Published : 13 Dec 2025, 05:01 PM
চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন উসমান খাওয়াজা। মাঠে ফিরতে নিজেকে শতভাগ প্রস্তুত মনে করছেন তিনি। তবে অস্ট্রেলিয়ার একাদশে তার জায়গা এখন কিছুটা নড়বড়ে। বাস্তবতা মেনে নিয়েই বাঁহাতি ব্যাটসম্যান বলেছেন, বাকিটা এখন নির্বাচকদের হাতে।
অস্ট্রেলিয়ার টেস্ট দলের মূল ওপেনার খাওয়াজা। ছন্দে না থাকলেও এবারের অ্যাশেজ শুরু করেন তিনি এই ভূমিকাতেই। কিন্তু প্রথম টেস্টেই বদলে যায় সব। পিঠের সমস্যায় দুই দিনে জেতা ওই ম্যাচের কোনো ইনিংসেই ওপেন করেননি তিনি।
পার্থে প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় শেষের দিকটায় মাঠের বাইরে ছিলেন বলে পরে ব্যাটিং ইনিংসে ওপেন করতে পারেননি খাওয়াজা। সেদিন চার নম্বরে নেমে আউট হন দুই রান নিয়ে।
তার চোট সমস্যায় রান তাড়ায় ট্রাভিস হেডকে নামায় অস্ট্রেলিয়া। ইংলিশ বোলারদের গুঁড়িয়ে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে জয় এনে দেন হেড। পিঠের জড়তার কারণে পরে ব্রিজবেনে গোলাপি বলের টেস্টে একাদশের বাইরে রাখা হয় খাওয়াজাকে। তার জায়গায় নেমে দিবা-রাত্রির ওই ম্যাচে আহামরি ভালো করতে পারেননি হেড, দুই ইনিংসে করতে পারেন কেবল ৩৩ ও ২২ রান।
খাওয়াজার খরা ও সঙ্গে হেডের দারুণ ছন্দ, সব মিলিয়ে এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটে এখন আলোচনা ওপেনিং পজিশন নিয়ে। খাওয়াজা নাকি হেড? সাবেকদের অনেকেই দিচ্ছেন তাদের মতামত।
খাওয়াজার একাদশে ফেরার সম্ভাবনা এখন ঝুলছে। বাস্তবতা উপলব্ধি করতে পারছেন তিনি নিজেও। তবে আশা ছাড়ছেন না আগামী সপ্তাহেই ৩৯ হতে যাওয়া ক্রিকেটার।
অ্যাশেজের তৃতীয় টেস্ট খেলার জন্য নিজেকে সম্পূর্ণ প্রস্তুত বলছেন খাওয়াজা। তবে ফিরতে পারবেন কিনা, নিশ্চিত নন তিনি নিজেও।
“অবশ্যই, খেলার আশা করছি। (খেলতে পারব কিনা) আমি সত্যিই জানি না। আর অবশ্যই এটা আমার সিদ্ধান্তও নয়। খেলতে প্রস্তুত কিনা বললে, আমি সত্যিই ভালো অনুভব করছি। বাকিট আমার নিয়ন্ত্রণে নেই। তাই, কি হয় দেখা যাক।”
অ্যাডিলেইডে আগামী বুধবার শুরু তৃতীয় টেস্ট। প্রথম দুই ম্যাচে শেষে ২-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া।