১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডে পুলিশের তদন্তের মুখোমুখি পাকিস্তানি ব্যাটসম্যান

গত বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলা ব্যাটসম্যানকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে পিসিবি।

ইংল্যান্ডে পুলিশের তদন্তের মুখোমুখি পাকিস্তানি ব্যাটসম্যান
গত বিপিএলে চিটাগং কিংসের হয়ে ১২টি ম্যাচ খেলেন হায়দার আলি। ছবি: চিটাগং কিংস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 03:30 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের অপরাধ তদন্তের আওতায় রাখা হয়েছে পাকিস্তানের ব্যাটসম্যান হায়দার আলিকে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যানকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তার বিরুদ্ধে অভিযোগের ধরন নিয়ে কোনো কিছু এখনও জানানো হয়নি। তবে পাকিস্তান শাহিন্সের (‘এ’ দল) সাম্প্রতিক ইংল্যান্ড সফরের কোনো ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে। সফরটি শেষ হয়েছে গত সোমবার। 

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, যুক্তরাজ্য পুলিশের হেফাজতে রাখা হয়নি হায়দারকে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

পিসিবি বিবৃতিতে জানায়, তারা ঘটনাটি সম্পর্কে অবহিত আছে এবং তদন্ত চলার সময়ে হায়দারকে পূর্ণ আইনি সহায়তা দেওয়া হবে। 

“যুক্তরাজ্যের আইনি পদ্ধতি ও প্রক্রিয়ার ওপর পুরোপুরি আস্থা রাখে পিসিবি এবং তদন্তকে আপন পথে চলতে দেওয়ার গুরুত্ব অনুধাবন করে বোর্ড। সেই অনুযায়ী, হায়দার আলিকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি, যা কার্যকর এই মুহূর্ত থেকে চলমান তদন্তের ফল না পাওয়া পর্যন্ত। আইনি প্রক্রিয়া যখন শেষ হবে এবং সব সত্য প্রতিষ্ঠিত হবে যথাযথভাবে, তখন প্রয়োজনে আচরণবিধি অনুযায়ী উপযুকত ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে পিসিবি।” 

পাকিস্তানের হয়ে দুটি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন হায়দার। পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ২০১৯ সালে বাংলাদেশে খেলে গেছেন ইমার্জিং টিমস এশিয়া কাপে। এছাড়াও ২০২২-২৩ বিপিএলে একটি ম্যাচ খেলেন তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে, গত বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলেন তিনি ১২টি ম্যাচে।