২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজে টিকে থাকার লড়াই লিটনদের

প্রথম ম্যাচে সহজেই হেরে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সিরিজের উত্তেজনা জিইয়ে রাখার চেষ্টায়।

সিরিজে টিকে থাকার লড়াই লিটনদের
সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। ছবি: পিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 02:21 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

গত বুধবার সিরিজটি যখন শুরু হলো, বিসিবি সভাপতি তখন ফারুক আহমেদ। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে বিসিবির সভাপতি হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল! তাতে পাকিস্তান-বাংলাদেশ সিরিজে সরাসরি কোনো প্রভাব পড়ছে না হয়তো। তবে এটুকু পরিষ্কার, দেশের ক্রিকেটে আপাতত ‘মাঠের ক্রিকেট’ খুব একটা নেই। মাঠের বাইরের খেলা নিয়েই চলছে তোলপাড়।

বিসিবির দায়িত্ব নিয়ে বিতর্ক-আলোচনার ঝড় বইছে এবং চলতে পারে আরও কিছুদিন। কিছুটা হলেও এসব আড়ালে পড়তে পারে, যদি মাঠের ক্রিকেটে দারুণ কিছু করতে পারে বাংলাদেশ দল। সেই চ্যালেঞ্জ এখন লিটন কুমার দাসের দলের সামনে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরে যাওয়া বাংলাদেশ বুধবার মাঠে নামবে সিরিজে টিকে থাকার লড়াইয়ে। লাহোরে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। 

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩৭ রানে। সেদিন রাতেই বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টার বৈঠক হয়। এরপর তোর বোর্ডের শীর্ষ পদে পরিবর্তন চাওয়া, সভাপতির প্রতি বোর্ড পরিচালকদের অনাস্থা, জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন তুলে নেওয়া, ঘটনার ঘনঘটা চলছে একের পর এক। সেই পথ ধরে শুক্রবা বিকেলেই বিসিবির নতুন সভাপতি হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল।

মাঠের ক্রিকেটের বাস্তবতা তাতে বদলাচ্ছে না। বাংলাদেশের অপেক্ষায় আরেকটি কঠিন পরীক্ষা। সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হারার দুঃস্বপ্ন চাপা দেওয়ার সুযোগ পাকিস্তানে। সিরিজ শুরুর আগে কোচ ফিল সিমন্স বলেছিলেন, দলের মনোবল এখনও দারুণ। অধিনায়ক লিটন বলেছিলেন, নতুন চ্যালেঞ্জে নতুন উদ্যমে মাঠে নামবেন তারা। কিন্তু মাঠে দেখা গেছে সেই পুরোনো বাংলাদেশকেই।

শুরুতে যদিও দুই ওভারের মধ্যে দুটি উইকেট নিয়ে সূচনা দারুণ করেছিল বাংলাদেশের বোলাররা। তবে পরের সময়টায় সেই চাপ তারা ধরে রাখতে পারেননি। বরং তারা ভেঙে পড়েছে পাকিস্তানের ব্যাটসম্যানদের পাল্টা আক্রমণের সামনে। স্রেফ এক ব্যাটসম্যানের ফিফটি নিয়েও পাকিস্তান পেরিয়ে যায় দুইশ।

অনিয়মিত স্পিনার শামীম হোসেন ছাড়া বাংলাদেশের আর কোনো বোলার পূরণ করতে পারেননি প্রত্যাশা। সবচেয়ে বড় ভরসা রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে খরুচে। ৪ ওভারে রান দিয়েছিলেন তিনি ৫৫! ম্যাচের পর অবশ্য স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেছেন, রিশাদকে তিনি সত্যিকারের ‘ম্যাচ উইনার’ মনে করেন এবং তরুণ লেগ স্পিনার দ্রুত ঘুরে দাঁড়াবেন বলেও আশা করেছেন। 

প্রথম ম্যাচে শুরুটা ভালো করেও ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ছবি: পিসিবি।

প্রথম ম্যাচে শুরুটা ভালো করেও ধরে রাখতে পারেনি বাংলাদেশ

ব্যাটিং সহায়ক উইকেটে পাকিস্তানের রান অবশ্য ধরাছোঁয়ার বাইরে ছিল না। তবে সেই রান তাড়ার আয়োজন দেখা যায়নি বাংলাদেশের ব্যাটিংয়ে। বরং পুরোনো সব রোগই প্রকাশ্য হয়েছে আবার। ঝড়ো শুরুর পর উইকেট হারিয়েছেন তানজিদ হাসান, ভালো খেলতে খেলতেই উইকেট বিলিয়ে দিয়েছেন অধিনায়ক লিটন। পারভেজ হোসেন পারেননি টিকতে, তাওহিদ হৃদয় টিকে থেকেও পাননি ছন্দ খুঁজে পেতে। জাকের আলি একটু চেষ্টা করেছেন বটে, তবে ততক্ষণে সম্ভাবনার বাকি ছিল না কিছু।

মিডল অর্ডারে দলকে টেনে নেওয়া এবং ভার বয়ে বেড়ানোর মতো একজন ব্যাটসম্যানের ঘাটতি দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ থেকে এই সিরিজের প্রথম ম্যাচেও। সেই ঘাটতি পূরণের মতো বিকল্পও স্কোয়াডে নেই। মেহেদী হাসান মিরাজকে দ্বিতীয় ম্যাচে এই ভূমিকায় দেখা যেতেও পারে। 

বাংলাদেশের ফিল্ডিংও সাম্প্রতিক সময়ে খুব ভালো হচ্ছে না। আগের ম্যাচের পর এখানেও উন্নতির তাগিদ দিয়েছেন অধিনায়ক।  

পাকিস্তান এই সিরিজ নিয়ে নতুন কোচ নিয়ে নতুন যাত্রা শুরু করেছে। মাইক হেসনের কোচিংয়ে ‘আল্টা অ্যাগ্রেসিভ’ ক্রিকেট, ‘মডার্ন ডে ক্রিকেট’ খেলতে চায়, বারবার এটিই বলছেন অধিনায়ক সালমান আলি আগা ও দল সংশ্লিষ্টরা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে সেটির নমুনাও দেখা গেছে। শুরুর চাপ সরিয়ে দিয়েছেন তারা পাল্টা আক্রমণ করে। পরের ব্যাটসম্যানসরাও সবাই ক্রিজে গিয়ে মারকাটারি ক্রিকেট খেলে সফল হয়েছেন। এই ম্যাচেও তারা ছুটতে চাইবেন একই পথ ধরে। 

দুই দলের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের জয় ১৭টি, বাংলাদেশের স্রেফ ৩টি। পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে ৪ ম্যাচ খেলে নেই কোনো জয়।