২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিতে ৪১ ক্রিকেটার, বাড়ল ম্যাচ ফি

এবারের চুক্তিতে নতুন করে ঢুকেছেন ১৮ জন ক্রিকেটার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2024, 01:42 AM

Updated : 26 Aug 2026, 09:34 AM

কেন্দ্রীয় চুক্তিতে উল্লেখযোগ্য সংখ্যায় খেলোয়াড় বাড়িয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), জায়গা পেয়েছেন মোট ৪১ জন ক্রিকেটার। আগের চুক্তিতে ছিলেন ২৯ জন।

কেন্দ্রীয় চুক্তির তালিকা শুক্রবার প্রকাশ করে এসএলসি। আগের মতোই ছয় ক্যাটাগরিতে রাখা হয়েছে ক্রিকেটারদের। তবে কে কোন ক্যাটাগরিতে আছেন, তা প্রকাশ হয়নি।

এই বিষয়ে এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, “এই তথ্য জনসম্মুখে প্রকাশ করে খেলোয়াড়দের মনোবলকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে চাই না আমরা।”

জাতীয় দলে খুব বেশি না খেললেও প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন শেভন ড্যানিয়েল, দুশান হেমান্থা, নুয়ানিদু ফার্নান্দো ও সেহান আরাচিগে। সব মিলিয়ে নতুন করে চুক্তিতে ঢুকেছেন ১৮ জন ক্রিকেটার। আগের চুক্তি থেকে বাদ পড়েছেন ছয় জন। যার মধ্যে উল্লেখযোগ্য নাম ভানুকা রাজাপাকসা ও দানুশকা গুনাথিলাকা।

তিন সংস্করণে ম্যাচ ফিও বাড়িয়েছে এসএলসি। টেস্টে বাড়ানো হয়েছে শতভাগ, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ২৫ শতাংশ।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তির তালিকা: দিমুথ কারুনারাত্নে, দিনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসাল মেন্ডিস, ধানাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, প্রাবাথ জায়াসুরিয়া, দুশমান্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা, আসিথা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রামা, রামেশ মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চামিকা কারুনারাত্নে, দুনিথ ওয়েলালাগে, লাহিরু কুমারা, নিশান মাদুশকা, মাথিশা পাথিরানা, কুসাল পেরেরা, ভিশ্ব ফার্নান্দো, জেফ্রি ভ্যান্ডারসে, প্রামোদ মাদুশান, জানিথ লিয়ানাগে, আকিলা দানাঞ্জয়া, প্রাভিন জায়াবিক্রমা, নুয়ান থুশারা, সেহান আরাচিগে, নুয়ানিদু ফার্নান্দো, দুশান হেমান্থা, লাসিথ এম্বুলদেনিয়া, বিনুরা ফার্নান্দো, শেভন ড্যানিয়েল, নিরোশান ডিকওয়েলা, আশেন বান্দারা, ওশাদা ফার্নান্দো, আভিশকা ফার্নান্দো।