২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারুনের আবেগময় উপলব্ধি, ‘যেন পুনর্জন্ম হলো’

তিন বছর পর ভারতীয় দলে ফিরে বাংলাদেশের বিপক্ষে তিন উইকেট নিয়ে নতুন শুরুর স্বাদ পাচ্ছেন এই স্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 11:24 AM

Updated : 10 Sep 2026, 12:19 PM

বিশ্বকাপে তিন ম্যাচ খেলে উইকেট নেই। এরপর তিন বছর ধরে দলের বাইরে! ভারুন চক্রবর্তির অপেক্ষা যেন শেষই হচ্ছিল না। অবশেষে প্রায় তিন বছর পর দলে ফিরে তিনি প্রথম ম্যাচেই শিকার করলেন তিন উইকেট। দীর্ঘ খরার পর স্বস্তির বৃষ্টির পরশও পেলেন যেন। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচকে ভারতের এই স্পিনারের মনে হচ্ছে ক্যারিয়ারের নতুন শুরুর মতো।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোববার বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়ের নায়কদের একজন ভারুন। ৩১ রানে তিন উইকেট নেন ৩৩ বছর বয়সী এই স্পিনার।

এই দিনটির জন্য তার অপেক্ষা ছিল প্রায় তিন বছরের। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স ও বৈচিত্রময় বোলিং দিয়ে ২০২১ সালে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে তার অভিষেক হয়। প্রথম দুই ম্যাচে একটি করে উইকেট নেন। শেষ ম্যাচে উইকেট না পেলেও তিন ম্যাচে দারুণ হিসেবি বোলিং উপহার দেন। ওই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও তিনি জায়গা করে নেন।

কিন্তু বিশ্বকাপে পাকিস্তান, নিউ জিল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে উইকেটশূন্য থাকার পর জায়গা হারান দলে। পরের বছর আইপিএলও একদম ভালো কাটেনি তার। ওভারপ্রতি সাড়ে আটের বেশি রান দিয়ে ১১ ম্যাচে উইকেট নিতে পারেন মোটে ছয়টি। জাতীয় দলের সঙ্গে দূরত্ব বাড়ে আরও।

পরের বছরের আইপিএল থেকে ঘুরে দাঁড়ানোর পালা শুরু। সেবার ১৪ ম্যাচে শিকার করেন ২০ উইকেট। তবু জাতীয় দলের ডাক আর আসে না। এরপর এই বছরের আইপিএলে আরও ক্ষুরধার বোলিংয়ে ২১ উইকেট নিয়ে বড় অবদান রাখেন কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে। ওজন কমিয়ে আরও ঝরঝরে হয়ে নজর কাড়েন। ভালো বোলিং করে দলের শিরোপা জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও। 

এরপর অবশেষে শেষ হলো তার প্রতীক্ষা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরতে পারলেন দলে। প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন, এবার তাকে বাইরে ঠেলে দেওয়া কঠিনই হবে।

এমনিতে মাঠের ভেতরে-বাইরে খুব একটা প্রতিক্রিয়া জানাতে বা শরীরী ভাষায় ফুটিয়ে তুলতে দেখা যায় না তাকে। তবে এই ম্যাচের পর কথায় মিশে থাকল স্বস্তি আর উচ্ছ্বাস।

“দীর্ঘ তিনটি বছরের পর (দিনটি এলো)… আমার জন্য অবশ্যই আবেগময় ছিল। জাতীয় দলে ফিরতে পেরে দারুণ লাগছে। মনে হচ্ছে যেন, পুনর্জন্ম হলো আমার।”

“চ্যালেঞ্জ অনেক ছিল। ভারতীয় দল থেকে একবার ছিটকে পড়লে, লোকে খুব সহজেই বিবেচনার বাইরে ছুড়ে ফেলে দেয়। তবু সর্বোচ্চ পর্যায়ে থাকার চেষ্টা করতে হয়, দুয়ারে কড়া নেড়েই যেতে হয়। আমি কৃতজ্ঞ যে এবার ফিরতে পেরেছি এবং আশা করি, এভাবেই ভালো করে যাব।”

ফেরার পর শুরুটা যদিও খুব ভালো ছিল না তার। তার প্রথম ওভারেই তাওহিদ হৃদয়ের ক্যাচ ছাড়েন অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডি। উল্টো চার হয়ে যায় সেটি। পরে আরও একটি ছক্কা ও চারে প্রথম ওভারে ১৫ রান দেন তিনি।

তবে গুছিয়ে নেন দ্রুতই। সেই হৃদয়কে ফিরিয়েই দেখা পান প্রথম উইকেটের। তার ‘ট্রেডমার্ক’ ডেলিভারি সেটি। শর্ট অব লেংথ বল, ব্যাটসম্যান চেষ্টা করেন সজোরে হাঁকাতে। কিন্তু এই ডেলিভারিটি পিচ করে স্কিড করে অনেকটা। ব্যাটসম্যানের ধারণার চেয়ে দ্রুততায় ব্যাটের কাছে চলে আসে বল। আরও অনেক ব্যাটসম্যানের মতো বুঝতে ভুল করে টাইমিংয়ে গড়বড় করেন হৃদয়। 

পরে অনেকটা এভাবেই আউট হন রিশাদ হোসেন। এই দুই উইকেটের মধ্যে দুর্দান্ত এক গুগলিতে জাকের আলিকে বোল্ড করেন তিনি। জাকের স্রেফ কিছুই বুঝতে পারেননি ওই ডেলিভারির। 

ভারুন জানালেন, আইপিএলে সাফল্যের পর তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) রাভিচান্দ্রান অশ্বিনের সঙ্গে কাজ করে দারুণ উপকৃত হয়েছেন তিনি।

“আইপিএলের পর কয়েকটি টুর্নামেন্ট খেলেছি। এর মধ্যে একটি হলো টিএনপিএল। এটা খুবই ভালো টুর্নামেন্ট, উঁচু মানের ক্রিকেট হয় এখানে। এখানেই অ্যাশ ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি। আমরা সেখানে চ্যাম্পিয়ন হই এবং সেটি আমাকে এখানেও আত্মবিশ্বাস জোগায়, কারণ এই সিরিজের জন্য আমার প্রস্তুতি দারুণ ছিল।”

“আমি স্রেফ এই প্রক্রিয়া ধরে রাখতে চাই। আইপিএলেও এটা অনুসরণ করেই চলেছি। তাই অনেক বেশি সামনে তাকাতে ও এগিয়ে যেতে চাই না। বর্তমানে থাকতে চাই। এজন্যই খুব বেশি ভাবতে বা প্রকাশ করতে চাই না।”