টেস্ট ক্রিকেটকে বিদায় বলেই দিলেন কোহলি
রোহিত শার্মার পর ভিরাট কোহলিও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান ভিরাট কোহলি- এমন একটি খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল দিন দুয়েক আগে। ‘নিতে চান’ ব্যাপারটি এখন হয়ে গেছে ‘নিয়ে ফেলেছেন।’ সাচিন টেন্ডুলকার পরবর্তী যুগের ভারতের সবচেয়ে বড় তারকা, খেলোয়াড়ি জীবনেই যিনি হয়ে উঠেছেন কিংবদন্তি, সেই কোহলিকে আর দেখা যাবে না ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে।
সামাজিক মাধ্যমে সোমবার কোহলি জানিয়ে দেন টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত। ভারতীয় বোর্ডকে তিনি কয়েকদিন আগে জানিয়েছিলেন বলেই খবর শোনা গিয়েছিল। আগামী মাসের ইংল্যান্ড সফরে তাকিয়ে বোর্ড তাকে ফেরানোর চেষ্টা করছে বলেও জানা গিয়েছিল। এমনকি টেনডুলকারকে দিয়ে অনুরোধ করা হবে, এমন খবরও উঠে এসেছিল। সেসব আদৌ কতটা হয়েছে, তা নিশ্চিত নয়। তবে কোহলির বিদায় এখন নিশ্চিত।
অধিনায়ক রোহিত শার্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পাঁচ দিন পর কোহলির এই সিদ্ধান্ত এলো। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই অবসর নিয়ে ফেলেছিলেন ভারতীয় ক্রিকেটের গত এক যুগের আরেক মহীরূহ রাভিচান্দ্রান অশ্বিন।
তুমুল জনপ্রিয় ও দারুণ সফল এই ৩৬ বছর বয়সী তারকাকে এখন শুধু আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে ওয়ানডে ক্রিকেটে, যে সংস্করণে তার রেকর্ড সবচেয়ে সমৃদ্ধ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওই সংস্করণেও রোহিতের সঙ্গে ভারতীয় দল থেকে বিদায় নেন তিনি। ২০ ওভারের ক্রিকেটে আইপিএলে অবশ্য তিনি খেলছেন দারুণ সাফল্যের সঙ্গে এবং খেলে যাবেন।
কোহলির বিদায়টিই নিশ্চিতভাবে সবচেয়ে বেশি নাড়া দেওয়ার মতো। সাম্প্রতিক পারফরম্যান্স খুব ভালো না হলেও বিদায়ের তেমন কোনো আভাস ছিল না। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, গত মাসখানেক ধরেই বোর্ডের সঙ্গে অবসর নিয়ে আলোচনা চলছিল তার। ইংল্যান্ডে মহাগুরুত্বপূর্ণ সফরে তাকে পেতে মরিয়া ছিল টিম ম্যানেজমেন্টও। কিন্তু তার কাছে যদিও এটিকেই মনে হচ্ছে উপযুক্ত সময়।
তার বিদায়ী বার্তায় মিশে থাকল তৃপ্তি, ভালো লাগা আর কৃতজ্ঞতার বার্তা।
“টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু (ক্যাপ) মাথায় চাপানোর পর পেরিয়ে গেছে ১৪ বছর। সত্যি বলতে, কখনও কল্পনাও করতে পারিনি, এই সংস্করণ এমন পথচলায় আমাকে এগিয়ে নেবে। এটা আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়ে দিয়েছে এবং শিক্ষা দিয়েছে, যা আমি বয়ে নেব আজীবন। সাদা পোশাকে খেলার ব্যাপারটি ছিল আমার হৃদয়ের একান্তই কাছাকাছি। নিঃশব্দে নিজেকে ভেঙে গড়া, দীর্ঘ দিনগুলো এবং ছোট ছোট মুহূর্ত, যা কখনও কেউ দেখে না, কিন্তু নিজের সঙ্গে রয়ে যায় চিরদিন।”
“এই সংস্করণ থেকে আমার এই সরে যাওয়া, এটা সহজ নয়, তবে মনে হচ্ছে সঠিক। এখানে আমার সবটুকু উজাড় করে দিয়েছি আমি এবং এটা আমাকে ফিরিয়ে দিয়েছে আমার প্রত্যাশার চেয়েও বেশি কিছু। কৃতজ্ঞতায় ভরা হৃদয় দিয়ে সরে যাচ্ছি আমি- খেলাটির প্রতি, মাঠে যাদের সঙ্গে নেমেছি তাদের প্রতি এবং প্রতিটি মানুষের জন্য, এই পথচলায় যারা আমাকে স্বীকৃতির অনুভূতি দিয়েছে।”
২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে তার টেস্ট অভিষেক। ততদিনে তিনি সীমিত ওভারের ক্রিকেটে তারকা হয়ে উঠেছেন। পাঁচটি ওয়ানডে সেঞ্চুরি করেছেন, ভারতের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়ে গেছেন। টেস্ট ক্রিকেটে তার শুরুটা অবশ্য ছিল কঠিন। প্রথম সিরিজের তিন টেস্টে ৩০ রানও ছাড়াতে পারেননি এক ইনিংসেও। প্রথম ফিফটির দেখা পান চতুর্থ টেস্টে। প্রথম সেঞ্চুরি ধরা দেয় অষ্টম টেস্টে, অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইডে।
ক্রমে এই সংস্করণেও ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ হয়ে ওঠেন তিনি। প্রথম টেস্ট সেঞ্চুরির মতো টেস্ট ক্রিকেটে বড় কোনো সিরিজে তার প্রথম বড় সাফল্যও অস্ট্রেলিয়ায়। প্রথম সেঞ্চুরির স্মৃতি বিজড়িত অ্যাডিলেইডেই ২০১৪-১৫ মৌসুমে ফিরে দুই ইনিংসেই অসাধারণ সেঞ্চুরি করেন তিনি। পরে শতরানের দেখা পান মেলবোর্ন ও সিডনিতেও। ৮৬.৫০ গড়ে ওই সিরিজে রান করেন তিনি ৬৯২!
মাহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে ওই সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক ছিলেন কোহলি। সিরিজের মাঝপথে ধোনি আচমকা অবসর নেওয়ার পর নিয়মিত অধিনায়ক হয়ে যান কোহলিই। তার নিজের ও ভারতীয় ক্রিকেটের গৌরবময় এক অধ্যায়ের সূচনাও হয় তখন থেকে।
দেশের মাঠে বরাবরই অপ্রতিরোধ্য ভারত দেশের বাইরেও দুর্দান্ত এক দল হয়ে ওঠে কোহলির আগ্রাসী নেতৃত্বে। তার অধিনায়কত্বে ৬৮ টেস্টের ৪০টিই জিতেছে ভারত, হেরেছে কেবল ১৭টিতে। সৌরভ গাঙ্গুলি (৪৯ টেস্টে ২১ জয়) ও ধোনিকে (৬০ টেস্টে ২৭ জয়) ছাপিয়ে ভারতের ইতিহাসের সফলতম টেস্ট অধিনায়ক তিনিই।
টেস্ট ইতিহাসেই কোহলির চেয়ে সফল অধিনায়ক আছেন আর মোটে তিনজন - দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (১০৯ টেস্টে ৫৩ জয়), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৭৭ টেস্টে ৪৮ জয়) ও স্টিভ ওয়াহ (৫৭ টেস্টে ৪১ জয়)।
ব্যাট হাতেও কোহলি সেই সময়টায় নিজেকে তুলে নেন নতুন উচ্চতায়। ২০১৮ সালের ইংল্যান্ড সফরটিও তার ক্যারিয়ারের বড় এক মাইলফলক। ২০১৪ সালের ইংল্যান্ড সফরে সুইং বোলিংয়ের সামনে বারবার নাস্তানাবুদ হয়ে ১০ ইনিংসে রান করেছিলেন ১৪ গড়ে ১৪০। কিন্তু চার বছর পর ইংল্যান্ডে গিয়ে সব চ্যালেঞ্জের জবাব দিয়ে তিনি রান করেন ৫৩৮, দুই দল মিলিয়েই যা ছিল সর্বোচ্চ।
তার টেস্ট ক্যারিয়ারের সেরা ধারাবাহিকতা আসে ২০১৫ সালের পর থেকে। ২০১৬ সালে তার ব্যাটিং গড় ছিল ৭৫.৯৩, ২০১৭ সালে ৭৫.৬৪, ২০১৮ সালে ৫৫.০৮ ও ২০১৯ সালে ৬৮। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত সোনালি সময়ে ৩৫ টেস্টের মধ্যে ১৪ সেঞ্চুরি ও ৮টি ফিফটি করেন তিনি।
ভারতের হয়ে রেকর্ড সাতটি ডাবল সেঞ্চুরি তার। অধিনায়ক হিসেবে তার ২০ সেঞ্চুরি ও ৫ হাজার ৮৬৪ রানের ধারেকাছে নেই ভারতের টেস্ট ইতিহাসের আর কেউ।
তার টেস্ট ক্যারিয়ারে ভাটার টান আসে কোভিড বিরতির পর থেকে। ২০২০ সালে তিন টেস্ট খেলে তার গড় ছিল ১৯। পরের দুই বছরও গড় ছিল তিরিশের নিচে। লম্বা সেঞ্চুরি খরাও চলছিল তখন। সেই খরা কাটিয়ে ২০২৩ সালে দুটি সেঞ্চুরিতে ফর্মে ফেরার ইঙ্গিত দেন, ওই বছর গড় ছিল ৫৫.৯১। কিন্তু গত বছর আবার তা নেমে আসে পঁচিশের নিচে। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও পরের ম্যাচগুলোয় কথা বলেনি তার ব্যাট। এর আগে দেশের মাঠে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তিনি ছিলেন ব্যর্থ।
২০১৯ সালে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংসটি খেলার সময় তার টেস্ট ব্যাটিং গড় ছিল ৫৫.১০। পরে ক্রমেই তা নেমে আসে। শেষ পর্যন্ত ক্যারিয়ার শেষ করলেন তিনি ৪৬.৮৫ গড় নিয়ে।
সব মিলিয়ে ১২৩ টেস্ট খেলে ৩০ সেঞ্চুরি আর ৩১ ফিফটি তার রান ৯ হাজার ২৩০।
৮৪ টেস্ট খেলে তার সেঞ্চুরি ছিল ২৭টি। শেষ ৩৯ টেস্টে সেঞ্চুরি মোটে তিনটি। এই সময়ে তার ব্যাটিং গড় ৩০.৭২।
তাই হয়তো শেষের ডাক শুনতে পাচ্ছিলেন তিনি। তার মতো একজন ব্যাটসম্যানের ১০ হাজার টেস্ট রান হলো না, ৩০টির বেশি সেঞ্চুরি হলো না, ব্যাটিং গড় পঞ্চাশের নিচে, এটা তার ভক্ত-সমর্থক ও বিশ্বজুড়ে অনেক ক্রিকেট অনুসারীর জন্যই আক্ষেপ হয়ে থাকবে। তবে তার অনুভূতি যে ভিন্ন, সেটি বলে দিয়েছেন বিদায়ী বার্তার শেষ লাইনটিতে, “আমার টেস্ট ক্যারিয়ারে আমি সবসময়ই পেছন ফিরে তাকাব হাসিমুখে...।”
