক্লসেন (৫৯৪ বল)। ভিরেন্দার শেবাগের লেগেছিল ৬০৪ বল। 

ইনিংসের হিসাবে এক হাজারে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সুরিয়াভানশি। তার ও লেন্ডল সিমন্সের লেগেছে ২৩ ইনিংস। ২১ ইনিংসে হাজার ছুঁয়ে সবার ওপরে শন মার্শ। 

২০২৫ সালে আইপিএলে অভিষেক হয় সুরিয়াভানশির। সেবার সাত ইনিংসে ২০৬.৫৬ স্ট্রাইক রেটে ২৫২ রান করে দেন আগমনী বার্তা। চলতি আসরে বইয়ে দিয়েছেন রানের বন্যা। এবার ১৬ ইনিংসে ২৩৭.৩১ স্ট্রাইক রেটে রান ৭৭৬। সব মিলিয়ে ২৩ ইনিংসে ২২৮.৯৫ স্ট্রাইক রেটে তার রান এক হাজার ২৮।

দুই আসরেই তিনি সেঞ্চুরি করেছেন একটি করে। এবার তিন ম্যাচে নব্বইয়ে কাটা না পড়লে সংখ্যাটা বাড়তে পারত আরও।

আইপিএলের এক আসরে ক্রিস গেইলের ৫৯ ছক্কার রেকর্ড আগের ম্যাচেই ভেঙে দেন সুরিয়াভানশি। এবারের আসরে তার মোট ছক্কা হলো ৭২টি।