ভারতীয় ক্রিকেটে ‘ওয়ার্কলোড’ বিষয়টিই আর দেখতে চান না গাভাস্কার
ভারতের ব্যাটিং গ্রেটের মতে, ইংল্যান্ডের বিপক্ষে টানা পাঁচ টেস্ট খেলে ‘ওয়ার্কলোড সামলানোর’ বিষয়টিকে অহেতুক প্রমাণ করে দিয়েছেন মোহাম্মদ সিরাজ।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে বোলারদের মধ্যে সব টেস্টই খেলেন কেবল ক্রিস ওকস ও মোহাম্মদ সিরাজ। ওকস অবশ্য শেষ ম্যাচের মাঝপথে ছিটকে যান কাঁধের চোটে। কিন্তু সিরাজ লড়াই চালিয়ে যান শেষ অবধি। ওভাল টেস্টের নায়কের এমন ইস্পাতকঠিন মনোবলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সুনিল গাভাস্কার। ভারতীয় ব্যাটিং গ্রেটের মতে, ‘ওয়ার্কলোড’ সামলানোর বিষয়টি অপ্রয়োজনীয়ও প্রমাণ করে দিয়েছেন সিরাজ।
ইংল্যান্ড সফরের আগে থেকেই জাসপ্রতি বুমরাহর ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নিয়ে ভারতীয় ক্রিকেটে শুরু হয় আলোচনা। দেশ ছাড়ার আগেই দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, অভিজ্ঞ এই পেসারকে তিনটি ম্যাচ খেলানো হবে।
নিজেদের পরিকল্পনা অনুযায়ীই সিরিজটি শেষ করেছে ভারত। দলের সেরা পেসার বুমরাহকে দ্বিতীয় ও শেষ টেস্টে বিশ্রাম দিয়েছে তারা। এনিয়ে সিরিজ চলার মাঝেই হয়েছে অনেক চর্চা।
অথচ বুমরাহ যে দুটি টেস্ট খেলেননি, সেই দুটিতেই জিতেছে ভারত। তাতে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচ ম্যাচের সিরিজটি ২-২ ড্র করে দেশে ফিরতে পারছে তারা।
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে বুমরাহর অনুপস্থিতিতে বোলিং বিভাগের দায়িত্ব কাঁধে তুলে নেন সিরাজ। তার অসাধারণ বোলিং পারফরম্যান্সে ওভালে ৬ রানের অবিস্মরণীয় জয় পায় ভারত। দ্বিতীয় ইনিংসের পাঁচটিসহ মোট ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন এই পেসার।
যে ডেলিভারিতে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ওভালে ভারতকে জয় এনে দেন সিরাজ, সেটি ছিল সিরিজে তার পঞ্চম গতিময় ডেলিভারি। যেটি তিনি করেন পাঁচ টেস্টে ১৮৫.২ ওভার বোলিং করার পর। এতেই স্পষ্ট, কতটা তাড়না ছিল তার মধ্যে। প্রতিটি ডেলিভারিতেই এভাবে নিজের সবটুকু উজাড় করে দেন তিনি।
‘ওয়ার্কলোড’ নিয়ে না ভেবে সব ম্যাচ খেলার যে সাহস দেখিয়েছেন সিরাজ, তাতে মুগ্ধ গাভাস্কার। তার আশা, ভারতীয় ক্রিকেটের অভিধান থেকে ওয়ার্কলোড শব্দটি এখন মুছে ফেলা হবে।
“সবসময়ই বলা হয়, বোলাররা ম্যাচ জেতায়। তবে সত্যি কথা হলো, রানও করতে হয়। ভারত রান করতে ব্যর্থ হওয়ায় ওই দুই ম্যাচে হেরেছে। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি সিরাজ সবটুকু উজাড় করে বোলিং করেছে এবং ওয়ার্কলোড সামলানোর বিষয়টি সারা জীবনের জন্য ভুল প্রমাণ করে দিয়েছে।”
“আশা করি, ভারতীয় ক্রিকেটের অভিধান থেকে ‘ওয়ার্কলোড’ শব্দটি ছেঁটে ফেলা হবে। আমি এটা অনেক দিন ধরে বলে আসছি। টানা পাঁচ টেস্টে সে ৬, ৭, ৮ ওভারের স্পেল করেছে কারণ অধিনায়ক এটা চেয়েছে এবং দেশ তার থেকে ভালো কিছুর আশায় ছিল। আমার মনে হয়, একটা বিষয় আমাদের সবার মাথায় রাখা উচিত, ওয়ার্কলোড মানসিক বিষয়, শারীরিক নয়।”
গাভাস্কারের মতে, যারা ওয়ার্কলোডের ‘বাহানা’ খুঁজে বিশ্রামের পথ বেছে নেয়, তাদের ওপর জোর প্রয়োগ করা উচিত দলের।
“যারা ওয়ার্কলোড নিয়ে কথা বলে তাদের চাপে রাখতে না পারলে কখনো দলের সেরা ক্রিকেটারদের মাঠে পাওয়া যাবে না। তাদেরকে এমন একটা পরিস্থিতিতে নিতে হবে এবং বলতে হবে ‘হ্যালো, তুমি দেশের হয়ে খেলছো, আর যখন তুমি দেশের হয়ে খেলছো তোমাকে পেশির ব্যথা-যন্ত্রণা ভুলে যেতে হবে।”
“সীমান্তে এটাই করতে হয়। কি মনে হয়, সৈনিকরা ঠাণ্ডা নিয়ে কিংবা পরিস্থিতি যা-ই হোক সেটা নিয়ে অভিযোগ করে? তারা সেখানে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে।’ দেশের জন্য নিজের সর্বোচ্চটা দাও। দুর্ঘটনায় ব্যথা পেতে পারো, এমন কিছু নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই। রিশাভ পান্ত কী দেখিয়েছে? ভাঙা পা নিয়ে সে ব্যাট করতে নেমেছিল। দলের সবার কাছ থেকে এমন কিছুই আশা করি আমরা।”
