চ্যাম্পিয়ন্স ট্রফি: ফাইনালের টিকেট মিলবে ৪ দিন আগে
প্রথম সেমি-ফাইনাল শেষ হওয়ার পরই শুরু হবে ফাইনালের টিকেট বিক্রি।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট ছাড়ার দিনক্ষণ ঘোষণা করেছে আইসিসি। মঙ্গলবার থেকে শুরু হবে টিকেট বিক্রি। তবে, ফাইনালের টিকেট পাওয়া যাবে ম্যাচের কেবল চার দিন আগে।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ মার্চ। ৪ মার্চ প্রথম সেমি-ফাইনাল শেষ হওয়ার পর ফাইনালের টিকেট বিক্রি শুরু হবে।
প্রাথমিকভাবে পুরো টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতের সরকার তাদের দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি না দেওয়ায় তৈরি হয় সঙ্কট। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
প্রথম সেমি-ফাইনাল হবে দুবাইয়ে, দ্বিতীয় সেমি-ফাইনাল লাহোরে। ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে দুবাইয়ে। আর ভারত ফাইনালে না উঠলে ম্যাচটি হবে লাহোরে।
আইসিসি সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুধু পাকিস্তান পর্বের ম্যাচগুলোর টিকেট বিক্রি শুরু হবে মঙ্গলবার থেকে। বলা হয়েছে, দুবাই পর্বের টিকেট বিক্রির তথ্য পরে জানানো হবে।
পাকিস্তান পর্বের ম্যাচগুলোর টিকেটের দাম সাধারণ বিভাগের জন্য এক হাজার পাকিস্তানি রুপি থেকে শুরু হবে। আর প্রিমিয়াম বিভাগের টিকেটের দাম শুরু হবে দেড় হাজার রুপি থেকে।
এই ওয়েবসাইটে (https://icc-cricket-news.com/p/4BST-107L/championstrophy2025) নিবন্ধন করে টিকেটের জন্য নিজেদের আগ্রহ জানাতে পারবেন দর্শকরা। টিকেট বিক্রির খবর তাদের কাছেই সবার আগে পৌঁছাবে।
৮ দলের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ড। ‘বি’ গ্রুপের চার দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান।
