২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ শুরুর দিনে রেকর্ড উইকেট পতনের পাগলাটে লড়াই

অ্যাশেজের ইতিহাসে সিরিজ শুরুর দিনে এমন পাগলাটে উইকেট পতনের লড়াইয়ের দেখা মেলেনি আগে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ম্যাচের প্রথম ওভারে প্রতিপক্ষ শিবিরে ছোবল দিলেন মিচেল স্টার্ক। পরে একে একে আরও ৬ শিকার ধরলেন অভিজ্ঞ পেসার। তার আগুনে বোলিংয়ে পুড়ে ছাই ইংল্যান্ডের ব্যাটিং। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তো আরও করুণ দশা। বেন স্টোকসের চমৎকার বোলিংয়ে এখন লিডের আশায় ইংলিশরা।

পার্থে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিন উইকেট পড়েছে ১৯টি। প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর, ৯ উইকেট হারিয়ে ১২৩ করে দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। এখনও ৪৯ রানে পিছিয়ে স্বাগতিকরা।

পার্থে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিন ১৭২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। পরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৩ করে দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। এখনও ৪৯ রানে পিছিয়ে স্বাগতিকরা।

বোলারদের দাপটের দিনে মোট উইকেট পড়েছে ১৯টি। অ্যাশেজের ইতিহাসে সিরিজ শুরুর দিনে এত বেশি উইকেট আগে কোনোদিন পড়েনি। ১৮৮৮ সালে দুই দলের মধ্যে একমাত্র টেস্টের প্রথম দিনে এবং ১৮৯৬ সালে তিন টেস্টের সিরিজের প্রথম দিনে ১৮ উইকেট করে পড়েছিল, সেটাই ছিল পূর্বের রেকর্ড।

এমন পাগলাটে দিনে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫৮ রান খরচায় ৭ উইকেট নেন স্টার্ক। টেস্টে তার আগের সেরা ছিল ৯ রানে ৬ উইকেট।

স্টার্কের ৭ উইকেট পার্থ স্টেডিয়ামে সেরা বোলিংয়ের রেকর্ড। ৩৫ বছর পর অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে কোনো টেস্টের প্রথম দিনে ৭ উইকেট পেলেন কোনো বোলার। ১৯৯০-৯১ মৌসুমে ৮ উইকেট নিয়েছিলেন তারই স্বদেশি ক্রেইগ ম্যাকডারমট।

পরে স্রেফ ৬ ওভার করে ২৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন স্টোকস। টেস্টে ষষ্ঠবার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন ইংলিশ অধিনায়ক। দুটি করে প্রাপ্তি জফ্রা আর্চার ও ব্রাইডন কার্সের।

দুই দলের ইনিংসে ফিফটি কেবল একটি, এক ছক্কা ও ৫টি চারে হ্যারি ব্রুকের ৫২। অস্ট্রেলিয়ার কেউ ৩০ রানও করতে পারেননি।

চোটের কারণে ম্যাচটিতে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হেইজেলউডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। দুই অভিজ্ঞ পেসারের অনুপস্থিতিতে পার্থের বাউন্সি উইকেটে একাই চিরপ্রতিদ্বন্দ্বীদের গুঁড়িয়ে দেন স্টার্ক।

টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের ব্যাটিংয়ে ম্যাচের ষষ্ঠ বলে আঘাত হানেন স্টার্ক। স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়ে স্লিপে ধরা পড়েন জ্যাক ক্রলি। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ২৪ বার প্রথম ওভারে উইকেট নিলেন স্টার্ক।

চারটি চারে ২০ বলে ২১ করা বেন ডাকেটকে কিছুক্ষণ পর এলবিডব্লিউ করে দেন স্টার্ক। পরের ওভারে জো রুটকে শূন্য রানের তেতো স্বাদ দেন তিনি। ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যানকে ফিরিয়ে স্টার্ক স্পর্শ করেন অ্যাশেজে একশ উইকেটের মাইলফলক।

