২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮২.৩ ওভারে মেডেন নেই নিউ জিল্যান্ডের, ফিরে এলো প্রায় ৮৬ বছর আগের স্মৃতি

ইংল্যান্ডের বাজবলের দাপটে ৮২.৩ ওভার বোলিং করেও মেডেন পায়নি নিউ জিল্যান্ড, বিব্রতকর বিশ্বরেকর্ড হয়নি একটুর জন্য।

৮২.৩ ওভারে মেডেন নেই নিউ জিল্যান্ডের, ফিরে এলো প্রায় ৮৬ বছর আগের স্মৃতি
ইংলিশ ব্যাটসম্যানদের দাপটে অসহায় ম্যাট হেনরি ও নিউ জিল্যান্ডের অন্য বোলাররা। ছবি: ব্ল্যাক ক্যাপস ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 08:43 AM

Updated : 26 Aug 2026, 11:04 AM

ইংল্যান্ড ইনিংস ঘোষণা করায় যেন হাঁফ ছেড়ে বাঁচল নিউ জিল্যান্ড। ইংলিশ ব্যাটসম্যানদের বেদম পিটুনি থেকে আপাতত রেহাই মিলল কিউই বোলারদের। স্বস্তির মূল কারণ এটিই। পাশাপাশি পরিসংখ্যানও বলবে, অল্পের জন্য বিব্রতকর এক রেকর্ড থেকে রক্ষা পেলেন তারা।

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে রোববার ওভারপ্রতি পাঁচের বেশি রান তুলে ৬ উইকেট ৪২৭ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ৮২.৩ ওভার বোলিং করেও কোনো মেডেন নিতে পারেনি নিউ জিল্যান্ড।

এর চেয়ে বেশি ওভার বোলিং করে মেডেন না পাওয়ার নজির ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে আছে আর মোটে একটি। সেটি প্রায় ৮৬ বছর আগে এবং সেখানেও ছিল ইংল্যান্ড।

১৯৩৯ সালের জানুয়ারিতে ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বোলারদের বিধ্বস্ত করে ৪ উইকেটে ৪৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। সেবার ৮৮.৩ ওভার বোলিং করে মেডেন পায়নি প্রোটিয়া বোলাররা। 

ওই রান নিয়ে পরে ইনিংস ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। এবার ইনিংস ব্যবধানে না জিতলেও তারা বড় জয়ের পথে।

পঞ্চাশ ওভারের বেশি বোলিং করে মেডেন না পাওয়ার ঘটনা টেস্ট ইতিহাসে আছে আর কেবল একটি। ২০১৪ সালে শারজাহ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ছিল ৫৯ ওভারে ৩০২ রান। সেই রান তারা করে ফেলে ৫৭.৩ ওভারে। ৫টি উইকেট নিতে পারলেও কোনো মেডেন নিতে পারেননি লঙ্কান বোলাররা।