কম রানের রোমাঞ্চকর লড়াইয়ে জিতে সিরিজ আফগানিস্তানের
১২৭ রানের পুঁজি নিয়ে দারুণ লড়াই করলেও সিরিজ নির্ধারণী ম্যাচে পারল না জিম্বাবুয়ে।
পুঁজি মোটে ১২৭ রানের। দারুণ বোলিংয়ে এই রান নিয়েই প্রবল লড়াই করল জিম্বাবুয়ে। কিন্তু শেষটায় ব্যবধান গড়ে দিলেন মোহাম্মদ নাবি। অভিজ্ঞ এই অলরাউন্ডারের ব্যাটে কম রানের রোমাঞ্চকর লড়াইয়ে জিতে সিরিজ ঘরে তুলল আফগানিস্তান।
হারারেতে শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩ উইকেটে জিতেছে রাশিদ খানের দল। ১২৮ রানের লক্ষ্য তিন বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে তারা। হার দিয়ে শুরুর পর আফগানিস্তান সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।
রান তাড়ায় আফগানিস্তানের শুরুটা একদমই ভালো হয়নি। তিন ওভারের মধ্যে ৭ রানে তারা হারা ২ উইকেট। পরে দ্রুত ফেরেন দারবিশ রাসুলি, ১৫ বলে ১৫ রান করে বিদায় নেন রহমানউল্লাহ গুরবাজ।
৪৪ রানে ৪ উইকেট হারানো দলকে টানেন আজমাতউল্লাহ ওমারজাই ও গুলবাদিন নাইব। মনে হচ্ছিল সহজ জয়ই পেতে যাচ্ছে আফগানিস্তান। ৪৮ রানের জুটি ভেঙে ও দুই থিতু ব্যাটসম্যানকে বিদায় করে ম্যাচ জমিয়ে দেন সিকান্দার রাজা।
এই সংস্করণে দেশের হয়ে সর্বোচ্চ ৭৯ উইকেট এখন জিম্বাবুয়ে অধিনায়কের। তিনি ছাড়িয়ে গেছেন রিচার্ড এনগারাভাকে (৭৮)।
তবে শেষটায় আর পারেনি স্বাগতিকরা। সাতে নেমে তিন চারে ১৮ বলে ২৪ রানের মাহামূল্য ইনিংসে আফগানিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান নাবি।
অল্প পুঁজি নিয়ে ১৬টি ওয়াইডসহ জিম্বাবুয়ে অতিরিক্ত থেকে দেয় মোট ১৭ রান। ফারাজ আকরাম এক ওভারেই দেন ৫টি ওয়াইড!
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টাডিওয়ানাশে মারুমানিকে হারায় জিম্বাবুয়ে। তবে ব্রায়ান বেনেট (২৪ বলে ৩১) ও ওয়েসলি মাধেভেরের (২২ বলে ২১) ব্যাটে ভালো শুরুই পায় স্বাগতিকরা।
একাদশ ওভারে এক পর্যায়ে তাদের রান ছিল ৩ উইকেটে ৭৮। সেখান থেকে দেড়শর আশেপাশে যাওয়া অসম্ভব কিছু ছিল না। কিন্তু শেষ দিকে ২৭ রানে ৪ উইকেট তুলে নিয়ে তাদের এর অনেক আগেই থামিয়ে দেন রাশিদ।
জিম্বাবুয়ের শেষ সাত ব্যাটসম্যানের মাত্র দুই জন টাশিঙ্গা মুসেকিওয়া ও ওয়েলিংটন মাসাকাদজা যেতে পারেন দুই অঙ্কে। তারাও যেতে পারেননি বিশ পর্যন্ত।
২ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট আর ৩৭ বলে তিন চারে ৩৪ রানের দায়িত্বশীল ইনিংসে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন ওমারজাই।
তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ-সেরার পুরস্কার জেতেন আফগান পেসার নাভিন-উল-হাক।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১৯.৫ ওভারে ১২৭ (মারুমানি ৬, বেনেট ৩১, মায়ার্স ১৩, মাধেভেরে ২১, রাজা ৬, ফারাজ ৬, মুসেকিওয়া ১২, মাসাকাদজা ১৭, এনগারাভা ১, মুজারাবানি ০, গওয়ান্ডু ৭*; নাভিন ৩.৫-০-২৭-২, ফারুকি ৩-০-২৬-০, মুজিব ৪-০-২০-২, ওমারজাই ২-০-১০-২, রাশিদ ৪-০-২৭-৪, নাবি ৩-০-১৩-০)
আফগানিস্তান: ১৯.৩ ওভারে ১২৮/৭ (গুরবাজ ১৫, আটাল ৩, আকবারি ২, রাসুলি ৯, ওমারজাই,৩৪ নাইব ২২, নাবি ২৪*, রাশিদ ২, মুজিব ০*; এনগারাভা ৪-০-২৭-১, মুজারাবানি ৪-১-১৯-২, গওয়ান্ডু ৪-০-৩০-২, ফারাজ ১.৩-০-১৭-০, মাসাকাদজা ২-০-১৫-০, রাজা ৪-০-১৯-২)
ফল: আফগানিস্তান ৩ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে আফগানিস্তান ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আজমাতউল্লাহ ওমারজাই
ম্যান অব দা সিরিজ: নাভিন-উল-হাক