দিনের একমাত্র পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েন অলি পোপ ও হ্যারি ব্রুক। পোপকে এলবিডব্লিউ করে তাদের ৫৫ রানের বন্ধন ভাঙেন ক্যামেরন গ্রিন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ৪টি চারে ৪৬ রান করা পোপ।

লাঞ্চ বিরতির পর স্টোকসের স্টাম্প ভেঙে ইংল্যান্ডকে আরও চেপে ধরেন স্টার্ক। জেমি স্মিথকে নিয়ে কিছুক্ষণ লড়াই করেন ব্রুক। ইংলিশ সহ-অধিনায়ক ব্রুককে কট বিহাইন্ড করে টেস্টে প্রথম উইকেটের স্বাদ পান অভিষিক্ত ব্রেন্ডান ডগেট।

স্টার্কের ছোবলে এরপর টপাটপ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যায় ইংল্যান্ড। ১৮ বলে ১২ রান করতে শেষ পাঁচ উইকেট হারায় সফরকারীরা। 

আইসিসির নিয়ম অনুযায়ী, ওপেনিংয়ে নামতে হলে একটি নির্দিষ্ট সময় ফিল্ডিং করতে হয়। কিন্তু সেই সময়টা মাঠে না থাকায় অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে পারেননি উসমান খাওয়াজা। অভিষিক্ত জ্যাক ওয়েদেরল্ডের সঙ্গে ইনিংস শুরু করেন মার্নাস লাবুশেন।

দলকে ভালো শুরু এনে দিতে পারেননি তারা। আর্চারের করা ইনিংসের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হয়ে যান ওয়েদেরল্ড। অনেকটা সময় ক্রিজে কাটানো লাবুশেনকে বোল্ড করে দেন গতিময় পেসার আর্চার।

কামিন্সের অনুপস্থিতিতে এই টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া স্টিভেন স্মিথকে ফিরিয়ে দেন কার্স। ২ চারে ১৭ রান করে স্লিপে ধরা পড়েন ৪৯ বল খেলা এই তারকা ব্যাটসম্যান। ক্রিজ ছাড়ার আগে নিজের ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। কার্স পরের ওভারে কট বিহাইন্ড করে দেন চারে নামে খাওয়াজাকে।

৩১ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকদের হাল ধরার চেষ্টা করেন ট্রাভিস হেড ও ক্যামেরন গ্রিন। হেডকে (১ চারে ২১) ফিরিয়ে শিকার ধরা শুরু করেন স্টোকস, ভাঙে ৪৫ রানের জুটি। পরের ওভারে গ্রিনকে (২ চারে ২৪) কট বিহাইন্ড করেন স্টোকস। 

স্টার্ককে বিদায় করে স্টোকস পরের ওভারে ধরেন জোড়া শিকার; ৩ চারে ২৬ রান করা কেয়ারি ধরা পড়েন থার্ড ম্যান সীমানায়, এবং তার এক বল পর স্কট বোল্যান্ডকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন স্টোকস।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩২.৫ ওভারে ১৭২ (ক্রলি ০, ডাকেট ২১, পোপ ৪৬, রুট ০, ব্রুক ৫২, স্টোকস ৬, স্মিথ ৩৩, অ্যাটকিনসন ১, কার্স ৬, আর্চার ০*, উড ০; স্টার্ক ১২.৫-৪-৫৮-৭, বোল্যান্ড ১০-০-৬২-০, ডগেট ৭-১-২৭-২, লায়ন ২-০-১০-০, গ্রিন ১-০-১০-১)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৯ ওভারে ১২৩/৯ (ওয়েদেরল্ড ০, লাবুশেন ৯, স্মিথ ১৭, খাওয়াজা ২, হেড ২১, গ্রিন ২৪, কেয়ারি ২৬, স্টার্ক ১২, লায়ন ৩*, বোল্যান্ড ০, ডগেট ০*; আর্চার ৯-৪-১১-২, অ্যাটকিনসন ৯-৪-১৯-০, উড ৫-০-১৮-০, কার্স ১০-১-৪৫-২, স্টোকস ৬-১-২৩-৫)