২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে’, প্রশ্ন হার্শা ভোগলের

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় এই ধারাভাষ্যকার।

‘ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে’, প্রশ্ন হার্শা ভোগলের
কেবল বৈশ্বিক ও এশিয়ান আসরেই দেখা হয় ভারত ও পাকিস্তানের। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 10:48 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গেলেও, ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। দুই চির প্রতিদ্বন্দ্বী দল যদি ফাইনালে মুখোমুখি হয়, তখন আসলে কী হবে, সেই প্রশ্ন তুলেছেন ধারাভাষ্যকার হার্শা ভোগলে। 

পাকিস্তান সরকার রোববার সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমতি দেওয়া হয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।

এই সিদ্ধান্তের কোনো কারণ যদিও উল্লেখ করা হয়নি। তবে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তখনই তিনি বলেছিলেন, টুর্নামেন্টে পাকিস্তান দলের খেলা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।

অনেক জল্পনা-কল্পনার পর শেষ পর্যন্ত গোটা বিশ্বকাপ বয়কট না করলেও, ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিল পাকিস্তান সরকার।

হার্শা ভোগলে এক্স-এ লিখেছেন, এখন আইসিসির প্রতিক্রিয়া কী হবে, তা দেখতে অধীর হয়ে আছেন তিনি। 

“পাকিস্তান যদি বিশ্বকাপে যায়, কিন্তু ভারতের বিপক্ষে না খেলে, তাহলে আইসিসির প্রতিক্রিয়া কী হবে, তা দেখাটা হবে দারুণ ব্যাপার। আইনগত অবস্থান কী হতে পারে অথবা এই পরিস্থিতি কীভাবে সামলানো হবে, তা জানি না আমি। তবে আইসিসি যদি সম্প্রচারকারীদের ক্ষতির অর্থ পাকিস্তানের আইসিসির রাজস্বের অংশ থেকে কেটে নেয়, তাহলে আমি অবাক হব না। ও হ্যাঁ, যদি ভারত-পাকিস্তান ফাইনাল হয় তাহলে?”

রাজনৈতিক বৈরিতায় ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ আছে এক যুগের বেশি সময় ধরে। কেবল বৈশ্বিক ও এশিয়ান আসরেই দেখা যায় প্রতিবেশী এই দুই দেশের লড়াই। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সম্প্রচার স্বত্ব ও স্পন্সরশিপ থেকে আসা বিপুল রাজস্ব হারাবে আইসিসি।