Published : 06 Dec 2025, 09:20 PM
প্রথম দিনের খেলা শেষে ন্যাথান ম্যাকসুয়েনি অপরাজিত ছিলেন ৪০ রানে। দ্বিতীয় দিন প্রায় ৯০ ওভার বোলিং করেও তাকে আউট করতে পারেননি ইংল্যান্ড লায়ন্সের বোলাররা। সেঞ্চুরি পেরিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম দ্বিশতকের স্বাদ পেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। জাতীয় দলে ফেরার দাবিও জোরাল করেছেন তিনি।
একমাত্র আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিন শেষে ২২২ রানে অপরাজিত আছেন ম্যাকসুয়েনি। অস্ট্রেলিয়া ‘এ’ দলের ২৬ বছর বয়সী ব্যাটসম্যানের ৩৬৫ বলের ইনিংসটি গড়া ২৭ চার ও ২ ছক্কায়।
প্রথম শ্রেণির ক্রিকেটে তার আগের সাত সেঞ্চুরির মধ্যে সর্বোচ্চ ছিল অপরাজিত ১২৭, ২০২৪-২৫ শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে।
ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শনিবার ম্যাকসুয়েনি সেঞ্চুরিতে পা রাখেন ১৭৬ বলে। তিন নম্বরে নামা ব্যাটসম্যান ৩২২ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।
প্রথম দিন ইংল্যান্ড লায়ন্সকে ১৬৬ রানে গুটিয়ে দেওয়া অস্ট্রেলিয়া ‘এ’ দল দ্বিতীয় দিন শেষ করে ৭ উইকেটে ৫৪৪ রানে।
ম্যাকসুয়েনি সাধারণত ব্যাটিং করেন তিন অথবা চার নম্বরে। গত বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে নিয়ে একরকম বাজি ধরেছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। কিন্তু সেটা একদমই কাজে লাগেনি। প্রথম শ্রেণির ক্রিকেটে কখনও ওপেন করার অভিজ্ঞতা ছাড়া টেস্ট ক্রিকেটে পা রেখে ওপেন করতে নেমে পুরোপুরি ব্যর্থ হন ম্যাকসুয়েনি।
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম তিন টেস্টের ছয় ইনিংসে ১৪.৪০ গড় ও ৩৩.৯৬ স্ট্রাইক রেটে তিনি করতে পারেন কেবল ৭২ রান। এমন পারফরম্যান্সের পর তাকে বাদ দিয়ে সিরিজের শেষ দুই টেস্টে খেলানো হয় স্যাম কনস্টাসকে।
তারপর থেকে অস্ট্রেলিয়ার হয়ে আর খেলার সুযোগ পাননি ম্যাকসুয়েনি। অস্ট্রেলিয়ায় চলতি অ্যাশেজের জন্য কনস্টাসের জায়গায় দলে ডাকা হয় জেইক ওয়েদারল্ডকে।
পার্থে প্রথম টেস্টে চতুর্থ ইনিংসে ওপেনিংয়ে নেমে ঝড়ো সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জেতানো ট্রাভিস হেড ব্রিজবেনে একই পজিশনে নেমে প্রথম ইনিংসে আউট হন ৩৩ রানে। এখানে ৭৮ বলে ৭২ রানের দারুণ ইনিংস খেলা ওয়েদারল্ডের সঙ্গে পরের টেস্টে একজন বিশেষজ্ঞ ওপেনার রাখতে নির্বাচকদের পরামর্শ দিয়েছেন সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। এমন সময়েই এলো ম্যাকসুয়েনির এই ডাবল সেঞ্চুরি।
পিঠের চোটে চলমান ব্রিজবেন টেস্টে খেলতে না পারা অভিজ্ঞ ওপেনার উসমান খাওয়াজা ১৭ ডিসেম্বর শুরু অ্যাডিলেইড টেস্টে ফিরতে আশাবাদী। তবে ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যানকে আবার দলে আনা হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
খাওয়াজা ছাড়াও টেস্ট দলে ফেরার লড়াইয়ে আছেন ম্যাট রেনশ। ২০২৩ সালের পর আর টেস্ট খেলার সুযোগ না পাওয়া এই ওপেনার এবারের শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে তিনটি সেঞ্চুরি করেছেন। তবে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে প্রথম ইনিংসে শুক্রবার তিনি আউট হন স্রেফ ৮ রানে।